‘বিউটিফুল বাংলাদেশে’ ভিকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুর দিকে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনীর আয়োজনে যখন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তিন মিনিটের একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়, তখন আবেগে আপ্লুত হয়েছেন অনেকেই। সেই সঙ্গে বিশ্বদরবারে এবং সেই আয়োজনে অংশ নেওয়া অনেক বিদেশিও প্রশংসা করেছেন ভিডিওটির। এই পুরো ভিডিওচিত্রে বাংলাদেশকে একটি স্কুল হিসেবে দেখানো হয়েছে, যার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়িয়েছেন একজন বিদেশি। ভিডিওচিত্রটির চিত্রায়ণে কাজ করেছেন ব্রিটিশ তরুণী ভিক্টোরিয়া কারটার ভিকি ও মার্কিন তরুণী মিশেল মাউন্ট। এই ভিডিওচিত্রে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ভিক্টোরিয়া কারটার। ভিক্টোরিয়া বাংলাদেশে বসবাস করছেন ২০০৯ সালের আগস্ট থেকে। বিজ্ঞাপনী সংস্থায় কর্মরত তাঁর এক বন্ধুর মাধ্যমেই এই ভিডিওচিত্রে তাঁর কাজ করা। দুই বছর ধরে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করছেন ভিক্টোরিয়া। প্রকল্প ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর শেষে এশিয়ার কয়েকটি দেশেও কাজ করেছেন। নয় বছর ধরে ভিকি এশিয়ায়ই বসবাস করছেন। বৃত্তি পেয়ে পড়েছিলেন সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ভ্র কলেজে। ভিক্টোরিয়া কারটার জানালেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে এটাই তাঁর প্রথম কাজ। এর আগে অসংখ্যবার আইস স্কেটিং ও ব্যালে নাচে স্টেজ পারফরম্যান্স করলেও কখনো ক্যামেরার সামনে কাজ করা হয়নি। শুধু কাজই নয়, বরং একই সঙ্গে বাংলাদেশটাও তাঁর দেখা হয়ে গেল। তবে এবারের বাংলাদেশ দেখাটা ছিল একদমই অন্য রকম। কাজের কারণে অনেক জায়গায় বেড়িয়েছেন, যেখানে হয়তো সাধারণ কোনো পর্যটক কখনোই যাবেন না। কিন্তু ভিকি মনে করেন, সেসব জায়গায়ও আমাদের পর্যটকদের যাওয়ার ব্যবস্থা করা উচিত। কখনো তিন-চার দিন, কখনো প্রায় সপ্তাহ খানেকের জন্য দলবলসহ ঘুরে বেড়াতে হয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এমনও হয়েছে, টানা ভ্রমণ শেষে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। হয়তো ভীষণ ক্লান্ত কিন্তু সেটা তো আর দেখানো যাবে না। তাই সব ক্লান্তি ঝেড়ে ফেলে আবার ক্যামেরার সামনে দাঁড়ানো। সব জায়গায়ই ৫০-৬০ জনের দল। এই বিশাল দলে কাজের ক্ষেত্রে যে বোঝাপড়া, তা ছিল সত্যিই বিস্ময়কর। কাজের পাশাপাশি যে বিষয়টি ভিকির ভালো লেগেছে তা হলো, অনেক মানুষের সঙ্গে দেখা হওয়া, তাদের সঙ্গে গল্প করা। সুন্দরবন অংশে কাজ করার সময় বাওয়ালিদের গল্প শুনে খুবই ভালো লেগেছে। বিশেষ করে তারা জঙ্গলের নানা প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে যেভাবে মধু সংগ্রহ করে, এভাবে জীবনধারণ সম্ভব, এটা ভিকির কাছে অকল্পনীয়। বাংলাদেশকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়ে পুরো কাজটি করা হয়। কক্সবাজারে কাজ করার সময় লাফ দিয়ে নামতে গিয়ে মিশেলের বালুচরে পা গেঁথে যাওয়ার কথা মনে পড়লে এখনো হাসি পায়। আবার সারাক্ষণই কাজে ব্যস্ত থাকার কারণে বান্দরবানে নাশতার টেবিলে বসে ভিকি চুল ঠিকঠাক করে নিচ্ছেন—এই স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে। বান্দরবানের ঐতিহ্যবাহী পাহাড়ি পোশাক খুবই ভালো লেগেছে তাঁর। বিভিন্ন ধরনের প্রপস ব্যবহার করলেও সবচেয়ে বেশি ভালো লেগেছে গামছা। কখনো টিস্যুর বিকল্প, আবার কখনো স্কার্ফ, আবার রোদে পোড়া ঠেকাতেও বেশ কাজে দিয়েছে গামছা। আর এ কারণেই শুটিংয়ে ব্যবহূত গামছাটি এখনো সঙ্গেই রেখে দিয়েছেন ভিকি। প্রায় পুরো বাংলাদেশই ঘুরে বেরিয়েছে বিউটিফুল বাংলাদেশ-এর এই দল। সেই সুবাদে কমবেশি বাংলাদেশি খাওয়া দাওয়াও হয়েছে। আর এসব খাবারের মধ্যে কয়েকটি খাবার ভিকির খুব পছন্দ হয়েছে। সকালের নাশতায় পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ডিমভাজি, ঘন ডাল আর তেল ছাড়া পরোটা। কুষ্টিয়ার দই-মিষ্টি, যশোরের খেজুরের রস আর কক্সবাজারের ডাবের পানি। আহ! এখনো নাকি জিবে স্বাদ লেগে আছে। খাওয়াদাওয়ার কথা বলতে বলতেই ভিকির মনে পড়ে গেল, খেজুরের রস গাছ থেকে পেড়ে খাইয়েছেন যিনি, তাঁর বয়স ৭৬ বছর। এই বয়সে কীভাবে একজন মানুষ প্রতিদিন জীবিকার তাগিদে গাছে ওঠানামা করতে পারেন, তা কিছুতেই ভিকির মাথায় ঢোকে না। সিলেট অঞ্চলের লাউয়াছড়া জঙ্গল বা চা-বাগানে ভিকি আগেও গেছেন। ২০০৯ সাল থেকে বাংলাদেশে বসবাস করছেন তিনি। তাই বান্দরবান, কক্সবাজার, শ্রীমঙ্গলে আগে গেলেও কখনো যাওয়া হয়নি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে। এবার পাহাড়পুর বেড়াতে গিয়ে এত বড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে সত্যিই অবাক হয়েছেন। আর খুব ভালো লেগেছে দক্ষিণ বঙ্গ। ভিকি বলেন, ‘দক্ষিণ বঙ্গে এসে মনে হয়েছে এ বুঝি সেই বাংলা, যা বইয়ে পড়েছেন বা ছবিতে দেখেছেন। অসংখ্য নদ-নদী যেন অন্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন রেখেছে এই জায়গা। আর ঝড়ের সঙ্গেও যেন চলছে অবিরাম যুদ্ধ।’ আবার পুরো বাংলাদেশ ঘুরে দেখেছেন, গ্রামাঞ্চলের অসংখ্য পরিবারের কোনো কোনো সদস্য হয়তো কাজের কারণে মধ্যপ্রাচ্যে গেছেন, যাঁরা সমাজ-সংসার থেকে বহু বছর ধরেই বিচ্ছিন্ন। বিউটিফুল বাংলাদেশ-এর ভিডিওচিত্র এবং নিজের কাজ—এই সুবাদে বাংলাদেশ মোটামুটি ভালো করেই দেখা হয়েছে ভিক্টোরিয়ার। এই দেখা থেকে তিনি বাংলাদেশের মানুষকে খুবই অতিথিপরায়ণ হিসেবে জেনেছেন। সেই সঙ্গে দেখেছেন, প্রতিনিয়ত প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করেও এ দেশের মানুষ মাথা নত করে না। বিশ্বকাপ ক্রিকেটের সময় দেখেছিলেন, একজন পঙ্গু মানুষ, যার পা নেই, কিন্তু ঠিকই জার্সি পরে উৎসাহিত করছেন বাংলাদেশ দলকে, তখন যেন আবারও চিনতে পারলেন বাংলাদেশকে। অপ্রতিরোধ্য বাংলাদেশ!