‘বিএনপি নেতাদের মুক্তি বিলম্বিত করার ষড়যন্ত্র করছে সরকার’
উচ্চ আদালত জামিন দেওয়ার পরও কারাবন্দী বিএনপি নেতাদের মুক্তি বিলম্বিত করার ষড়যন্ত্র করছে সরকার। আজ শনিবার দুপুর পৌনে ১২টায় জাতীয়তাবাদী তরুণ দলের মানববন্ধনে এ অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।মওদুদ বলেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। আইনের লড়াই চলবে। তিনি বলেন, সরকার যে বাজেট ঘোষণা করেছে, এতে তারা স্বীকার করে নিয়েছে যে গত বছর কোনো লক্ষ্য তারা অর্জন করতে পারেনি। মওদুদ বলেন, দুর্নীতির কারণে সরকার এ লক্ষ্য অর্জন করতে পারেনি। ভবিষ্যতে যে লক্ষ্য অর্জন করবে বলে তারা ঘোষণা করেছে, এটিও সম্ভব হবে না। অর্থনীতি নিম্নমুখী থাকবে; ঊর্ধ্বমুখী হবে না।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় আগামী নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এ প্রসঙ্গে মওদুদ বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে বোঝা যাচ্ছে, তিনি গত তিন মাসে নতুন কোনো চিন্তা করেননি। তিনি জেদ ধরে আছেন। রাজনীতিতে জেদের কোনো স্থান নেই। তিনি বলেন, আপস করাই গণতান্ত্রিক রাজনীতির বড় উপাদান। মওদুদ বলেন, প্রধানমন্ত্রী যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের ঘোষণা দেন, তবেই বিএনপি সংলাপে বসবে। অন্যথায় তাদের আন্দোলন চলবেই।