হত্যা-গুম, বিচারবহির্ভূত হত্যা, সীমান্তে বাংলাদেশি হত্যাসম্পর্কিত প্রশ্নের জবাব মেলে না। জবাব এড়ানোর শীর্ষে স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী
‘বিব্রতকর’ প্রশ্নের জবাব দেন না মন্ত্রীরা
সংসদ জবাবদিহির জায়গা। কিন্তু কোনো প্রশ্ন সরকার, দল বা নিজের জন্য বিব্রতকর হলে মন্ত্রীরা সংসদে তার জবাব দেন না। হত্যা, গুম, খুন বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন হলে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব এড়িয়ে যান। সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার প্রশ্ন হলে জবাব দেন না পররাষ্ট্রমন্ত্রী।বিব্রতকর প্রশ্নের জবাব এড়াতে মন্ত্রীরা সংশ্লিষ্ট প্রশ্নগুলো স্থানান্তর করে দিচ্ছেন। পরবর্তী নির্ধারিত কার্যদিবসে এসব প্রশ্নের জবাব দেওয়ার বিধান থাকলেও শেষ পর্যন্ত দেন না। জবাব এড়ানোর ক্ষেত্রে শীর্ষে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সাংসদদের কাছে পাঠানো প্রশ্ন-তালিকা, বুলেটিন ও সংসদের কার্যপ্রবাহের সারাংশ থেকে এ তথ্য পাওয়া গেছে।সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সংসদের প্রতিটি বৈঠকের প্রথম এক ঘণ্টা প্রশ্ন ও উত্তরের জন্য নির্দিষ্ট থাকবে। মৌখিক উত্তর দেওয়ার জন্য নির্ধারিত সময় শেষে যেসব প্রশ্ন ও উত্তর (তারকাচিহ্নিত) অবশিষ্ট থাকবে, সেগুলো টেবিলে উত্থাপিত হয়েছে বলে গণ্য হবে। মন্ত্রী যথাসময়ে প্রশ্নের উত্তর তৈরি করতে না পারলে তাঁর অনুরোধে প্রশ্নটি পরবর্তী নির্ধারিত কার্যদিবসে স্থানান্তর করা যাবে।প্রশ্ন স্থানান্তর সম্পর্কে স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, সংসদে প্রশ্নের জবাব দেওয়া মন্ত্রীদের নৈতিক দায়িত্ব। মন্ত্রীরা ব্যস্ত থাকলে প্রতিমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীকে দায়িত্ব দিতে পারেন। কিন্তু প্রশ্ন স্থানান্তর কাম্য নয়।দুই হাজারের বেশি প্রশ্ন স্থানান্তর: সংসদের কার্যপ্রবাহের সারাংশ পর্যালোচনা করে দেখা গেছে, প্রথম অধিবেশনে ৫৬টি, দ্বিতীয় অধিবেশনে ৪৮, তৃতীয় অধিবেশনে ১০৪, চতুর্থ অধিবেশনে ৫১৩, পঞ্চম অধিবেশনে ৪৭০, ষষ্ঠ অধিবেশনে ৭০, সপ্তম অধিবেশনে ৪৩, অষ্টম অধিবেশনে ১৬২, নবম অধিবেশনে ২০০, দশম অধিবেশনে ১৪, একাদশ অধিবেশনে ১০৮ এবং সর্বশেষ দ্বাদশ অধিবেশনে ২২১টি প্রশ্ন স্থানান্তর হয়েছে। হিসাবে দেখা যায়, ১২টি অধিবেশনে মৌখিক (তারকাচিহ্নিত প্রশ্ন) এবং লিখিত জবাব দেওয়ার জন্য প্রায় ২৫ হাজার প্রশ্ন গৃহীত হয়। এর মধ্যে মন্ত্রীরা জবাব দিয়েছেন প্রায় ২২ হাজার প্রশ্নের। জবাব এড়ানোর জন্য স্থানান্তর করেছেন দুই হাজার ২১টির মতো প্রশ্ন। বাকি প্রশ্নগুলো অধিবেশন শেষ হয়ে যাওয়ায় উত্থাপিত হয়নি। স্থানান্তর ও বাতিল প্রশ্নসহ মোট তামাদি প্রশ্নের সংখ্যা ১৩ হাজার ৯৬২। প্রশ্ন স্থানান্তর সম্পর্কে সংসদবিষয়ক গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিজাম উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, প্রশ্ন স্থানান্তর মন্ত্রীদের জবাবদিহি এড়ানোর একটি কৌশল। রাষ্ট্রের কাছে সরকারের নির্বাহী বিভাগের জবাবদিহির জায়গা সংসদ। সেই সংসদে মন্ত্রীরা প্রশ্নের জবাব এড়িয়ে গেলে তাতে সাংসদ ও জনগণের অধিকার ক্ষুণ্ন হয়।সাহারা-দীপু মনি শীর্ষে: বুলেটিনে দেখা গেছে, ১১টি অধিবেশনে সবচেয়ে বেশি প্রশ্ন স্থানান্তর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি হত্যা, খুন, গুম, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা-পরিস্থিতিসংক্রান্ত সরকারি ও বিরোধী দলের সদস্যের অনেক প্রশ্নের জবাব দেননি। একইভাবে ভারতের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক চুক্তি এবং সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়সহ অন্যান্য আরও অনেক প্রশ্নের জবাব দেননি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। সংসদের চলতি অধিবেশনে গত ৩১ মে জাতীয় পার্টির হোসেন মকবুল শাহরিয়ার এক বছরের গুপ্তহত্যার হিসাব জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যের খতিয়ান তুলে ধরেন। গুপ্তহত্যা-সম্পর্কিত প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।নবম অধিবেশনে সরকারি দলের আবদুল্লাহ আল কায়সার জানতে চান, বর্তমান সরকারের আমলে সারা দেশে কতজন খুন হয়েছেন এবং তার বিপরীতে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নটির জবাব দেননি। একই অধিবেশনে বিএনপির এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্ন ছিল, ‘পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলবেন কি, সীমান্তে পাখির মতো বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করবে কি না; করিলে ব্যবস্থাগুলো কী?’ পররাষ্ট্রমন্ত্রী এ প্রশ্নের জবাব দেননি। প্রশ্ন স্থানান্তর সম্পর্কে সাহারা খাতুন প্রথম আলোকে বলেন, ‘প্রশ্ন কেন স্থানান্তর করছি, তার জবাব স্পিকার দিতে পারবেন।’বুলেটিনের হিসাব অনুযায়ী, নবম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ২৬টির মতো প্রশ্ন স্থানান্তর করেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ২৪টি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২২টি এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ ১০টির মতো প্রশ্ন স্থানান্তর করেন। দশম অধিবেশন স্থায়ী হয়েছিল চার দিন। এ অধিবেশনে আইনমন্ত্রী পাঁচটি এবং স্থানীয় সরকারমন্ত্রী তিনটি প্রশ্ন স্থানান্তর করেন। একাদশ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ৩০, পররাষ্ট্রমন্ত্রী ১৬ এবং অর্থমন্ত্রী আটটি প্রশ্ন স্থানান্তর করেন। প্রশ্ন স্থানান্তর সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি তাঁর জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম কবিরের মাধ্যমে জানান, তিনি দেশের বাইরে থাকায় মাঝেমধ্যে প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না হলেও পরের নির্ধারিত দিনে স্থানান্তরিত প্রশ্নের জবাব দিয়েছেন। কিন্তু হিসাবে দেখা গেছে, সর্বশেষ দ্বাদশ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী এড়িয়ে গেছেন ১৮টি প্রশ্নের জবাব। এ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী ১০২টি প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন। এ ছাড়া দ্বাদশ অধিবেশনে অর্থমন্ত্রী ৩০টি ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ২১টি প্রশ্ন স্থানান্তর করেন। অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীরাও কমবেশি প্রশ্ন স্থানান্তর করেছেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টি অধিবেশনে কোনো প্রশ্ন স্থানান্তর করেননি।আলোচনা এড়ানোর কৌশল: হিসাবে দেখা যায়, সংসদ অধিবেশনের শেষের দিকে প্রশ্ন স্থানান্তরের পরিমাণ বেড়ে যায়। প্রতি ১০ কার্যদিবস অন্তর চক্রাকারে মন্ত্রণালয়গুলোর প্রশ্নের জবাব দেওয়ার দিন নির্ধারিত হয়। এই চক্র অনুযায়ী প্রশ্নোত্তরের জন্য পরবর্তী নির্ধারিত কার্যদিবস না থাকলে বিষয়টিকে মন্ত্রীরা সুযোগ হিসেবে নিয়ে থাকেন। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেন, প্রশ্ন স্থানান্তর করে পরের কার্যদিবসে জবাব দেওয়াটাও জবাবদিহি এড়ানোর কৌশল। এটি সার্বভৌম সংসদের জন্য খারাপ দৃষ্টান্ত।