পেশাদার ফুটবল লিগের পঞ্চম আসর চলছে এখন। এবারই প্রথম শুরু হয়েছে এই লিগের দ্বিতীয় স্তর। তা কেমন হচ্ছে এই স্তর? পেশাদার লিগের সত্যিকারের সিঁড়ি হতে পারবে এটি? এসব নিয়েই কথা বললেন সাত দলের দ্বিতীয় স্তরের অন্যতম বিয়ানীবাজারের কোচ সাবেক জাতীয় ফুটবলার স্বপন দাস দ্বিতীয় স্তর আড়ালেই ঢাকা পড়ে আছে। খেলা কেমন হচ্ছে?স্বপন দাস: খুব উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই। আবার হতাশায় ডুবে যাওয়ারও কিছু দেখছি না। শুরু হওয়াটাই আসল। ধারাবাহিকতা ধরে রাখতে হবে। খেলার মান নিয়ে আপনি সন্তুষ্ট?স্বপন: সন্তুষ্ট না হলেও অখুশি নই। যতটা খারাপ হবে ভেবেছিলাম তত খারাপ খেলা হচ্ছে না। কিন্তু সমস্যা তো অন্যখানে। সেটা কী?স্বপন: রেফারিংয়ের মান ভালো নয়। তার ওপর মাঠ খারাপ। কমলাপুর স্টেডিয়ামে খেলা হয়। কিন্তু এক মাঠের ওপর কত চাপ! সকালে দেখি অনেক দল অনুশীলন করে। এমনকি মূল পেশাদার লিগের দল আরামবাগও আসে। দুপুরে দ্বিতীয় বিভাগের খেলা, বিকেলে দ্বিতীয় স্তর। মাঠে ঘাস-টাস কিছু নেই। চাইলেও এখানে ভালো ফুটবল সম্ভব নয়। টাইমিংও খেলার অনুকূল নয়। রেফারিংয়ের মান নিয়ে অসন্তুষ্ট কেন? স্বপন: লিগের প্রথম দিনেই গুরুতর ফাউলে আমার এক খেলোয়াড়ের পায়ের হাড় ভেঙে গেল। রেফারি একটা কার্ড পর্যন্ত দিলেন না প্রতিপক্ষ খেলোয়াড়কে। শুধু ফাউল ধরেছেন। রেফারি এর গুরুত্বটাই হয়তো বুঝতে পারেননি। তার মানে আপনি বলতে চাইছেন, রেফারিদের অভিজ্ঞতার ঘাটতি আছে?স্বপন: অভিজ্ঞতার ঘাটতি কি না জানি না, তাঁদের ভুল সিদ্ধান্তের ভুক্তভোগী হতে হচ্ছে। আমাদের আরেক ম্যাচে সহকারী রেফারি অফ সাইড ধরলেও রেফারি এড়িয়ে গেছেন। পরে পেনাল্টি হয়েছে আমাদের বিপক্ষে। সে এক বিতকিচ্ছিরি অবস্থা। এসব নিয়ে প্রতিবাদ করায় আমাদের এক কর্মকর্তাকে ৫ ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। রেফারির ভুল সিদ্ধান্তেরই জের এসব। আপনি তো মূল পেশাদার লিগে চট্টগ্রাম আবাহনীর কোচ ছিলেন। মূল লিগের সঙ্গে এই লিগের তুলনা করলে কী বলবেন? পেশাদারিই বা কেমন?স্বপন: পেশাদারি মূল লিগেই নেই, এখানে আশা করা তো বাড়াবাড়ি। আসলে দ্বিতীয় স্তরটা হওয়ার জন্যই হচ্ছে। তবে দ্বিতীয় স্তরে বিদেশি খেলোয়াড় না থাকাটা ইতিবাচক দিক। তরুণেরা সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে আশা করি কিছু খেলোয়াড় উঠেও আসবে। ফেডারেশন কেমন নজর দিচ্ছে এই লিগের ওপর?স্বপন: ফেডারেশনের একটা জুনিয়র কর্মী আসে মাঠে। আর কাউকে দেখি না। ফেডারেশনের কর্মকর্তারা ভুলেও ঢুঁ মারেন না। তাঁদের আসা উচিত। দেখা উচিত কীভাবে লিগটা চলছে। বিয়ানীবাজার এর আগে মূল পেশাদার লিগে খেলেছে। এখন দ্বিতীয় স্তরে। দ্বিতীয় স্তর নিয়ে বিয়ানীবাজার কর্মকর্তাদের উৎসাহ কেমন?স্বপন: ভালোই উৎসাহ আছে। সবাই তো বড় কর্মকর্তা। আগে মোহামেডানে ছিলেন, এখন বিয়ানীবাজারে। তবে এই স্তরের খেলোয়াড়েরা তেমন পরিচিত নয়, আমাদের কর্মকর্তারাও অনেক খেলোয়াড়কে চেনেন না। আমি নিজেও অন্য দলের খুব কম খেলোয়াড়েরই নাম জানি। ঢাকায় আপনাদের থাকাও সমস্যা ছিল শুনেছি। অন্যদেরও থাকার সমস্যা...স্বপন: আমরা কয়েক দিন হ্যান্ডবল স্টেডিয়ামের হোস্টেলে ছিলাম। তারপর আসি ওয়ান্ডারার্সে। চট্টগ্রাম আবাহনী বিকেএসপিতে থেকে আসা-যাওয়া করেছে কমলাপুর স্টেডিয়ামে। কক্স সিটি ছিল কমলাপুর স্টেডিয়ামেই। বাকি চার দলই ঢাকার। প্রথম পর্ব শেষ হয়েছে কদিন আগে। ৩০ মার্চ কক্সবাজারে শুরু হবে ফিরতি পর্ব। এই লিগে খেলে খেলোয়াড়েরা আর্থিক সুবিধা কেমন পাচ্ছেন?স্বপন: খুবই সামান্য। সর্বোচ্চ পেমেন্ট দেড় লাখের মতো জানি। অনেকে ৭০-৮০ হাজার টাকায়ও খেলছে। ক্লাবগুলোর আর্থিক সমস্যা প্রবল। তার পরও তারা খেলছে। এই দিকটাও দেখা উচিত ফেডারেশনের।