‘বিন্দু বিন্দু’ ব্রাজিল
বিশ্বকাপ মানেই ৩২ দল আর ৬৪টি ম্যাচ নয়। সেই গণ্ডি ছাড়িয়ে বিশ্বকাপ হয়ে ওঠে বর্ণিল মহোৎসব। বিশ্বকাপ কাভার করতে গিয়ে কাছ থেকে সেই উৎসব দেখেছেন পবিত্র কুন্ডু। সেই অভিজ্ঞতা নিয়ে এই ধারাবাহিক রচনাআর্জেন্টিনা দলকে দেখার পর অবশ্য কর্তব্য হয়ে দাঁড়াল ব্রাজিলকে দেখা। আগের দিন ব্রাজিল সংবাদ সম্মেলন করেছে র্যান্ডপার্ক ব্রিজের ফেয়ার হোটেলে। কিন্তু সাংবাদিকদের কাছে নাকি তেমন আকর্ষক মনে হয়নি। উল্টোপাল্টা কিছু প্রশ্ন করবেন সাংবাদিকেরা, দুঙ্গা ঢোক গিলে জবাব দেবেন, তাহলেই না জমে ব্যাপারটা! এটা একেবারেই জলবৎতরলং হলো। ও গ্লোবোর সাংবাদিক ফার্নান্দোকে বললাম, আপনারা সবাই ষষ্ঠ শিরোপার স্বপ্নে এতটাই বুঁদ যে, দুঙ্গাকে চটাতে চাইছেন না! ফার্নান্দোর মুখে হাসি, ‘তা নয়। ও ব্যাটাকে (দুঙ্গা) কী প্রশ্নই বা করব। প্রশ্ন করলে তো রোনালদিনহোর প্রসঙ্গ আসবে। কিন্তু ও তো উত্তর দেবে না।’ দুঙ্গা মিডিয়ার কাছে কতটা অপ্রিয় ছিলেন, এ কথাতেই খানিকটা প্রমাণ আপনি পেয়েছেন।যা হোক, নিজে স্বস্তি পেলাম এই ভেবে যে আগের দিনের সংবাদ সম্মেলনে না যেতে পারায় খুব বেশি কিছু তাহলে মিস করিনি। থাইল্যান্ডের এক সংবাদিক (আনুচিত) মজার এক তথ্য দিলেন, ব্রাজিলের চেয়ে পরের দিনের আর্জেন্টিনার সংবাদ সম্মেলন নাকি সাংবাদিক টেনেছে বেশি। বিস্ময়করই ঠেকল ব্যাপারটি। কারণ, পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল সব দিকেই সেরা বলে জানি। সমর্থক সংখ্যায় ২০ কোটি মানুষের দেশটি সবার ওপরে থাকে, সাংবাদিক বহরেও তাই। এক ও’গ্লোবো মিডিয়া হাউজ থেকেই তো আসে পঞ্চাশের বেশি সাংবাদিক। আসল ব্যাপারটা হলো, এবার আর্জেন্টিনাকে নিয়ে অন্য দেশের আগ্রহ ছিল বেশি। ব্রাজিলের সাংবাদিক কমেনি। এক দিন পর ফেয়ার হোটেলের ব্রাজিল-আস্তানায় গিয়ে তো দেখাই গেল সবকিছু।র্যান্ডবার্গ হাইস্কুল মাঠের অনুশীলন সূচিটা বাতিল করে দিয়ে দুঙ্গা পড়ে রইলেন হোটেলে। জানিয়ে দেওয়া হয়েছিল, অনুশীলনটা উন্মুক্ত। কিন্তু কোচের ইচ্ছাই সব। তিনি যদি বলেন, উন্মুক্ত নয়, তো তা-ই সই। তিনি যদি বলেন, মিডিয়ার সামনে কথা বলবেন না, সেটিই শিরোধার্য। গিয়ে দেখলাম, বিশাল হোটেলের বেজমেন্টের লবিটা সাংবাদিক-অরণ্য। ওপরের তলায়ও সাংবাদিক গিজগিজ করছে, রেস্তোরাঁ-কফির শপ যেখানেই যাই, ‘ঠাঁই নাই ঠাঁই নাই’ অবস্থা। পাওয়া গেল রয়টার্সের সিনিয়র সাংবাদিক ব্রায়ান হোমউডকে। ২০০২ বিশ্বকাপ কভার করতে গিয়ে সখ্য হয়েছিল হোমউডের সঙ্গে। জীবন থেকে হারিয়ে গেছে আটটি বছর—অনেক সময়। হোমউডের কপাল চওড়া হয়ে গেছে অনেক। বিরল কেশের অধিকারী এখন তিনি। তবে সেই অমায়িক হাসিটা এখনো অমলিন। কফিতে চুমুক দিচ্ছেন আর ল্যাপটপে লিখে চলেছেন। দুঙ্গা ও তাঁর দল সম্পর্কে বিশেষ কিছু পেলেন তিনি? ‘না, কিছুই পাইনি’, মাথা নাড়েন এই ইংলিশ সাংবাদিক, জীবনের ২০টা বছর যিনি ব্রাজিল ফুটবল দলের পেছনে ছুটে বেড়াচ্ছেন অদ্ভুত এক নেশার মতো। দুপুরে কিছুই খাওয়া হয়নি। ব্রাজিল দলের হদিস পেতেই দুপুর গড়িয়ে ঢুকে পড়েছে বিকেলের ম্লান আলোয়। হালকা কিছু স্ন্যাকস পেটে ঢোকানো হলো। পেছনের মস্ত লনটাতেই দেখলাম অনেকে উদর পুরে খেয়ে নিচ্ছেন। ওপার বাংলার বঙ্গজ সাংবাদিকেরাও টেবিল পেতে ভাত-মাংস খাওয়া শুরু করে দিয়েছেন। অদূরেই টিভি ক্যামেরাম্যান ও ফটোগ্রাফাররা তাঁদের ক্যামেরাগুলো তাক করে রেখেছেন দূরের কোনো লক্ষ্যবস্তুর দিকে। সেই বস্তুগুলো গলফ কোর্সের গাছগাছালির ফাঁক দিয়ে একটু দৃষ্টিসীমায় আসতেই হুল্লোড়, ‘ওই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটাই কাকা হবে, তাঁর পাশে রবিনহো...।’ ব্রাজিল দলকে নিয়ে দুঙ্গা তাহলে হোটেলের চার দেয়ালের মধ্যে বসে নেই! ষষ্ঠ শিরোপার তপস্যা পর্ব তিনি চালিয়েই যাচ্ছেন। কালো জার্সি পরা কাকা-রবিনহো-ফ্যাবিয়ানোদের শরীরগুলোকে কালো সরল রেখার বেশি মনে হয় না। কিন্তু তা দেখেই কী উল্লাস! বোতল ব্রাশের ঝোপ থেকে সরে আসায় একবারই পুরো অবয়ব দেখা গেল। গোল হয়ে দাঁড়িয়েছেন খেলোয়াড়েরা, কোচ দুঙ্গা মাঝখানে দাঁড়িয়ে তাঁদের কিছু বললেন। তার পরই তাঁরা সার বেঁধে হেঁটে আসতে লাগলেন হোটেলের দিকে। অনেকেই রেকর্ডার, খাতাপত্র নিয়ে প্রস্তুত। কিন্তু তাঁরা গতিপথ বদলে পাশের দালানের দিকে চলে গেলেন। সবার সামনে গোলরক্ষক হুলিও সিজার, পরপর জিলবার্তো সিলভা, কাকা, ফ্যাবিয়ানো, রবিনহো, এলানো, ফিলিপ মেলো...। এদিকে এলে কী এমন ক্ষতি হতো! জানা গেল, জিম আর ‘সওনা বাথ’ করতেই তাঁদের ওদিকে পা ফেলা। শেষ হলো ব্রাজিল দর্শন। শেষ হলো রহস্যের অবগুণ্ঠনে ঢাকা পেন্টাজয়ীদের এক পলক দেখার আকুতি। পুরো বিশ্বকাপে ব্রাজিলকে দেখতে হয়েছে ওভাবেই। মাঠেও তো তাই। ৫ মিনিট গেছে, ১০ মিনিট গেছে—অপেক্ষায় থেকেছি এই বুঝি সেই ক্ষণটা এল, সাম্বা ফুটবলের দর্শনান্দের। কিন্তু সেই মুহূর্তগুলো বেশি আসেনি। শেষে তো তা কোয়ার্টার ফাইনালেই মিলিয়ে গেল চোখের জলে।ব্রাজিলের তুলনায় স্পেন দলটা ছিল অনেক বেশি প্রাণবন্ত। সুইজারল্যান্ডের কাছে হার দিয়ে শুরু হয়েছিল স্পেনের বিশ্বকাপ। দ্বিতীয় ম্যাচ ২-০ গোলে জেতার পরও তাদের অস্তিত্বের লড়াই চলেছে। তবু পচেফস্ট্রুমের আস্তানায় সাংবাদিকেরা স্পেনকে দেখেছেন নির্ভার। কোচ ভিসেন্তে দেল বস্কের ছায়াসঙ্গিনী ছিলেন মিডিয়া অফিসার পালোমা। কোনো স্প্যানিশ সাংবাদিক ‘পালোমা’ বলে ডাক দিলে তাঁকে এড়িয়ে যেতে দেখা যায়নি। কোচের সঙ্গে কথা বলে যথাযথ জবাব দিয়েছেন। একই ব্র্যাকেটে থাকা সেরা দুই ফেবারিট তাহলে দুই মেরুতে গিয়ে বসেছিল বিশ্বকাপের শুরুতেই?