‘বিদেশে গেলে আমাকে কে চিনত!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্কশপে কাজ শিখে জীবিকার সন্ধানে বিদেশে যেতে বলেছিল পরিবার। কিন্তু ফুটবলের টানে রাজি হননি জামাল হোসেন। এখন সিঁড়ি ভাঙতে ভাঙতে জাতীয় দলের ক্যাম্পেই ডাক পেয়েছেন নারায়ণগঞ্জের ২১ বছরের তরুণ ফুটবলার। কাল কমলাপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে ব্রাদার্সের এই মিডফিল্ডার শোনালেন নিজের বদলে যাওয়া জীবনের গল্প  শুনলাম, ফুটবলার হয়েছেন অনেক কষ্ট করে। পেছনের গল্পটা একটু বলবেন?জামাল হোসেন: আমার বাবা আলী আসগর ওয়াসায় চাকরি করতেন। পরিবারে আর্থিক টানাটানি ছিল। ওই সময় আমাকে পড়ালেখা ছেড়ে কিছু একটা কাজ-টাজ শেখার জন্য চাপ দিয়েছে পরিবার।  লেখাপড়া কত দূর করেছেন? আর কী কাজই বা শিখতে বলেছিল পরিবার?জামাল: লেখাপড়া করেছি ক্লাস এইট পর্যন্ত। বাড়িতে তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। ওয়ার্কশপে কাজ করতে বলেছিল আমার পরিবার। ওই যে গ্রিল-ট্রিল লাগায়, মেশিনের ওয়ার্কশপ। কিন্তু আমি খেলার পাগল ছিলাম। তাই ওয়ার্কশপে কাজ শিখিনি। ফ্যামিলি সচ্ছল ছিল না, কষ্ট করতে হয়েছে অনেক। পড়ালেখাও করলাম না, মন বসেনি বলে। নারায়ণগঞ্জে অনেক বড় বড় খেলোয়াড় আছেন। কাকে দেখে ফুটবলের প্রতি আকর্ষণ জাগল?জামাল: এলাকায় তপু ভাই আছেন, উনিসহ আরও অনেকে প্র্যাকটিস করতেন। নারায়ণগঞ্জের নবীগঞ্জে নদীর ওপারে আমাদের বাড়ি। বাসার পাশেই মাঠ, সেখানে সুজন ভাই, নজরুল ভাইরা যেতেন। তখন ওনাদের দেখে ফুটবলে অনেকে আগ্রহ বেড়ে যায়। ঘরের সঙ্গে মাঠ হওয়ায় অলটাইম খেলতাম। একজন একটা বুট কিনে দিয়েছেন আমার খেলা দেখে। এলাকার সবাই বলত, তুই খেলাধুলাই কর। অন্য দিকে যাস না।  তারপর কী হলো?জামাল: এলাকার মাঠে আমার খেলা দেখে এক বড় ভাই লালমনিরহাটে ছোটদের টুর্নামেন্ট খেলতে নিয়ে যান আমাকে। ওখানে চার ফুট ১০ ইঞ্চি হাইটের খেলোয়াড়দের টুর্নামেন্টে খেলি। সেখান থেকে বাড়ি ফিরে অনেক দিন প্র্যাকটিস করিনি। তখন বাসা থেকে চাপ দেয় অন্য কাজ-টাজ করতে। কাজ শেখার জন্য কোথাও ভর্তি হয়েছিলেন?জামাল: একদিন মামার সঙ্গে কাঁচপুর ব্রিজ পার হয়ে একটা ওয়ার্কশপে যাই। সেখানে যাওয়ার পর ভালো লাগল না আমার। চলে এলাম। তারপর এলাকার হুমায়ুন ভাইয়ের কাছে প্র্যাকটিস শুরু করলাম। এটা ২০০৪ সালের কথা। ২০০৫ সালে আন্ডার থার্টিনের ট্রায়ালে এলাম ঢাকায়। সেখান থেকেই আমার শুরু। ওয়ার্কশপে যদি কাজ করতেন, আজ কোথায় থাকতেন, এটা কখনো ভাবেন?জামাল: সব সময়ই ভাবি। কথা ছিল, কাজ শিখে দুবাইয়ে আমার বড় ভাইয়ের কাছে চলে যাব। সেখানে মামারাসহ অনেক আত্মীয়স্বজন থাকতেন। দুবাই না হলে হয়তো সিঙ্গাপুর বা অন্য দেশে থাকতাম এখন। অন্যরা যেভাবে গিয়ে কাজ করে বিদেশে, আমাকেও সেভাবে কাজ করা লাগত। এখন ভাবলে খুব অবাক লাগে।  এখন তো ফুটবল খেলে ভালো টাকাপয়সাই পাচ্ছেন। ফুটবল তো আপনার জীবন অনেকটাই বদলে দিয়েছে...জামাল: হ্যাঁ, জীবন পাল্টে গেছে আমার। এবার ব্রাদার্স থেকে ১০ লাখ টাকা পেয়েছি। ওই টাকা দিয়ে বাসার সামনে একটা জমি কিনেছি। ভবিষ্যতে ইচ্ছা আছে, নিজেকে ফুটবলার হিসেবে আরও প্রতিষ্ঠিত করব। ফুটবল খেলি বলে এখন এলাকায় সবাই চেনে-জানে। আদর করে। বিদেশে গেলে আমাকে কে চিনত!