‘বিচারাধীন বিষয়ে মন্তব্যের ক্ষেত্রে সংযত থাকা উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মনে বিভ্রান্তি তৈরি এড়ানোর জন্য বিচারাধীন বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত ও সতর্ক থাকা উচিত বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আনা আদালত অবমাননার পৃথক অভিযোগের বিষয়ে দেওয়া আদেশের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ কথা বলেন। বিচারপতি এ টি এম ফজলে কবীর, বিচারপতি ওবায়দুল হাসান ও মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার আইনজীবীরা এ দুটি অভিযোগ আনেন।পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, আইনের চোখে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তিকে নির্দোষ ধরা হয়, এটা তাঁর অধিকার। এটা ভুললে চলবে না যে বাক্স্বাধীনতার অধিকার চর্চা করতে গিয়ে কেউ সে অধিকার খর্ব করতে পারেন না। ট্রাইব্যুনাল আশা করেন, বিচারাধীন মামলা নিষ্পত্তির সময়সীমা নিয়ে কাল্পনিক মন্তব্য করার ক্ষেত্রে সংযত থেকে দায়িত্বশীল ব্যক্তিরা, বিশেষত ক্ষমতাসীন দলের সঙ্গে সংশ্লিষ্টরা বিবেচনাবোধের পরিচয় দেবেন। বিচারের গুরুত্বপূর্ণ পর্যায়ে ট্রাইব্যুনালে বিচারাধীন একজন আসামির বিষয়ে সরকার, বিরোধী দল বা সমাজের যেকোনো স্তরের সদস্যের মন্তব্য প্রত্যাশিত নয়।সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আদেশে ট্রাইব্যুনাল বলেন, মানুষের ধারণার ওপর ভিত্তি করে করা মন্তব্য বা মতামত ট্রাইব্যুনালে বিচারাধীন একটি পক্ষের ক্ষতির কারণ হতে পারে না। এ মন্তব্য কোনোভাবেই ট্রাইব্যুনালের কার্যক্রমকে ব্যাহত করে না বা তা আদালতের জন্য অবমাননাকর নয়।মতিয়া চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়েও ট্রাইব্যুনাল প্রায় একই মত দেন। তবে এ-সংক্রান্ত আদেশে আরও বলা হয়, বক্তব্যের মধ্যে বিচারাধীন বিষয় নিয়ে মানুষের আবেগ ও ধারণার প্রতিফলন ঘটলেও কখনো কখনো তা কার্যক্রমের নিরপেক্ষতা নিয়ে সংশয় তৈরি করলেও করতে পারে। এটা প্রত্যাশিত নয়।সাজেদা চৌধুরীর বিরুদ্ধে গত ৫ আগস্ট কামারুজ্জামানের আইনজীবী অভিযোগটি আনেন। মতিয়া চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় ২৯ আগস্ট।