‘বিএনপির অবস্থানে গণজাগরণ মঞ্চ হতাশ’
বিএনপি আহুত আগামী ৫ মার্চের হরতালকে অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত মনে করছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। আজ শুক্রবার রাত ১০টার দিকে গণজাগরণ মঞ্চ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার।ইমরান বলেন, ‘যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সারা দেশে জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত সহিংসতার পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থানে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে তীব্র হতাশা ব্যক্ত করা হচ্ছে।’ তিনি বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। তাঁর দল বিএনপি দাবি করে তাদের দলে সর্বোচ্চ সংখ্যক মুক্তিযোদ্ধা রয়েছেন। বিএনপির প্রতি আমাদের আহ্বান, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী জামায়াতে ইসলামী এবং তাদের সন্ত্রাসী বাহিনী ছাত্রশিবিরকে বর্জন করে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহযোগিতামূলক ভূমিকা রাখবেন।’সংসদীয় গণতন্ত্রে বিরোধীদলীয় প্রধান জাতির অন্যতম আশ্রয় উল্লেখ করে ইমরান বলেন, ‘জাতি প্রত্যাশা করে মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে প্রতিহত করার মধ্য দিয়ে প্রিয় বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় অগ্রসর হবে।’ তিনি আরও বলেন, ‘বিরোধীদলীয় নেত্রীর সক্রিয় ইতিবাচক ভূমিকার মাধ্যমে এ অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলে মনে করে গণজাগরণ মঞ্চ।’