ফুটবল মাঠে এখন আর ব্যক্তিগত দ্বৈরথ সেভাবে দেখা যায় না। তবে কাল যেন পুরোনো দিনে ফিরে গেলেন দুই বন্ধু দেশের সবচেয়ে অভিজ্ঞ দুই গোলরক্ষক। শেখ রাসেলের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের বিপক্ষে জিততে জিততে হারলেন আমিনুল হক। ম্যাচের পর এটা নিয়েই স্মৃতিচারণা করলেন বিজেএমসির গোলরক্ষক বিপ্লবের কাছে তো আজ হেরে গেলেন। ব্যক্তিগত দ্বৈরথের ব্যাপারটা মনে ছিল?আমিনুল হক: আসলে ওভাবে এখন আর ভাবি না। আমরা দুজন অনেক দিনের বন্ধু। বিপ্লব ভালো করলে ভালো লাগে। কখনো ওর অমঙ্গল চাই না। আজ ওর দল জিতেছে। আমরা ভালো খেলেও হেরেছি। খুব খারাপ লাগছে। একটা সময় মনে হচ্ছিল জিতবেন আপনিই। কিন্তু শেষ রক্ষা হলো না। আপনার দল ৪-৩ গোলে হেরে গেল...আমিনুল: আমি চেষ্টা করেছি ভালো কিপিং করতে। ভালোও করছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের দল খেই হারিয়ে ফেলে। মনে হচ্ছিল শেষ রক্ষা করতে পারব না হয়তো। বিপ্লবও দ্বিতীয়ার্ধে দুটি ভালো সেভ করেছে। ওকে কৃতিত্ব দিতে হবে। শুরুতে বিপ্লব বাজে একটা গোল খেলেন। তা দেখে কী ভাবছিলেন পোস্টের নিচে দাঁড়িয়ে?আমিনুল: ভাবছিলাম, এ সুযোগটা কাজে লাগিয়ে জিততে হবে আমাদের। প্রতিপক্ষ হিসেবে তো চাইবই ওর বিরুদ্ধে গোল পাই আমরা। তবে বিপ্লব খারাপ করলে আমার খারাপই লাগে। আপনি আজ ৪ গোল খেলেও সেরা ফর্মেই যেন ফিরে যাচ্ছিলেন। কখনো কি মনে হয়েছে বিপ্লবকে আজ হারিয়ে দেব?আমিনুল: আমি নিজে আত্মবিশ্বাস নিয়ে খেলছিলাম। রাসেলের বেশ কয়েকটা সুযোগ আটকে দিয়েছি। আসলে ব্যক্তিগত লড়াই তো বড় ব্যাপার নয়, বড় হচ্ছে দলের জয়। সেটাই যখন আমরা পেলাম না, ব্যক্তিগত লড়াইয়ের কথা বলে আর কী লাভ! ম্যাচের পর বিপ্লবের সঙ্গে কথা হয়েছে?আমিনুল: হ্যাঁ, ম্যাচের পর ও এসে আমাকে বলল, ‘ব্যাড লাক’। আমি বললাম, ‘ইটস ওকে’। খেলায় হারজিত আছে। মাঠে নামার আগেও ওর সঙ্গে কথা হয় সব সময়। হ্যান্ডশেক, কোলাকুলি করি। বিপ্লবের জন্য শুভকামনা থাকে সব সময়। এমনিতে আপনাদের মধ্যে মাঠের বাইরে যোগাযোগ হয়? আমিনুল: সেভাবে আসলে হয় না। মাঠেই যা একটু কথা হয়। এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত। জাতীয় দলে থাকার সময় একসঙ্গে বহু সময় কাটিয়েছি। সেই স্মৃতিগুলো অমলিন হয়ে আছে। আপনি এবং বিপ্লব একসঙ্গে দীর্ঘদিন জাতীয় দলে ছিলেন। বলা হয়, আপনার ছায়ায় ঢাকা ছিলেন বিপ্লব। এসব মনে পড়লে কেমন লাগে?আমিনুল: নস্টালজিক হয়ে যাই। ২০১১ সালে অবসর নিই। এর আগ পর্যন্ত অনেক বছর দুজন ছিলাম জাতীয় দলে। সেই অনূর্ধ্ব-১৬ থেকেই একসঙ্গে খেলে এসেছি। ও খুব মজার একটা ছেলে। ক্যাম্পটা মাতিয়ে রাখত। এটা খুব মিস করি। সেই দিনগুলো কোথায় যে হারিয়ে গেল, ভাবলেই খারাপ লাগে। বিপ্লবের সঙ্গে কোনো স্মৃতিটা আপনার বেশি মনে পড়ে?আমিনুল: ২০০৫ সালে করাচিতে আমরা সাফ ফুটবলে খেলতে যাই। কোচ ছিলেন ক্রুসিয়ানি। একদিন বিপ্লব ওর স্ত্রীর জন্য একটা বোরকা কিনল। মজার ব্যাপার, ও সেই বোরকা পরে মেয়ে সেজে হোটেলের লবিতে হাঁটতে শুরু করল (হাসি)। বলেন কী! আমিনুল: ও আসলে মজার মজার কাণ্ড করতে ভালোবাসে। সেদিন মেয়ে সাজা বিপ্লবকে দেখে আমরা তো কেউ বুঝতেই পারিনি। এই মেয়ে কোত্থেকে এল...সে কী হাসি গোটা দলে! দারুণ একটা সময় ছিল আসলে। এই স্মৃতিটা আমার প্রায়ই মনে পড়ে।