‘বিনোদিনী’র শতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে পেশাদারি বাংলা থিয়েটারের উন্মেষকালের অবিস্মরণীয় এক অভিনেত্রী মঞ্চকুসুম বিনোদিনী দাসী। তাঁর আত্মজীবনীর মঞ্চাভিনয় বিনোদিনীর প্রথম মঞ্চায়ন হয়েছিল ২০০৫ সালের ১৮ ফেব্রুয়ারি। উদ্বোধনী দিন থেকেই ঢাকা থিয়েটারের এই নাটকটি প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় বিনোদিনীর ১০০তম মঞ্চায়ন হলো।আধুনিক বাংলা থিয়েটারের প্রথম নারী অভিনয়শিল্পী হিসেবে শ্রীমতী বিনোদিনী দাসী অক্ষয় আসনে আসীন। মঞ্চকুসুম শিমূল ইউসুফ দীর্ঘ ছয় বছর ধরে যেন বা তাঁরই প্রতিরূপ হয়ে পরম মমতায় মঞ্চে মূর্ত করে চলেছেন বিনোদিনী দাসীর যাপিত জীবন। সাইমন জাকারিয়ার গ্রন্থনা ও গবেষণায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘মুক্তিযুদ্ধের সংস্কৃতি উৎসব’-এর দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার নাটকটির মঞ্চায়ন। এদিন আরও মঞ্চস্থ হয় কলকাতার নাট্যদল অনীকের নাটক তপতী। এ ছাড়া উন্মুক্ত মঞ্চে সংগীত পরিবেশন করেন উদীচী ও স্বননের শিল্পীরা। আবৃত্তিতে অংশ নেন লায়লা আফরোজ ও বেলায়েত হোসেন। স্টুডিও থিয়েটার মিলনায়তনে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চলচ্চিত্র মেঘের অনেক রং, মূকাভিনয়ে অংশ নেয় প্যান্টোমাইম মুভমেন্ট ও জাদু প্রদর্শন করেন এম এ জলিল।বিনোদিনী নাটকের শততম মঞ্চায়নের আগে বিকেলে একাডেমীর সেমিনার কক্ষে আয়োজন করা হয় ‘বিনোদিনী: আত্মজীবনীর মঞ্চকাব্য’ সেমিনার। এতে মূল প্রবন্ধ পাঠ করেন লুৎফর রহমান। সভাপতিত্ব করেন আফসার আহমদ। সন্ধ্যায় নাট্যশালার সম্মুখ চত্বরে প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র। এটি নির্মাণ করেছেন বাবুল বিশ্বাস।