পাকিস্তান খেলোয়াড় পাঠাবে না, বাংলাদেশের খেলোয়াড়দের গতবারের পারিশ্রমিকও বাকি রয়েছে। এ রকম আরও কিছু জটিলতার কারণে গুঞ্জন, হয়তো পিছিয়ে যাবে বিপিএল। কিংবা শেষ পর্যন্ত বিপিএল হয়তো এবার হবেই না। তবে কাল রাতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে এক সভায় বসার আগে সব আশঙ্কা উড়িয়ে দিলেন বিপিএল প্রধান আফজালুর রহমান সিনহা বিপিএল ঠিক সময়ে শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তার কথা শোনা যাচ্ছে। আসলে কী অবস্থা?আফজালুর রহমান সিনহা: ইনশাআল্লাহ, ঠিক সময়েই বিপিএল শুরু হবে। আমি এখন পর্যন্ত আশাবাদী। বিপিএল নিয়ে কোনো সংশয় দেখছি না। কিন্তু পিসিবি তো খেলোয়াড় দেবে না বলছে। তাহলে পাকিস্তানের খেলোয়াড়দের ছাড়াই বিপিএল হবে?আফজালুর: সংশয়টা কেন তৈরি হয়েছে আপনারাও জানেন। মাঝে সাবেক বোর্ড সভাপতি হঠাৎ করেই বললেন, পাকিস্তান সফরের ব্যাপারে তিনি কোনো প্রতিশ্রুতি দেননি। এ জন্যই পাকিস্তান বলছে তারা খেলোয়াড় না-ও পাঠাতে পারে। তবে এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ রকম কিছু পাইনি। তা ছাড়া বিসিবি সভাপতিও আপনাদের বলেছেন, আগামী মার্চ বা এপ্রিলে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা আছে। কাজেই আমরা এখনো আশা করি, পাকিস্তানের খেলোয়াড়েরা আসবেন। কথা ছিল ক্রিকেটাররা লিখিতভাবে গতবারের বকেয়া টাকা পাওয়ার কথা নিশ্চিত করবে বোর্ডকে। সব খেলোয়াড় কি সেটা দিয়েছেন?আফজালুর: জানি না সবাই লিখিত দিয়েছে কি না। কয়েকটা পেয়েছি। তবে ফ্র্যাঞ্চাইজিরা কমিটেড সব টাকা তারা শোধ করবে। এ ব্যাপারে সব খেলোয়াড়ের কাছ থেকেই এনওসি নেওয়া হবে। ১০ তারিখ পর্যন্ত সময় ছিল। ফ্র্যাঞ্চাইজিরা আরেকটু সময় চেয়েছে। তা ছাড়া এসব নিয়ে আমি কোয়াবের সেক্রেটারি দেবব্রতের সঙ্গে কথা বলেছি। দুর্জয় (নাঈমুর রহমান) তো তাদের সভাপতিই। তাদের বলেছি, কার কত বকেয়া আমাকে বিস্তারিত জানাতে। খেলোয়াড়দের এবারের পারিশ্রমিকের ২৫ শতাংশও তো এর মধ্যেই বোর্ডকে দিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিগুলোর। সবাই দিয়েছে?আফজালুর: এক শ ভাগ ব্যাংক গ্যারান্টিই নেওয়া হবে। টুর্নামেন্ট শুরুর আগেই এটা দিতে হবে। আমি একটা ব্যাপার নিশ্চিত করতে চাই—আমি থাকতে বিপিএলে নেতিবাচক কিছু হবে না। আমরা চাই, টুর্নামেন্টটা করতে। পাকিস্তান সফর, বিসিবির গঠনতন্ত্র নিয়ে সাম্প্রতিক যে আলোচনা...বিপিএল নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করছে কি না সেটাও দেখতে হবে। আপাতত আমাদের মূল উদ্দেশ্য বিপিএলটা ঠিকভাবে আয়োজন করা। ফ্র্যাঞ্চাইজিগুলো শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা না করলে কী হবে?আফজালুর: দু-চারটা সমস্যা থাকলে বিপিএল হয়ে যাবে। আর যদি দেখি বড় বড় সমস্যা রয়ে গেছে, সমাধান হচ্ছে না, তাহলে বিসিবির সভায় সমাধান খোঁজা হবে। মূলত পাকিস্তান সফর নিয়ে কাল (আজ) একটা বোর্ড সভা হবে। বিপিএল নিয়েও আলোচনা হতে পারে সেখানে। বিসিবিতে আগেও ছিলেন। কিন্তু এবার অস্থায়ী কমিটিতে এসেই কঠিন পরীক্ষায় পড়ে গেছেন। কেমন লাগছে?আফজালুর: আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আগে যা হয়ে গেছে তাতে আমাদের কিছু করার নেই। তার পরও আমি ফ্র্যাঞ্চাইজি, গেম অন সবাইকে বলেছি কোনো সমস্যা হলে যেন আমাকে সরাসরি জানানো হয়। একটা ব্যাপার নিশ্চিত থাকুন, আমি কোনো অন্যায় হতে দেব না। আমি থাকতে কোনো আন্ডারহ্যান্ড ডিলিং (গোপনে কোনো কাজ) কেউ করতে পারবে না।