‘বিরিজ ভালা থাকলে রিকশা নাইলে ভ্যানে যাইতাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় যুগ পেরিয়ে গেলেও ব্রিজটির নির্মাণকাজ শেষ হয়নি। এতে ৫০ হাজার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। অথচ সেদিকে নজর নেই কর্তৃপক্ষের। সিলেটের গোয়াইনঘাট উপজেলার দামান্দরবিল খালের ওপর নির্মাণাধীন এ ব্রিজ যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।এলাকাবাসী বাধ্য হয়ে ব্রিজটির পাশেই তৈরি করে নিয়েছেন একটি সাঁকো। আর এ সাঁকো দিয়েই পার হচ্ছেন গুরকচি, বীরমঙ্গল, গোরাগ্রাম, হাদারপার, আমবাড়ি, পন্নগ্রাম, সুলতানপুর, আহারকান্দি, লাবু, দেয়ারগ্রাম, ফেনাইকোনা, ছাতারগ্রাম, আলরগ্রাম, দোয়ারাখেল, গহড়া, দহরগ্রাম, টুকইরসহ আশপাশের প্রায় ২০টি গ্রামের মানুষ।এলাকাবাসী জানায়, ১৯৯৭ সালে ব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ১৯৯৮ সালেই অজ্ঞাত কারণে এর কাজ বন্ধ হয়ে যায়। এরপর এ কাজ নতুন করে শুরু হয়নি। ফলে উপজেলা সদর, গুরুকচি ও বীরমঙ্গল বাজারের সঙ্গে এলাকাবাসীর যোগাযোগ রক্ষা করাই দুরূহ হয়ে পড়েছে।এলাকা ঘুরে দেখা গেছে, সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে ছাত্রছাত্রীরা। বিশেষ করে বর্ষা মৌসুমে বীরমঙ্গল প্রাথমিক ও উচ্চবিদ্যালয় এবং গোয়াইনঘাট কলেজের শিক্ষার্থীরা কাদায় মাখা মাখা হয়ে, ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হয়ে যাতায়াত করে। বীরমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সালেহা জানায়, ব্রিজ ভাঙা। তাই বিদ্যালয়ে যেতে ভালো লাগে না তার। শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নজমুল হক বলেন, ‘একটি ব্রিজের কারণে গোটা এলাকার যোগাযোগব্যবস্থাই খারাপ হয়ে গেছে। পায়ে হাঁটা ছাড়া এখন আমাদের গতি নেই।’এলাকার ওষুধ ব্যবসায়ী তাজ উদ্দিন বলেন, ‘ভাঙা ব্রিজের কারণে আমাদের মাইলের পর মাইল হাঁটতে হয়। অথচ ব্রিজটি নির্মিত হলে এ পথে নানা রকম যানবাহন চলাচল করত। মানুষের কষ্ট লাঘব হতো।’একই এলাকার কামরুজ্জামান, কামাল, মনির, নূর আহমদ ও লোকমান জানান, এখনো এ এলাকার কেউ অসুস্থ হলে বাঁশের খাটিয়া বানিয়ে রোগীকে সিলেট কিংবা গোয়াইনঘাটে পাঠাতে হয়। এটা যে কী ভীষণ কষ্টকর, তা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবেন না।বীরমঙ্গল গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক পাথরশ্রমিক বলেন, ‘আমরা বিছনাকান্দি পাথর কোয়ারিত কাম করি। রাইতকু বাজার সওদা লইয়া বাড়িত যাইতে খুব কষ্ট হয়। বিরিজ ভালা থাকলে রিকশা নাইলে ভ্যানে যাইতাম পারতাম।’এলাকার মানুষের অভিযোগ, দামান্দরবিল এলাকা রুস্তমপুর ইউনিয়নে হলেও পশ্চিম জাফলং ইউনিয়নের বেশ কটি গ্রামের মানুষের চলাচলের এটি একমাত্র রাস্তা। দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই একে অন্যের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়িয়ে যান। রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘ব্রিজটির কাজ শেষ করা উচিত, দেখি কী করা যায়।’উপজেলার উপসহকারী প্রকৌশলী তপন সাহা বলেন, ‘এ মুহূর্তে ব্রিজের ব্যাপারে সঠিক কিছু বলতে পারছি না। পরে এ ব্যাপারে কথা বলব।’উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, ‘গোয়াইনঘাটে এ রকম আরও অনেক ব্রিজ রয়েছে। ক্রমান্বয়ে সব ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন করা হবে।’