‘বিভ্রান্তির রাজনীতি’ থেকে বেরিয়ে আসুন: ফারুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিভ্রান্তির রাজনীতি’ থেকে বেরিয়ে আসতে শাহবাগের তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।বিএনপিপন্থী চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছে, তা নিরপেক্ষ নয়—এমন অভিযোগ করে ফারুক বলেন, সত্যিকার অর্থে যুদ্ধাপরাধীদের বিচার চাইলে সেখানে সর্বস্তরের মানুষকে বক্তব্য দিতে দেওয়া হতো। তিনি বলেন, ‘শাহবাগে যদি ইলিয়াস আলী, চৌধুরী আলম গুম হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, আবুল হোসেন ও সুরঞ্জিতের দুর্নীতি নিয়ে কথা বলার সুযোগ থাকত, তাহলে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার দুটি সন্তানও সেখানে যেত।’ তিনি অভিযোগ করেন, ‘বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা ওই আন্দোলনে না গেলে হয়ে যাচ্ছে রাজাকার, আর গেলে হচ্ছে মুক্তিযোদ্ধা।’ একে তিনি ‘বিভ্রান্তির রাজনীতি’ হিসেবে অভিহিত করেন।সরকারের সমালোচনা করে ফারুক বলেন, ‘সরকারের পচন ধরেছে। তাদের ব্লাড টেস্ট করা দরকার।’ তিনি বলেন, এই সরকার একদিকে সংলাপের কথা বলছে, আরেকদিকে গ্রামে-শহরে বিরোধী দল দমন কমিটি গঠন করছে। এতেই প্রমাণ হয়, সংলাপের প্রস্তাবে সরকারের আন্তরিকতা নেই। তিনি বলেন, জনগণের দাবির মুখে এই সরকার পতনে বাধ্য হবে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি আজিজুল হক। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার, আইনজীবী জয়নাল আবদীন, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।