‘বিদ্যুতের ক্ষেত্রে আগামী বছর হবে স্বস্তিদায়ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে, তাতে আগামী বছর (২০১১ সাল) দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বস্তিদায়ক হবে। আর বর্তমান সরকারের মেয়াদের শেষ বছরে (২০১৩ সাল) চাহিদা ও সরবরাহের মধ্যে একটা সামঞ্জস্য আনা যাবে। এর চেয়ে বেশি বোধ হয় সম্ভব হবে না। কারণ বিদ্যুৎ উৎপাদন একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ খাতের উন্নয়ন ও দেশের ভবিষ্যৎ বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রী এ কথা বলেন। গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে জাতীয় সংসদ ভবনের পূর্ব গেট থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।দেশে এবারই প্রথম বিদ্যুৎ সপ্তাহ পালন করা হচ্ছে। এরপর প্রতিবছর ৭ ডিসেম্বর থেকে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন করা হবে। এই সপ্তাহের উদ্দেশ্য গ্রাহকসেবার মানোন্নয়ন, বিদ্যুতের সাশ্রয় ও গ্রাহকের সচেতনতা বৃদ্ধি।এমন সময় জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালনের প্রচলন শুরু করা হলো, যখন দেশে (ঢাকায়) বিদ্যুৎ সরবরাহের ১১০ বছর পূর্ণ হয়েছে। ১৯০১ সালের ৭ জানুয়ারি ঢাকার ২৬টি রাস্তায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। ঢাকার তৎকালীন নবাবের অর্থায়নে প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয়ে ওই বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছিল। বর্তমানে ঢাকায় দৈনিক সর্বোচ্চ দুই হাজার মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলা করা হচ্ছে।অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত অক্টোবর পর্যন্ত ৯৭১ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ আরও ৩০০ মেগাওয়াট উৎপাদনে আসবে। আর আগামী বছর মোট দুই হাজার মেগাওয়াটের মতো নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে।বিদ্যুৎ খাতে অনেক উন্নয়নের জায়গা আছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) এক সময়ের ৪০ শতাংশ থেকে কমে ১৩-১৪ শতাংশ হয়েছে। কিন্তু আরও কমানোর সুযোগ আছে। কারিগরি কারণে পদ্ধতিগত লোকসান ৮ শতাংশের বেশি হওয়া উচিত নয়।কয়লা সম্পদ ব্যবহার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগামী বছরের শুরুতেই কয়লানীতি চূড়ান্ত করা হবে। এরপর কয়লা তোলার প্রক্রিয়া শুরু করা হবে। তিনি বিদ্যুৎবিষয়ক রিপোর্টিং, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে সেরা নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, বিদ্যুৎ খাত সংকটের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। তবে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে সংকট থাকবে না। তিনি লোডশেডিংমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির ও আরইবির চেয়ারম্যান ভূঁইয়া সফিকুল ইসলাম বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়।পুরস্কার: জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বিদ্যুৎ বিষয়ে সেরা রিপোর্টিংয়ের জন্য দুজন সাংবাদিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে সারা দেশের মোট ৪৯ জনকে পুরস্কৃত করা হয়। সাংবাদিকদের মধ্যে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি অরুণ কর্মকার ও এটিএন নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক বোরহানুল হক। তাঁরা পেয়েছেন ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার করে টাকা।এ ছাড়া বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও বিতরণকারী সংস্থা এবং সঞ্চালন কোম্পানি পিজিসিবির সারা দেশে কর্মরতদের মধ্য থেকে প্রতিটি প্রতিষ্ঠানের একজন করে সেরা বিদ্যুৎকর্মী, একটি সেরা বিদ্যুৎ ইউনিট, একজন করে সেরা প্রকল্প পরিচালক, একজন করে সেরা বিদ্যুৎ গ্রাহক, বিদ্যুৎ বিষয়ে সেরা গবেষণার জন্য একজন এবং বিদ্যুৎ বিষয়ে সেরা রচনা লেখার জন্য স্কুল-মাদ্রাসার তিনজন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে।সপ্তাহের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার বিদ্যুৎ বিতরণকারী বিভিন্ন কোম্পানির গ্রাহকসেবা কেন্দ্রগুলোতে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ বসিয়ে গ্রাহকদের সেবা দেওয়া হবে।