ভারতে জঙ্গি তত্পরতায় জড়িত সিলেটের নান্নু মিয়া ওরফে বিল্লাল ওরফে বেলাল মণ্ডল (৩৫) ছিলেন পরিবারের ‘নিখোঁজ’ সন্তান।নান্নু মিয়া বাড়ি থেকে ‘নিখোঁজ’ হয়েছিলেন ১৩ বছর বয়সে। পরিবার যখন তাঁর আশা প্রায় ছেড়ে দিয়েছিল, ঠিক তখন একদিন সস্ত্রীক বাড়ি ফেরেন তিনি। বিয়ে করেন ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির সৈয়দমণ্ডল বাড়ির মেয়ে সৈয়দা খাদিজাকে। প্রায় এক মাস ছিলেন সিলেটের গ্রামের বাড়িতে। এটাও প্রায় এক যুগ আগের কথা।এরপর আবার দীর্ঘদিন ‘নিখোঁজ’ ছিলেন নান্নু। তারপর গত বছর কোরবানির ঈদে আবার গ্রামের বাড়ি ফেরেন, তবে একা। এযাত্রায় ছিলেন প্রায় তিন মাস। তখন পরিবারের সদস্যদের নান্নু বলেছিলেন, তিনি ভারত থেকে স্থায়ীভাবে চলে আসবেন বাড়িতে। এ দেশে বিয়ে করার জন্য পাত্রীও দেখতে বলেছিলেন বড় বোন হাসনা বেগমকে।হাসনা বেগম প্রথম আলোকে জানান এসব কথা। গতকাল সোমবার নান্নু মিয়ার গ্রামের বাড়িতে গিয়ে কথা হয় পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে। তাঁরা সবাই তাঁকে নান্নু মিয়া নামেই চেনেন, বেলাল মণ্ডল বা বিল্লাল নাম কেউ শোনেননি।নান্নু মিয়া যে ১৯৯৯ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভারতীয় বিমান ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন, সেটা পরিবারের লোকজন বা গ্রামের কেউ জানত না। তবে তিনি যে বিভিন্ন অপরাধে বা অভিযোগে দীর্ঘদিন ভারতের কারাগারে ছিলেন, সেটা তাঁরা আগে থেকেই শুনেছেন।তাঁর বড় বোন হাসনা বেগম বলেন, গত রোববার রাতে সৌদি আরব থেকে তাঁদের এক মামা ফোন করে জানান, নান্নু ঢাকায়। এর আট দিন আগে নান্নু মোবাইল ফোনে বাড়িতে কথা বলেছেন। তখন তিনি ঢাকা থেকে কথা বলছেন বলে হাসনাকে বলেছিলেন।গতকাল বিকেলে দরমপুর গ্রামের বাড়িতে গিয়ে নান্নুর খোঁজ নিলে তাঁর ছোট বোন রুনা বেগম সবিস্ময়ে বলেন, ‘আমার ভাই তো নিখোঁজ আছলা। কেউ খোজতা আইতা না। আফনারাই পয়লা আইলা খুইজ্জা...!’দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্ভুক্ত হলেও দরমপুর গ্রামটির অবস্থান ফেঞ্চুগঞ্জ উপজেলার উপকণ্ঠে। ঢাকা-সিলেট রেললাইন অতিক্রম করে ছোট্ট একটি খাল পার হলেই নান্নুুদের বাড়ি। বাড়ি বলতে টিনশেডের একটি ঘর।গ্রামের মানুষ তাঁকে ‘নিখোঁজ নান্নু মিয়া’ নামে চেনে। নান্নুর বাড়ির খোঁজে গ্রামে ঢুকে প্রথমে প্রবীণ দিলনূর হোসেনকে জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘হে একটা আজব পুয়া (ছেলে)। কই থাকে জিগাইলেই কইত দেশের বাইরে থাকি। দেশের বাইরে কই থাকে, তা কোনো দিন খোলাসা করত না।’ সপ্তাহখানেক আগেও নান্নুকে বাড়িতে দেখেছেন বলে জানান দিলনূর হোসেন। কিন্তু বাড়িতে গেলে নান্নুর পরিবারের সদস্যরা জানান, গত কোরবানির ঈদের সময় তিনি বাড়িতে এসেছিলেন, এরপর আর আসেননি।পারিবারিক সূত্র জানায়, নান্নুর মা-বাবা বেঁচে নেই। ছয় ভাই-বোনের মধ্যে নান্নু দ্বিতীয়। শৈশবে মা মারা যাওয়ার পর নান্নুর বাবা ইলাছ মিয়া দ্বিতীয় বিয়ে করেন। সত্মায়ের সংসার থেকে ১৩ বছর বয়সে হঠাত্ ‘নিখোঁজ’ হন তিনি। তাঁর বড় বোন হাসনা বলেন, পরিবারের বড় ছেলে নিখোঁজ হওয়ায় তাঁদের বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন।নান্নু যে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছেন, এটা পরিবারের সদস্যরা টের পেয়েছিলেন কি না, এ ব্যাপারে জানতে চাইলে তাঁর দুই ভাই আয়াছ ও আয়াজ কোনো কথা বলতে রাজি হননি। বোন হাসনা ও রুনা বলেন, ভাইয়ের গতিবিধি তাঁদের কাছে সন্দেহজনক মনে হয়েছিল। তাই তাঁকে ভারতে যাওয়া-আসা ছেড়ে দিয়ে স্থায়ীভাবে বাড়ি ফেরার জন্য তাঁরা তাগাদা দিতেন।