‘বিশ্ব-পদবল‘ দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতে থাকার দারুণ একটি সময় চলছে। চলছে বিশ্বজুড়েই। কোটি কোটি মানুষ প্রতিদিন প্রতি খেলার চুয়াল্লিশ পায়ের ছোটাছুটি আর কারুকাজ দেখায় ব্যস্ত। সবার জোড়া-জোড়া ‘পলকহীন’ চোখ একেক খেলার জন্য কমপক্ষে পঁচানব্বই মিনিট করে টিভির পর্দায় ফিক্সড।এই ফিকসেশনাল অবশ্য বিশ্বময় আর সব দেশকে নিয়ে বলা। আমাদের জন্য প্রযোজ্য নয়। আমরা এ ব্যাপারে মহা-ব্যত্যয়। একনাগাড়ে পর্দায় এতক্ষণ চোখ রাখার নিয়ম আমাদের নেই। মাঝেমধ্যে চোখকে রেস্ট দেওয়ার পাকাপোক্ত একটি ব্যাপার রয়েছে চোখের সুস্বাস্থ্য রক্ষার জন্য। তবে কিনা কাণ্ডটি টিভি দর্শকদের স্বতঃপ্রণোদিত বা ইচ্ছাপ্রসূত যে তা নয়। চোখের সুস্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যে নিজেরা দারুণ সচেতন, এমনও নয়। পুরো ব্যাপারটি নিয়ন্ত্রণের ভার নিয়েছে আমাদের বিদ্যুতের মানুষেরা।ঘটনাটি খোলাসা করার প্রয়োজন নেই। তবে এই চক্ষু-চিকিৎসার সময়টিতে যে পরিস্থিতি বহুক্ষণ ধরে স্থিতি লাভ করে ঘরে ঘরে, তা না বললেই নয়। যেমন তুমুল হট্টগোল করে খেলা দেখাদেখি হচ্ছে। মাঠের গ্যালারিতে হাজার হাজার বিউগলে একলাগাড়ে ভোঁ-ভোঁ শব্দ, ক্যামেরার ফ্ল্যাশ ঝিলিক দিয়ে উঠছে অনবরত, ধারা বিবরণে কমেন্টেটররা বক-বক করে চলেছেন খেলার গতির সঙ্গে তাল মিলিয়ে, এদিকে টিভির দর্শকেরা মুহুর্মুহু হেভি চা-নাশতা (নিদেনপক্ষে ঝাল-মুড়ি) সাবাড় করতে করতে অধির আগ্রহ-উদ্বেগ আর উৎকণ্ঠার সময় গুনছেন কখন হঠাৎ ‘গো-ও-ল’ বলে চিৎকার দিতে হবে, তার অপেক্ষায়। খেলা নিয়ে পক্ষে-বিপক্ষের সাপোর্টারদের মধ্যে বুক ঢিপ ঢিপ অবস্থা। মাঠের আনন্দ-নিরানন্দ যেকোনো মুহূর্তে জয়-পরাজয়কে কেন্দ্র করে নিজ নিজ ঘরেও ঢুকে পড়ার মতো অবস্থা। তর্ক-বিতর্ক, মন ভালো-খারাপের জন্য মানসিক প্রস্তুতিও নেওয়া শুরু। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে হঠাৎ ছন্দপতন। অর্থাৎ চক্ষুচিকিৎসকের কর্মকাণ্ড শুরু। ঝপ করে বাতি অফ, টিভি অফ। সঙ্গে সঙ্গে সবার খেলা অন্তপ্রাণ মুডটিও ফ্লপ। নিরস বিদ্যুৎ সব মাটি করে হাওয়া। ব্যস, চোখের রেস্ট শুরু।চোখের বিশ্রাম তো শুরু, কিন্তু পরিবর্তে নিকষ কালো অন্ধকারকে চোখ সওয়া-সওয়ি করতে করতে মুখের অ-বিশ্রামও শুরু। লাগামহীন বাক্যবাণ অনর্গল চিল্লাহল্লায় খেলা দেখার আসর সরগরম। ঘরের ভেতরের দর্শকদের মুখে তখন বিদ্যুতের লোকদের বাপান্ত, শাপান্ত। ভদ্রতা-অভদ্রতা সাপেক্ষে গালাগালের ভাষা প্রয়োগে তারতম্য থাকলেও কটুকথা উচ্চারিত হতে থাকে সর্বমুখে। এ হলো ঘরের ভেতরে বসা পার্টির দিক। এ ক্ষেত্রে কোথাও কোথাও আতিশয্যের দিকটি আবার ভিন্ন চেহারার। ঘটনা গড়ায় রাস্তায়। সেখানে কথা-সর্বস্বতার ব্যাপার থাকে না। রীতিমতো ভিলেইনি ঢিস্যুম লাইনে গিয়ে ঠেকে। তখন বাপান্ত-শাপান্তর সঙ্গে যুক্ত হয় মহাহ্যাপান্ত। অর্থাৎ ভাঙচুরে নেমে পড়া একশ্রেণীর অসহিষ্ণু হাত-নিশপিশ পাবলিক এই যজ্ঞে মেতে ওঠে। তাদের শিকার হয় যানবাহন। কেন যেন বিদ্যুৎ হয়ে যায় গৌণ, মুখ্যতা পায় ভিন্ন দিক। পরিণত হয় ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ অবস্থায়। দোষ করে কে, আর ভোগান্তিটা হয় অন্যের। কাণ্ড বটে! এই ভায়োলেন্ট দূরে পড়ার ধরনটি ইদানীং বেশি হচ্ছে। অন্তত মিডিয়ান্তরে খবরাখবর দেখে তা-ই মনে হয়।বলাই বাহুল্য, ঘরের ভেতরের অবস্থাটি অবশ্য ভিন্নতর। মূলত খেলা দেখা ব্যাহত হওয়ায় আক্ষেপ, তা থেকে ক্ষোভ এবং ক্ষোভ থেকে কখনো কখনো কটুকথা পর্যন্ত এসে ঠেকা। পর্যায়টির সমাপ্তি এইটুকুতেই। হঠাৎ আনন্দ ধূলিসাৎ হলে যা হয় আর কি। এ ব্যাপারে আমি যে বান্ধববেষ্টিত আসরে বসে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার খেলা দেখেছিলাম, সেই অভিজ্ঞতা উল্লেখ করছি। আসরে দুই দলের সাপোর্টার তো ছিলই, আর ছিল আমার মতো দুর্বলকে পক্ষ দেওয়ার কয়েকজনও। বেশ নির্বিঘ্ন ছিল পরিবেশ। চা-বিস্কুট দিয়ে শুরু হয়েছিল খেলা দেখা। কথা ছিল হাফ-টাইমে স্যান্ডউইচ আর কফি হবে। আমি আর্জেন্টিনাকে পছন্দ করি না, তা নয়। তবে আফ্রিকা স্বাগতিক মহাদেশ। তার যেকোনো দেশকে সাপোর্ট দেওয়াকে আমি নৈতিক কর্তব্য জ্ঞান করছিলাম। এ কারণে নাইজেরিয়াকে সাপোর্ট করছিলাম। কিন্তু প্রথম কয়েক মিনিটেই সাপোর্টের নাক-থোঁতা। দারুণ এক গোল দিয়ে বসল আর্জেন্টিনার হেইঞ্জ। সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিশাল স্টেডিয়ামের লাখো দর্শকের মতো গগনবিদারী আওয়াজ তোলে এবং আমার দিকে তর্জনী উঁচিয়ে ঘরস্থ একজন ‘গো-ও-ও-ল’ বলে লম্ফ দিয়ে দাঁড়িয়ে গেল। তারপর বলল, ‘আরে, এই বেচারা কার লগে খেলতে নামছে! কোনো তালই তো পাইতাছে না। খালি দৌড়াদৌড়ি সায়। সিউর কম কইরা হইলেও এক হালি গোল খাইব।’ তারপর যোগ করল ‘কেমুন? নাইজেরিয়ারে “নাই” কইরা দিতাছে!’ আমি আর কী বলি? মুখে কুলুপ এঁটে বসে রইলাম। কিন্তু আমার পক্ষের একজন গাঁইগুঁই করে বলল—‘এইটাতে অত গর্ব করনের কী হইল! ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গো লগে খেলতাছে আফ্রিকার একটা দেশ। পারব তো না, জানা কথা। তাই বইলা অত খুশি হওনের কী আছে!’আমি এই কথার সূত্র ধরে বললাম, ‘খেলা দেখনটা মাটি কইরা দিল আর্জেন্টিনা এত তাড়াতাড়ি গোল দিয়া। আসলে আর যা-ই কও, ভয়ে আছিল কইলাম। তাই হুড়াহুড়ি কইরা আগেভাগে চান্সটা নিল “আর্জেন্ট” ভাইরা।’আমার বিপক্ষ নেওয়া আরেকজন বলল, ‘এইটা ভালা কইছেন তো! আর্জেন্টিনা গোল দেওনটারে “আর্জেন্ট” ভাবছে। তয় নাইজেরিয়ারে কইলাম শাবাশ দেওন লাগে। পুরা মাঠ দৌড়াইছে আর্জেন্টিনার প্লেয়ারগো পিছে পিছে। স্ট্যামিনা আছে কওনই লাগব।’আরেকজন বলল, ‘এখনো তো বহুত সময় বাকি। গোল শোধ না আবার কইরা ফালায়! দেখেন না, ম্যারাডোনা কেমুন টেনশানে খালি পায়চারি করতাছে!’ আমি নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য প্রায় স্বগতোক্তির মতো অস্ফুটে বললাম, ‘এই খেলা দিয়া একটা দলকে বোঝা যাবে না। অন্যদের সঙ্গে খেলায় নিশ্চয়ই জ্বইলা উঠব।’যেই না এই জ্বলে ওঠার কথা বলা, অমনি পুরা এলাকার বাতি দপ করে অফ। অথচ তখনো হাফ-টাইমই শেষ হয়নি। ব্যস, বদলে গেল কথার লাইন। আর্জেন্টিনা নয়, নাইজেরিয়াও নয়, বিশ্বকাপ থেকে বিশ্ব—সব ভাবনাই আউট। থাকে শুধু কারেন্টের বিষয় নিয়ে গালাগাল।গালাগাল বা কথার ছিরিছাঁদ তখন এই রকমের, ‘শালা, কারেন্টের গুষ্টি বেচি। খ্যাতা পুড়ি কারেন্টওয়ালাগো।’আরেকজন বলল, ‘আরে, চাইর বছরে একবার মাত্র কয়েক দিনের বিশ্বকাপ হয়। দুনিয়ার মানুষ কী আরামসে এই খেলা দেখতাছে। আর আমাগো মুখে আঙুল। আরে ব্যাটারা, কারেন্টের অবস্থা খারাপ তো পুরা দেখাইবার স্বপন দেখাস কেন? পারবি না তো পারবি না। আধা দেখাইয়া কাইটা দেওন কি মাইনষের কাম?’এ কথার পর জমে উঠল কারেন্ট-বার্তা। খেলা উঠল চাঙে। কথা গড়িয়ে-পড়িয়ে এল সরকারের দিকে। তারপর ‘ডিজিটাল’ বলার দোষ ধরে কিছুক্ষণ সরকারের সমালোচনা এবং সবশেষে বাজারদরের দশা পার করে বাজেট পর্যন্ত এসে হাজির। এবং ব্যাপারটা দাঁড়াল ‘যত দোষ, নন্দ ঘোষ’ মতো করে সরকারের ওপর। থামল শেষে বহুক্ষণ পর বাতি আসার। ততক্ষণে খেলার ফলাফল একই রয়েছে দেখে সবার স্বস্তি। কিছুক্ষণ পর রেফারির লম্বা টানা বাঁশির শব্দে খেলা শেষ।