‘বিএনপি ভেঙে গেছে বলে কল্পকাহিনী প্রচার করছে সরকার’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার সুকৌশলে বিরোধী দলের ভেতর কোন্দল সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি ভেঙে যাচ্ছে বলে পত্রপত্রিকার মাধ্যমে কল্পকাহিনী প্রচার করছে সরকার।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় খন্দকার মোশাররফ এ কথা বলেছেন। নাগরিক ফোরাম ‘মনমোহন সিং এর ঢাকা সফর প্রত্যাশার প্রাপ্তি’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে।এতে খন্দকার মোশাররফ বলেন, এ সরকার কূটনীতি থেকে শুরু করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস, বিদ্যুত্, পানি, সীমান্ত নিরাপত্তারক্ষাসহ সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এসব ব্যর্থতা আড়াল করতে তারা জিয়া পরিবারের সদস্যদের নামে মামলা এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। খন্দকার মোশাররফের দাবি, বিএনপিতে ভাঙনের কোনো প্রশ্ন নেই। বরং আওয়ামী লীগেই এখন ভাঙনের সুর বাজছে। তাদের অনেক নেতা বিরোধী দলের সুরে কথা বলছেন। তিনি শেখ হাসিনা-মনমোহনের বৈঠকে স্বাক্ষরিত চুক্তিগুলোকে মুজিব-ইন্দিরা চুক্তির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন।অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাফিজউদ্দিন আহম্মেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী, জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক তাসনিম আলম প্রমুখ আলোচনায় অংশ নেন। আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল্লাহিল মাসুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।