‘বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, খালেদা জিয়া বিরোধিতা করলেও যুদ্ধাপরাধীদের বিচার হবে। বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে না। আজ শনিবার ‘জনগণের ক্ষমতায়ন প্রেক্ষিত বাংলাদেশে: প্রসঙ্গ ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০১১’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইভি লাউঞ্জে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ এ আলোচনার আয়োজন করে। এতে আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি।মহীউদ্দীন খান আলমগীর বলেন, খালেদা জিয়া ঢাকা থেকে সিলেটে রোডমার্চ নয়, তিন হাজার গাড়ি নিয়ে শোভাযাত্রা করেছেন। এভাবে জনগণের মন জয় করা সম্ভব নয়। এ শোভাযাত্রা করতে গাড়ির পেছনে রাষ্ট্রের কত টাকা খরচ হয়েছে তা তাদের দিতে হবে।আলোচনা সভায় জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদ বলেন, মন্ত্রিপরিষদে যাঁরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাঁদের নিজ দায়িত্ব সরে দাঁড়ানো উচিত। যাতে পাঁচ বছর পর সরকারকে কেউ ব্যর্থ বলতে না পারে। বিষয়টি প্রধানমন্ত্রীকেও বিবেচনায় নিতে হবে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জহির উদ্দিন।