‘বিজয় সরকার স্বর্ণপদক’ পেলেন মীরা রানী সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগান প্রতিযোগিতার আসরে প্রথম ‘বিজয় সরকার স্বর্ণপদক’ পেলেন রামপালের মহিলা কবিয়াল মীরা রানী সরকার। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত চারণকবি কবিয়াল বিজয় সরকারের ২৫তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বিজয় সদন দুই দিনব্যাপী শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৮ জন কবিয়াল প্রতিযোগিতায় অংশ নেন।প্রধান অতিথি খুলনা নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান আনোয়ারুল করিম কবিয়াল মীরা রানী সরকারের গলায় স্বর্ণপদক পরিয়ে দেন।কবিয়াল বিজয় সরকার স্বর্ণপদক পেয়ে মীরা রানী সরকার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি অভিভূত, চিরকৃতজ্ঞ। আনন্দের ভাষা প্রকাশ করার মতো অনুভূতি এ মুহূর্তে মনে পড়ছে না। পদক পেয়ে আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল।’অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজয় সদনের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ এস এম আবু সাঈদ, সাঈফ হাফিজুর রহমান, আবদুল কাদের সিকদার, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব মুন্সি হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারগিস মুর্শিদা, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান, ফোকলোর গবেষক অচিন্ত্য কুমার ভৌমিক, ফরিদপুর নির্ণয় শিল্পীগোষ্ঠীর সভাপতি আনোয়ার করিম ও প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন বিজয় সদনের সাধারণ সম্পাদক আকরাম শাহীদ।