‘বিরিজডা দেখে মরলিও শান্তি পাতেম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ও ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত গুমানি নদীর ওপরে একটি সেতুর নির্মাণকাজ তিন বছরেও শেষ হয়নি। ঢাকার ঠিকাদার চার মাস আগে কাজ বন্ধ করে চলে গেছেন। সেতুর লোহার রড গোপনে খুলে নিচ্ছে ঠিকাদারের লোকেরা। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর থানায় মামলা করেছে ঠিকাদেরর বিরুদ্ধে। দরপত্র বাতিলের খবর পেয়ে ঠিকাদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উকিল নোটিশ দিয়েছেন।চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা ও পাবনার টেবুনিয়া মহাসড়ক থেকে মান্নাননগর যমুনা সেতু সংযোগ মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে সেতুটির প্রথম নির্মাণকাজ শুরু হয় ২০০৭-০৮ অর্থবছরে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে পাঁচ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ৫১৯ টাকা চুক্তিমূল্যে দ্বিতীয়বার দরপত্রে ঢাকার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড কাজ পেয়ে ২০০৮-০৯ অর্থবছরের শুরুতে সেতুটির নির্মাণ শুরু করে। ১৫৮ দশমিক ৬০ মিটার দৈর্ঘ্য সেতুটির দুটি অ্যাবাটমেন্ট ওয়ালসহ ২০ ভাগ কাজ করে ঠিকাদার চার মাস আগে কাজ ফেলে চলে যান। দরপত্রের চুক্তি অনুযায়ী কাজটি শেষ করার মেয়াদ রয়েছে ২০১০ সালের এপ্রিল মাস পর্যন্ত।উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘ঠিকাদারের গাফিলতির কারণে কাজটি শেষ হচ্ছে না। তাঁর দরপত্র বাতিলের প্রক্রিয়া চলছে এমন খবর পেয়ে আমাদের উকিল নোটিশ দিয়েছে। আবার সেতুতে লাগানো রডগুলো তাঁর সাইট ম্যানেজার দিয়ে খুলে নেওয়ার চেষ্টা করছে। আমরা থানায় মামলা করেছি।’ এলজিইডি পাবনা জেলার নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, ‘ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের দরপত্র বাতিল করা হয়েছে। আমরা আবার বিশ্বব্যাংকের কাছে পুনঃ দরপত্র আহ্বানের অনুমোদন চেয়েছি।’ চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন বলেন, ‘এভাবে উন্নয়নের কাজ ব্যাহত করার জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে ওই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করা উচিত এবং তাঁর জামানত বাতিল করা উচিত।’ ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ বলেন, ‘এটা দুঃখের বিষয়। দুবার দরপত্র করেও সেতুটা শেষ করা গেল না। সেতুটা হলে দুই উপজেলার মাঝে যোগাযোগের সেতুবন্ধন হতো।’ নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী বলেন, ‘মির্জাপুর ও অষ্টমনিষার ৩০টি ধানের চাতাল থেকে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মণ ধান ক্রাসিং হয়ে চাল নৌকায় ঢাকা যায়। সেতুটা হলে সড়কযোগে দ্রুত চাল যেত ঢাকায়।’ অষ্টমনিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিবারত আলী বলেন, ‘এই সেতু নির্মাণ হলে টেবুনিয়া-মান্নাননগর সড়ক চালু হতো। এতে পাবনা-কুষ্টিয়ার বাসগুলো এখান দিয়ে ৫০-৬০ কিমি দূরত্ব বাঁচিয়ে ঢাকায় চলাচল করতে পারত। এখন বাসগুলো বনপাড়া-বাঘাবাড়ী হয়ে ৫০ কিমি ঘুরে ঢাকা যায়।’ মির্জাপুর হাটের ব্যবসায়ী নৃপতি সাহা বলেন, ‘এটা তো আমাগারে কাছে স্বপ্নের বিরিজ। এটা দেখে মরলিও শান্তি পাতেম।’ শাহানগর গ্রামের কৃষক কালু খাঁ বলেন, ‘বিরিজডা হলি আমাগারে খুবই উপকার হতো। নৌকায় করে আর ফসল টানে মির্জাপুর হাটে লেওয়া লাগতো না।’