‘বিজনেস ফর পিস’ পুরস্কার পেলেন লতিফুর রহমান
ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে ‘বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড-২০১২’ বা শান্তির জন্য ব্যবসা পুরস্কারে ভূষিত হয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। বিশ্বের ব্যবসায়ী সমাজের কাছে এ পুরস্কার খুব সম্মানজনক। এই প্রথম বাংলাদেশ থেকে কোনো উদ্যোক্তা এ পুরস্কার পেলেন। নরওয়ের রাজধানী অসলোভিক্তিক বিজনেস ফর পিস ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন দেশের আরও ছয়জন ব্যবসায়ীর সঙ্গে লতিফুর রহমানকে এ স্বীকৃতি দিয়েছে। আগামী ৭ মে অসলোর সিটি হলে এই পুরস্কার দেওয়া হবে।এবারের বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডের জন্য বিশ্বের ৬০টি দেশের ৯০ জন প্রার্থী ছিলেন, যাঁদের মধ্য থেকে লতিফুর রহমানসহ সাতজনকে পুরস্কার দেওয়া হচ্ছে।ঢাকায় আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার দেশের ব্যবসায়ী সমাজের জন্য এ গৌরবের স্বীকৃতির ঘোষণা দেন। ব্যবসায়ী সমাজের আন্তর্জাতিক ছয়টি বাণিজ্যসংগঠনের সঙ্গে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বিজনেস ফর পিস ফাউন্ডেশনের অন্যতম সহযোগী অংশীদার। সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। রাজধানীর রূপসী বাংলা হোটেলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লতিফুর রহমান বলেন, এ স্বীকৃতি দেশের গোটা ব্যবসায়ী সমাজের। তিনি বলেন, ‘আমি মনে করি, দেশের ব্যবসায়ীরা ভবিষ্যতে ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার জন্য এ পুরস্কার ও স্বীকৃতি আরও বেশি পাবেন। দেশ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আরও বেশি অগ্রসর হবে।’লতিফুর রহমানের সঙ্গে ২০১২ সালের জন্য বিশ্বের বিভিন্ন দেশের আরও যে ছয়জন ব্যবসায়ী এই পুরস্কার পাচ্ছেন তাঁরা হলেন: মিসরের ইব্রাহিম অ্যাবোলেইশ, ভারতের অনিল আগরওয়াল, আর্জেন্টিনার অ্যাডুরাডো ইউরনেকিয়ান, লিথুনিয়ার ভিলাদাস লাসাস, যুক্তরাষ্ট্রের ডেভিড ডব্লিউ ম্যাকলেনন ও তানজানিয়ার রেজিনাল এ ম্যাঙ্গি।২০০৭ সালে নরওয়ের অসলোতে বিজনেস ফর পিস ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠান বিশ্বাস করে, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিকতার উদ্যোগ শুধু নিজের কাজ জাহির করতে হতে পারে না, ব্যবসার ক্ষেত্রেও এটা থাকতে হবে, যা ক্রমাগতভাবে করপোরেশনের নৈতিক অভ্যাসের সংস্কৃতিতে পরিণত হবে এবং আধুনিক ব্যবসার একটা অপরিহার্য অংশ হিসেবে আইনে পরিণত হবে।২০০৯ সাল থেকে সংস্থাটি এই বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড দিয়ে আসছে। শান্তিতে নোবেল বিজয়ী ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সত্যায়নের মাধ্যমে এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়। অনেক নোবেল বিজয়ী ইতিমধ্যে এই অ্যাওয়ার্ড মনোনয়ন ও পুরস্কার বিতরণের সঙ্গে যুক্ত হয়েছেন। শান্তি ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের একটি স্বতন্ত্র ও স্বাধীন কমিটি এই পুরস্কার কারা পাবেন তা চূড়ান্তভাবে নির্ধারণ করে থাকে। বিজনেস ফর পিস ফাউন্ডেশন এ পুরস্কারের জন্য কিছু মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। পুরস্কার নির্ধারণী কমিটিতে রয়েছেন অর্থনীতিতে নোবেল বিজয়ী যুক্তরাষ্ট্রের অধ্যাপক এ মাইকেল স্পেনস, শান্তিতে নোবেল বিজয়ী কেনিয়ার ড. ওয়াংগারি মুতা মাথাই ও বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২০০৯ ও ২০১০ সালে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ডে যাঁরা সম্মানিত হয়েছেন তাঁরা হলেন: যথাক্রমে ভারতের বিখ্যাত টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা, মালয়েশিয়ার ওয়াইটিএল করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফ্রান্সিস ইয়োহ্, যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের চেয়ারম্যান ও সিইও (প্রধান নির্বাহী) জেফরি আর ইমেল্ট, সুইডেনের আইকেইএর প্রধান নির্বাহী এন্ডার্স ডালভিগ, চীনের সানটেক পাওয়ারের (বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ উৎপাদন কৌশল তৈরির প্রতিষ্ঠান) চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জেনগ্রং শি।বাংলাদেশের শিল্পপতি ও ব্যবসায়ী লতিফুর রহমান নেসেল বাংলাদেশ, হোলসিম বাংলাদেশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান। লিন্ডে বাংলাদেশ এবং ব্র্যাকের পরিচালনা পর্ষদের পরিচালক।লতিফুর রহমান আইসিসি বাংলাদেশের সহসভাপতি। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রান্সকম গ্রুপ যার উৎপত্তি হয়েছিল চা-চাষের মাধ্যমে। এখন বাংলাদেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান, যার রয়েছে ১৬টি কোম্পানি। এ গ্রুপের বার্ষিক লেনদেন দুই হাজার ৭৫০ কোটি টাকা। ১০ হাজার মানুষের কর্মসংস্থান করেছে এ গ্রুপ। এ গ্রুপ ২০১১ সালে সরকারকে ৫৫১ কোটি টাকা কর, শুল্ক ও ভ্যাট দিয়েছে। লতিফুর রহমান প্রথম আলো, ডেইলি স্টার এবং এফএম রেডিও এবিসির প্রধান উদ্যোক্তা।