‘বিদ্যুৎ সমস্যা নির্বাচনে প্রভাব ফেলবে’
বাজেট তৈরিতে সাংসদদের ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তাই সাংসদদের ভূমিকা রাখার সুযোগ দিতে সংবিধান ও আইন সংশোধনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সাংসদ মো. মুজিবুল হক। আজ বৃহস্পতিবারের জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক এ কথা বলেন। মুজিবুল হক বলেন, বাজেট প্রণয়নে সাংসদদের ভূমিকা কী, তা জানি না। সাংসদেরা এ নিয়ে কী বলেন; তা সরকার ও অর্থমন্ত্রী শোনেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃষ্টি শুরু হয়েছে। এখনো সড়কগুলো মেরামত হয়নি। সড়ক ও জনপথ বিভাগ দুর্নীতিতে ভরে গেছে। মন্ত্রীর এদিকে লক্ষ্য রাখা দরকার। ঢাকার যানজট নিরসনে জাইকার সঙ্গে দ্রুত চুক্তি করুন।মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন, যাঁরা কুইক রেন্টালের সমালোচনা করেন তা হয় অজ্ঞ, জ্ঞানপাপী, সরকারবিরোধী, নয়তো রাষ্ট্রদ্রোহী। তাঁর বক্তব্যের সমালোচনা বাইরে করতে পারিনি। করলে না জানি রাষ্ট্রদ্রোহের মামলায় পড়তে হয়। কিন্তু সংসদে সে সমস্যা নেই। বলতে চাই বিদ্যুৎ সমস্যা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে। তিনি বলেন, বিচারপতি নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় না। দেখা যাচ্ছে, যোগ্যতা না থাকলে ন্যায়বিচার পাওয়া যায় না। তাই বিচারপতি নিয়ে যোগ্যতা নির্ধারণ ও পরীক্ষার ব্যবস্থার রাখা দরকার। এ জন্য আইন প্রণয়নের দাবি করছি। সরকারদলীয় সাংসদ রফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের সঠিক চাহিদা নিরূপণ করা হচ্ছে। কারা কীভাবে এটা নির্ধারণ করতে তা সাংসদেরা কিছুই বুঝতে পারছে না। প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম। তিনি বাজেট পাসের পর সাংসদের সঙ্গে মতবিনিময়ের জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাংসদেরা জানেন জনগণের প্রয়োজন কী।আওয়ামী লীগ সাংসদ মোহাম্মদ ছায়েদুল হক বলেন, প্রস্তাবিত বাজেটে ১০ হাজার কোটি টাকার যে ঘাটতি রয়েছে, সে ঘাটতি কীভাবে পূরণ হবে তার হিসাব বাজেটে নেই। ব্যাংক থেকে ঋণ নিয়ে ঘাটতি পূরণ করা হলে ব্যাংকে তারল্য সংকট দেখা দেবে। এতে বিনিয়োগ ব্যাহত হবে। মূল্যস্ফীতি বেড়ে যাবে। সাধারণ মানুষের কষ্ট বাড়বে। সাংসদ খান টিপু সুলতান বলেন, মোবাইল ফোনের ওপর উত্স করারোপের প্রস্তাবটি বিরক্তিকর। এটা প্রত্যাহার হওয়া উচিত।মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, দেশে ভালো মানের গুঁড়ো দুধ উৎপাদন হচ্ছে। কিন্তু এর উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ওপর শুল্ক বেশি হওয়ায় উৎপাদিত পণ্যের দাম বেশি পড়ছে। তিনি কাঁচামালের ওপর থেকে শুল্ক কমিয়ে প্রয়োজনে আমদানি করা দুধের ওপর বেশি হারে শুল্ক আরোপের প্রস্তাব করেন।সাংসদ আতিউর রহমান বলেন, মানুষের আয় বেড়েছে। দরিদ্র জনগণ এখন আর মোটা চালের ভাত খেতে চায় না। সামান্য খরচ বাড়িয়ে চিকন চালের ভাত খায়।আজকের বাজেট আলোচনায় আরও অংশ নেন সাংসদ আবদুস সালাম, হুইপ শেখ আবদুল ওহাব, ফজিলাতুন্নেসা ইন্দিরা, তানভীর শাকিল, তারানা হালিম, ফজিলাতুন্নেসা বাপ্পি, আনোয়ারুল আশরাফ, আসাদুজ্জামান খান কামাল, বীরেন শিকদার, গোলাম ফারুক খন্দকার, আবদুর রহমান বদি প্রমুখ।