‘বিদায় সব সময়ই বেদনার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার ঘরোয়া ফুটবল থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন। ঢাকার শীর্ষ ফুটবলে দীর্ঘ কুড়ি বছরের ফুটবলজীবনের ইতি টানার প্রাক্কালে আপ্লুত আলফাজ আহমেদ। পেছন ফিরে অনেক সুখস্মৃতিও তুলে আনলেন এই স্ট্রাইকার শুনলাম অবসর নিচ্ছেন আবাহনী-মোহামেডান ম্যাচে?আলফাজ আহমেদ: হ্যাঁ, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। রোববার মোহামেডানের জার্সি গায়ে ফুটবলকে বিদায় বলব। অবসরের চিন্তাটা আসলে গত মৌসুমেই শুরু করি। এবার লিগের প্রথম পর্বে আবাহনী-মোহামেডান ম্যাচে অবসর নেব বলে সবাইকে জানিয়েছিলাম। কিন্তু ক্লাব তখন না চাওয়ায় সেটা কার্যকর হয়নি।  আপনি তো কিছুদিন ধরে একরকম অঘোষিত অবসরেই ছিলেন। আনুষ্ঠানিকতা সারার এই সময় অনুভূতি কেমন?আলফাজ: বিদায় সব সময়ই বেদনার। ২০০৮ সালে জাতীয় দল থেকে সরে যাওয়ার সময় কষ্ট পেয়েছিলাম অনেক। তবে আমি ফুটবলের সঙ্গেই আছি বলে খুব একটা খারাপ এখন লাগছে না।  আপনার সমকালীন ফুটবলাররা অনেক আগেই বিদায় নিয়েছেন। আপনি কুড়ি বছর খেললেন। এই লম্বা ক্যারিয়ারের রহস্য কী?আলফাজ: খেলার জন্য নিজেকে ফিট রাখতে চেয়েছি সব সময়ই। এখন বয়স হয়ে গেছে, তাই বিদায় বলছি। নকীব, জুয়েল রানা, মাসুদ রানা, জাকির, রকিবরা অনেকে আগেই বিদায় নিয়েছে। আমি যত দিন পারি খেলে যেতে চেয়েছিলাম। শুরুর সঙ্গে শেষের কী পার্থক্য দেখছেন? আলফাজ: অনেক পার্থক্য। আমি ১৯৮৫ সালে এরশাদ কাপ দিয়ে ফুটবলে আসি। পাইওনিয়ার লিগ, দ্বিতীয় বিভাগ শেষে ১৯৯২ সালে রহমতগঞ্জে বাইন্ডিং খেলোয়াড় হিসেবে ঢাকার শীর্ষ ফুটবলে আমার শুরু। তখন প্রতিটি পজিশনেই ছিল অনেক প্রতিদ্বন্দ্বিতা। এখন সেটা নেই। নতুন খেলোয়াড় উঠে আসার পথ রুদ্ধ হয়ে পড়েছে।  কীভাবে? একটু ব্যাখ্যা করবেন?আলফাজ: আগে এত বিদেশি ছিল না। এখন বিদেশিদের দাপটে স্থানীয়রা কোণঠাসা। জাতীয় দলের খেলোয়াড়েরাও অনেক সময় ক্লাব দলে সুযোগ পায় না বিদেশিদের কারণে। এটা দেখে ভীষণ খারাপ লাগছে।  আপনি এশিয়ার ফুটবলে প্লেয়ার অব দ্য মান্থ হয়েছিলেন একবার। এরপর আর কাউকে ওই জায়গায় দেখলাম না আমরা...আলফাজ: মোহামেডানের জার্সি গায়ে ১৯৯৬ সালে লাওসের বিপক্ষে ঢাকায় ৪ গোল করেছিলাম। ওই বছর আগস্ট মাসে এএফসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হই। ওটা ছিল আমার স্মরণীয় এক অর্জন। এখন দেশে স্ট্রাইকার তো তৈরি হচ্ছে না। আমার বিশ্বাস, বিদেশি কমালে স্ট্রাইকার তৈরি হবে এবং তারাও এশিয়ায় ভালো একটা অবস্থানে যেতে পারবে।  খেলোয়াড়ি জীবনে আপনার সেরা প্রাপ্তি কী? আলফাজ: অবশ্যই ১৯৯৯ সাফ গেমস সোনা। দীর্ঘ অপেক্ষার পর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে ফাইনালে আমার গোলেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। ওই স্মৃতিটা ভোলা যাবে না। অবসর-পরবর্তী জীবনে আপনাকে ফুটবলেই তো দেখা যাবে?আলফাজ: অবশ্যই। সম্প্রতি আমি ক্যামব্রিয়ান মিডফিল্ড স্কুল ও কলেজ একাডেমিতে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছি। ওরা ক্রিকেটে নিয়েছে জাভেদ ওমরকে। আপাতত ওই একাডেমি নিয়েই কাজ করার পরিকল্পনা আছে।  মোহামেডানের সঙ্গে থাকছেন না? আলফাজ: খেলোয়াড় হিসেবে মোহামেডানে সর্বশেষ যোগ দিই গত মৌসুমে। এ মৌসুমে সম্ভবত একটা ম্যাচে কিছু সময় খেলেছি। দলের প্রয়োজনে সহকারী কোচের দায়িত্ব পালন করেছি। মোহামেডান মহিলা দলের কোচ ছিলাম সদ্য শেষ হওয়া মহানগর লিগে। মোহামেডানের সঙ্গে ছিলাম, আছি, থাকব।  আপনার ক্যারিয়ারে বেশির ভাগ সময় মোহামেডানেই কেটেছে। এর বিশেষ কোনো কারণ আছে?আলফাজ: মোহামেডানকে আমি ভালোবাসি। ১৯৯৫ সালে মোহামেডানের প্রথম খেলেছি। ২০০১ পর্যন্ত খেলে ২০০৫ সালে আবার মোহামেডানে। মুক্তিযোদ্ধা, ব্রাদার্স, শেখ রাসেলে খেলে অতৃপ্তি ঘুচিয়েছি ২০১০ সালে আবাহনীতে খেলে। কোনো অপূর্ণতা নেই। মোহামেডানে খেলেই আমি আলফাজ হয়েছি। বিদায়বেলায় তাই মোহামেডানের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা।