‘বিওএর নির্বাচনে প্রার্থী হব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিক শেষ হয়েছে, ঘরোয়া ক্রীড়াঙ্গনে আগামী দিনের পরিকল্পনা কী? ফেডারেশনগুলোকে চাঙা করে অনুশীলন জোরদার করার ওপর জোর দিচ্ছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ। একই সঙ্গে বিওএর নির্বাচন, এসএ গেমস নিয়েও কথা বললেন তিনি আজ (কাল) ৭টি ফেডারেশনের সঙ্গে বসেছিল বিওএর ট্রেনিং কমিটি। পুরো পরিকল্পনাটা নিয়ে কিছু বলুন...কুতুবউদ্দিন আহমেদ: পর্যায়ক্রমে ট্রেনিং কমিটি সব ফেডারেশনের সঙ্গেই বসবে। কীভাবে অনুশীলনটা আরও জোরালোভাবে করা যায়, সেই উদ্যোগ নেওয়াই মূল লক্ষ্য। তারপর ট্রেনিং কমিটি আমাকে একটা প্রতিবেদন দেবে। সেই অনুযায়ীই ব্যবস্থা নেব।  কবে নাগাদ ব্যবস্থা নেবেন?কুতুবউদ্দিন: অনুশীলনের ব্যাপারটা চলমান। আমরা অনুশীলনেই ছিলাম। মাঝখানে বিভিন্ন কারণে একটু গ্যাপ পড়েছে। এখন আবার সেটা চালু করতে চাই। নইলে গত এসএ গেমসে পাওয়া সাফল্য আমরা ধরে রাখতে পারব না।  প্রশিক্ষণের জন্য সরকারি অনুদান পাওয়া যায় না সময়মতো। তাহলে কীভাবে এই কার্যক্রম চালিয়ে নেবেন?কুতুবউদ্দিন: মুশকিল হলো, এসএ গেমসের তারিখটা ঠিক হয়নি এখনো। এ কারণে আমরা সমস্যায় পড়ে গেছি। তারিখ হলে সরকারকে চাপ দিয়ে বলতে পারি, অমুক তারিখ থেকে খেলা। টাকা দিন। কিন্তু দিল্লি তো এসএ গেমসের ব্যাপারটা এখনো সুরাহা করল না। তবে এখন আমরা নিজস্ব তহবিল থেকে অনুশীলনের টাকা দেব। এতে কোনো সমস্যা হবে না। দিল্লি কবে নাগাদ এসএ গেমস করবে, এ ব্যাপারে কিছু বলেছে?কুতুবউদ্দিন: এবার অলিম্পিকের সময় লন্ডনে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনেছি, ওদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন আছে অক্টোবরের দিকে। নির্বাচন শেষে নতুন নেতৃত্বই ঠিক করবে এসএ গেমেসর তারিখ। এ অবস্থায় আগামী বছর প্রথম দিকে হয়তো আমরা এসএ গেমস আশা করতে পারি। কিন্তু ওই সময়ও দিল্লি তা করবে কি না, নিশ্চিত নই। তাহলে বিকল্প ব্যবস্থা কী?কুতুবউদ্দিন: এবার লন্ডনে ভারত বাদে সাফের বাকি দেশগুলো মিলে দিল্লির কর্মকর্তাদের কাছে একটা লিখিত আবেদন জানানো হয়েছে, তারা না করলে গেমসটা যেন নেপালকে দেওয়া হয়। সেটা তারা যত তাড়াতাড়ি দেবে নেপালের জন্যও ভালো। আমরা এখন দিল্লির সিদ্ধান্তেরই অপেক্ষা করছি। এবার অলিম্পিক দেখে বাংলাদেশের পারফরম্যান্স সম্পর্কে আপনার সামগ্রিক মূল্যায়ন কী?কুতুবউদ্দিন: শ্যুটার শারমিন আক্তার রত্না এবং জিমন্যাস্ট শাইক সিজার ভালোই করেছে বলব। সিজার ইনজুরিতে না পড়লে ওর পারফরম্যান্স আমাদের আরও চোখে লাগত। তবু যা করেছে, আমি ওর মধ্যে সম্ভাবনা দেখছি। আর রত্না ১০ মিটার এয়ার রাইফেলে শুরুতে খারাপ করেও ৪০০-তে ৩৯৩ স্কোর করেছে, খারাপ নয়। এই ইভেন্টে এটাই এখন পর্যন্ত বাংলাদেশের কোনো শ্যুটারের সেরা স্কোর। অলিম্পিকের নির্বাচন নিয়ে কথা হচ্ছে। কবে নাগাদ আমরা নির্বাচন দেখতে পাব?কুতুবউদ্দিন: আমি তো কালবিলম্ব না করে নির্বাচন দেওয়ার পক্ষে। এবং নির্বাচন হচ্ছেও। কিছু কারণে একটু সময় লাগছে। তবে নভেম্বর-ডিসেম্বর নাগাদ নির্বাচন হবেই, এতে কোনো ভুল নেই।  নির্বাচনে মহাসচিব পদে সম্ভাব্য একজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আপনার নিজের কী পরিকল্পনা?কুতুবউদ্দিন: আমি আসলে আমার নিজের প্রার্থিতা নিয়ে কিছু ভাবছি না। আপনি লিখতে পারেন, বিওএর নির্বাচনে প্রার্থী হব না আমি। সেক্রেটারি জেনারেলের কাজ করার সময় এখন সেভাবে আমার হাতে নেই। নতুন লোক আসুন, নতুনভাবে চিন্তা করুন। আমি তো অনেক দিন থাকলাম।