‘বিনোদিনী’ অনেক দিন মঞ্চে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থিয়েটারের বিনোদিনী নাটকটির আজ সন্ধ্যায় শততম প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়। বিনোদিনী নাটকে একক অভিনয় করেছেন শিমূল ইউসুফ। কথা হলো তাঁর সঙ্গে।খুব অল্প সময়ে ‘বিনোদিনী’ নাটকটির শততম মঞ্চায়ন হচ্ছে?হ্যাঁ, নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ২০০৫ সালের ১৮ ফেব্রুয়ারি। আরও আগেই শততম প্রদর্শনী হতো, কিন্তু গেরিলা ছবির শুটিংয়ের সময় এক সড়ক দুর্ঘটনায় আমি গুরুতর আহত হয়েছিলাম। এরপর অনেক দিন অভিনয় করতে পারিনি। বাংলা নাট্যমঞ্চে ‘বিনোদিনী’ একটি ঐতিহাসিক চরিত্র। আপনি সেই চরিত্রে অভিনয় করেছেন। শততম প্রদর্শনীর আগে কেমন অনুভূতি হচ্ছে?শুরুর দিকে মনে হতো, আমি মুখস্থ করে আরেকজনের আত্মজীবনী পাঠ করছি। তাও আবার সাধু ভাষায়। একটা সময় তা পাল্টে যায়। নতুন বোধ তৈরি হয়। মনে হলো, এগুলো তো প্রত্যেক থিয়েটারকর্মীর মনের কথা। আমারও কথা। ওই সময়ের একজন থিয়েটারকর্মীর সংগ্রামের সঙ্গে আজও অনেক মিল রয়েছে। এখনো আমরা থিয়েটারকে দর্শকদের অনেক কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছি। এখানো পেশাদার থিয়েটার চর্চা পুরোপুরি গড়ে ওঠেনি।নাটকটির প্রদর্শনীর কোনো উল্লেখযোগ্য ঘটনা মনে পড়ে?বিনোদিনীর চতুর্থ প্রদর্শনী শেষে একজন মহিলা এসে তাঁর হাতের আংটি খুলে আমাকে দিয়ে চোখ মুছতে মুছতে চলে যান। এরপর তাঁকে আর পাইনি। আমি খুব আপ্লুত হয়েছিলাম। মনে হচ্ছে, তিনি আংটিটি দিয়ে আমাকে বিনোদিনী চরিত্রটি করতে আরও শক্তি জুগিয়েছেন। ৫০তম প্রদর্শনীর আগের দিন আমার খুব প্রিয় একটি প্রাণী হারিয়েছিলাম। সেলিম ভাই (সেলিম আল দীন) মারা যাওয়ার পাঁচ দিন পর কলকাতায় বিনোদিনীর স্মৃতিবিজড়িত স্টার থিয়েটারে বিনোদিনীর প্রথম প্রদর্শনী করেছিলাম। আজ তো শততম প্রদর্শনী হচ্ছে। নাটকটির আর কতগুলো প্রদর্শনী করার ইচ্ছা আছে?বিনোদিনী নাটকটি কিন্তু বিনোদিনীর প্রতি ঢাকা থিয়েটারের শ্রদ্ধাঞ্জলি। যতদিন আমি বিনোদিনীকে যথাযথভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারব, ততদিনই করব। আশা করছি, আরও অনেক দিন মঞ্চে বিনোদিনী নাটকটি থাকবে।