আসন্ন পেশাদার ফুটবল লিগে গোলরক্ষকসহ পাঁচজন বিদেশি খেলোয়াড় মাঠে নামাতে পারবে প্রতিটি দল। এর ফলে স্থানীয় অনেক খেলোয়াড়কেই থাকতে হবে সাইড বেঞ্চে। তবে বাফুফের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদি যুক্তি দিচ্ছেন বিদেশি বাড়ানোর পক্ষেই গতবার বিদেশি খেলোয়াড়ের কোটা ছিল ৪ জন নিবন্ধন, ৩ জন খেলতে পারত। এবার বাড়িয়ে দিলেন কেন?সালাম মুর্শেদি: না বাড়িয়ে উপায় কী! খেলোয়াড় কোথায়? শেখ জামাল দল করার পর মানসম্মত খেলোয়াড়ই আর নেই। অন্য দলগুলোকে তো টিম করতে হবে। তাই বাড়িয়েছি। শেখ জামাল প্রায় সব তরকারকে নিয়ে নেওয়ায় আবাহনী-মোহামেডান বিপদে পড়েছে। অনেকে বলেন, দুই প্রধানের সুবিধার জন্যই এটা করছেন আপনারা?সালাম: কে কী বলল, কিছু আসে যায় না। আবাহনী-মোহামেডানের উপকার করব কেন আমরা? সুবিধাটা তো সবাই নিতে পারে। বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোয় স্থানীয়দের ক্ষতি হয়ে গেল না?সালাম: মোটেও ক্ষতি হবে না। ক্ষতি তো তখন হবে, যখন আপনার হাতে খেলোয়াড় থাকবে। আপনি দেখেন, কতটি টিমের হাতে মানসম্মত খেলোয়াড় আছে। টিমই তো সাজাতে পারবে না দলগুলো। শেখ জামালে এমনিতেই ১৫-১৬ জন জাতীয় দলের খেলোয়াড়। এই দল বিদেশি খেলোয়াড় নিলে স্থানীয় অনেকেই তো সুযোগ পাবে না...সালাম: এখানেই আমি বলতে চাই, খেলোয়াড়দের মধ্যে এবার একটু লড়াইয়ের মানসিকতা গড়ে উঠুক। প্রথম একাদশে থাকার জন্য তারা প্রতিদ্বন্দ্বিতা করুক। বিদেশির চেয়ে যদি স্থানীয় খেলোয়াড় ভালো খেলে, তাহলে তো স্থানীয় খেলোয়াড়কেই খেলাবেন কোচ। বিদেশি খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোয় স্থানীয় অনেকে সুযোগ পাবে না। এটা তো অস্বীকার করা যায় না...সালাম: দেখুন, আপনারাই তো লেখেন, এখানকার খেলোয়াড়দের জার্সি দেখে চিনতে হয়। এখন কোনো খেলোয়াড়ের জন্য দর্শক মাঠে যায় না, দর্শক যা হয়, সব ক্লাবের টানেই যায়। কাজেই আমি মনে করি না, বিদেশি বাড়ানোয় কোনো সমস্যা হবে। কিন্তু আপনিই বলুন, বিদেশি বাড়িয়ে কী লাভ...সাধারণ মানের এই বিদেশিদের খেলাও তো কেউ দেখতে যায় না।সালাম: এবার আশা করি, ভালো মানের বিদেশি আসবে। খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, ক্লাবগুলো ভালো বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা করছে। বিদেশি ফুটবলার আনার ব্যাপারে বাফুফের করণীয় কিছু নেই। তার পরও কোনো মানদণ্ড ঠিক করার কথা কি ভাবছে বাফুফে?সালাম: সেটা আমরা করতে পারি না। ক্লাব কর্মকর্তাদের অনুরোধ করি, আগের মতো বিদেশে গিয়ে খেলোয়াড় আনুন। ঘরে বসে ট্রায়াল দিয়ে খেলোয়াড় নেওয়া সমর্থন করি না। একটু ভালো পেমেন্ট করে হলেও ভালো মানের বিদেশি আনার অনুরোধ করব সবাইকে। বিদেশি খেলোয়াড় কোটা বাড়ানোর চিন্তাটা কার? ক্লাবগুলো কি অনুরোধ করেছিল?সালাম: এটা বাংলাদেশ লিগ কমিটিই করেছে। কারণ আমরা মনে করেছি খেলোয়াড় উঠে আসার অনেক পাইপলাইন বন্ধ হয়ে আছে। ঢাকার বাইরে খেলা নেই বললেই চলে। স্কুল ফুটবল বন্ধ। এ অবস্থায় বিদেশি কোটা বাড়িয়ে ঘরোয়া ফুটবল তো মাঠে রাখতে হবে!