‘বিমান ধ্বংসের জন্য এক ব্যক্তি দায়ী’
মহাজোটের সাংসদ মুজিবুল হক বলেছেন, বাংলাদেশ বিমান একটি বিপর্যস্ত, অকর্মণ্য ও অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত বক্তব্যে অংশ নিয়ে মুজিবুল হক এ কথা বলেন। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমও বিমানের সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য দেন। এই সাংসদ বিমান ধ্বংসের জন্য একজন ব্যক্তিকে দায়ী করেন। সংবাদমাধ্যম থেকে তাঁরা এটা জানতে পেরেছেন বলে উল্লেখ করেন। তবে তাঁরা ওই ব্যক্তির নাম উল্লেখ করেননি। মুজিবুল হক তাঁর বক্তব্যে আরও বলেন, ‘বিমানের সময়সূচি অনিশ্চিত হয়ে পড়েছে। বিমানবন্দরে যাত্রীরা যে কী পরিমাণ ভোগান্তি আর কষ্টের মধ্যে পড়েন, তা বলে শেষ করা যাবে না। তিনি বলেন, কেবল এক ব্যক্তির কারণে বিমানের এই দুরবস্থা। প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি এ ব্যাপারে সংসদে বেসামরিক বিমান চলাচলমন্ত্রীর বক্তব্য দাবি করেন। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বিমানকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ব্যক্তিবিশেষকে রক্ষা করতে গিয়ে সরকার একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। বিমানের ওই বিশেষ ব্যক্তির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা তিনি জানতে চান। তিনি বলেন, ‘কয়েকজন ব্যক্তির কারণে শেয়ারবাজার ধ্বংস হয়েছে, পদ্মা সেতুর কাজ বন্ধ হয়েছে, হলমার্ক কেলেঙ্কারি হয়েছে। অর্থমন্ত্রী এখনো বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অথচ সরকারের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। হলমার্কের এমন ঘটনার পর এখন পর্যন্ত কেন কেউ গ্রেপ্তার হলো না তা জানতে চাই।’ তিনি আরও বলেন, ব্যবস্থা না নিলে হজ ফ্লাইটের সূচি নিয়েও অনিশ্চয়তা দেখা দেবে। স্বতন্ত্র সাংসদ বলেন, ‘একজন উপাচার্যের কারণে বুয়েটে শিক্ষাকার্যক্রম ভেঙে পড়েছে। ব্যক্তিবিশেষের জন্য কেন সরকারের প্রাণ কাঁদবে?’