বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর ঢাকার বাইরে নেওয়ার পরিকল্পনা আপাতত সরকারের নেই। জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। যানজট নিরসনে বিডিআর সদর দপ্তর ঢাকার বাইরে নেওয়া হবে কি না, শাহরিয়ার আলমের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের প্রতিটি থানায় একজন করে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের পরিকল্পনা সরকারের রয়েছে। ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকার কলেজ গেট-সংলগ্ন মিরপুরমুখী প্রধান সড়কের পাশে হানিফ এন্টারপ্রাইজসহ বিভিন্ন পরিবহনের আন্তজেলা বাস কাউন্টার অন্য জায়গায় সরানোর বিষয়ে ডিসি ট্রাফিক পশ্চিমকে নির্দেশ দেওয়া হয়েছে।হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিভিন্ন পদে এক লাখ ৩৯ হাজার ৪৭০ জন সদস্য আছেন। ভারতে প্রতি ৭২৮ জনের বিপরীতে একজন, পাকিস্তানে ৬২৫ জনে একজন, মালয়েশিয়ায় ২৪৯ জনের বিপরীতে একজন এবং বাংলাদেশে প্রতি এক হাজার ৭৫ জনের বিপরীতে একজন পুলিশ সদস্য আছেন। ভারতের অনুপাতে ব্যবস্থা করতে হলে আরও ৬৬ হাজার ৫৭৪ পুলিশ সদস্য নিয়োগ দিতে হবে। সাধনা হালদারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা মহানগর এলাকায় নাগরিকদের ১০০ নম্বরে ডায়াল করলেই পুলিশ সেবা পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। শাহীন মনোয়ারা হকের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে বর্তমানে ১২টি কেন্দ্রীয় কারাগার এবং ৫৫টি জেলা কারাগার আছে। এসব কারাগারের ধারণক্ষমতা ২৯ হাজার ২৪০ জন।শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগার বা সংশোধনাগারে দুই হাজার ৬৪৮ জন এবং নয়াদিল্লিতে ৩১৩ জন বাংলাদেশি আটক আছে। সরকার আটক নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।