বয়স ৩৬ হয়ে গেছে। তার ওপর সামনে বিশ্বকাপ। মাঠে ভালো খেলার পাশাপাশি শরীরটাও তো ঠিক রাখা জরুরি! মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগে খেলতে আসা পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ তাই সঙ্গে নিয়ে এসেছেন ব্যক্তিগত ট্রেনার শেখ মোহাম্মদ ইরফানকে। ইউসুফ ছাড়া করাচির এই ট্রেনার কাজ করেছেন পাকিস্তানের আরও অনেক ক্রিকেটারের সঙ্গে মোহাম্মদ ইউসুফের সঙ্গে কত দিন কাজ করছেন?শেখ মোহাম্মদ ইরফান: বেশি দিন না। চার মাসের মতো হবে। এর আগে লাহোরে এক মাস, দুই মাস করাচিতে এবং এখন বাংলাদেশে তার সঙ্গে আছি। পাকিস্তানের আর কোনো ক্রিকেটারদের সঙ্গে কি কাজ করার অভিজ্ঞতা হয়েছে আপনার?ইরফান: শহীদ আফ্রিদি, সোহেল আব্বাস ছাড়াও পাকিস্তানের প্রথম শ্রেণীর অনেক ক্রিকেটারের ট্রেনার হিসেবে কাজ করেছি। পাকিস্তান দলের ফাস্ট বোলার তানভির আহমেদের সঙ্গেও ছিলাম। এ ছাড়া মিসবাহ মাঝেমধ্যে আমার পরামর্শ নেয়। পাকিস্তানে তাহলে অনেক খেলোয়াড়েরই ব্যক্তিগত ট্রেনার আছে...ইরফান: হ্যাঁ, অনেক খেলোয়াড়েরই ব্যক্তিগত ট্রেনার-ফিজিও আছে। পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে এখন ফিটনেস সচেতনতা বেড়েছে। সে কারণে তারা নিজেরাই ট্রেনার-ফিজিও রাখছে। যাদের নেই, তারাও সব সময় দলের ফিজিওর সঙ্গে যোগাযোগ রাখে। এক দিকে ব্যক্তিগত ট্রেনার আরেক দিকে দলীয় ট্রেনার। আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে কাজে গোলমাল বাধে না মাঝেমধ্যে?ইরফান: সে রকম সমস্যা নেই। ম্যাচের সময় তারা দলের ট্রেনারের কথামতোই কাজ করে।্রম্যাচ না থাকলে ব্যক্তিগত ট্রেনারের সাহায্য নেয়। মাঝেমধ্যে দুই ট্রেনার মিলেও সিদ্ধান্ত নেয়, ক্রিকেটারের জন্য কোনটা করা জরুরি। ব্যক্তিগত ট্রেনার কখনো দলের ট্রেনারের কাজে হস্তক্ষেপ করে না। যে যার মতো কাজ করে। ট্রেনারদের যেসব কাজ তার সবই কি করতে হয় ব্যক্তিগত ট্রেনারকে? নাকি ছোটখাটো সমস্যা দেখেন?ইরফান: ইউসুফের কথাই বলি। তার জন্য একটা দিনকে আমি তিন সেশনে ভাগ করে নিয়েছি। প্রথম সেশনে সে জিম ট্রেনিং করে। পরের সেশনে ক্রিকেটের অনুশীলন। সবার শেষে রানিং। আর খেলোয়াড়েরা যা যা করে, সঙ্গে আমিও তা তা করি। ও যদি ৫ কিমি দৌড়ায়, সঙ্গে আমিও ৫ কিমি দৌড়াই। এমন না যে তাকে কাজগুলো দিয়ে আমি চুপচাপ বসে থাকলাম। আফ্রিদির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বলুন। ফিটনেসের ব্যাপারে কতটা সচেতন তিনি?ইরফান: ফিটনেস নিয়ে যথেষ্টই সচেতন ও। কঠোর পরিশ্রম করতে পারে। এখন ইউসুফের সঙ্গে কাজ করছি। বিশ্বকাপ সামনে রেখে সেও ফিটনেসটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে জন্যই আমাকে ডেকেছে। বাংলাদেশে আপনার খরচ কি মোহামেডান ক্লাব দিচ্ছে না ইউসুফ দিচ্ছেন?ইরফান: আমার থাকা-খাওয়ার সব খরচই ইউসুফ বহন করছে। সে খুব বিনয়ী এবং ভালো মানুষ। আমাকে অনুরোধ করেছে আমি যেন তার সঙ্গে এখানে আসি। আর আগেই তো বলেছি, বিশ্বকাপটাকে ইউসুফ খুবই গুরুত্ব দিচ্ছে। এর আগে ইউসুফ আমাকে লাহোরেও ডেকে নিয়েছিল। ট্রেনার হিসেবে আপনার যোগ্যতা কী?ইরফান: পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে সিঙ্গাপুর থেকেও একটা কোর্স করেছি। আমি করাচির মানুষ। খেলোয়াড়দের সঙ্গে কাজ করার আগে করাচির সেন্ট মাইকেল স্কুলে প্রায় ২০ বছরের মতো স্পোর্টস কো-অর্ডিনেটর এবং ফিজিক্যাল ট্রেনার হিসেবে কাজ করেছি। বাংলাদেশ কেমন লাগছে?ইরফান: চমৎকার। এখানকার মানুষ ভালো, আবহাওয়া চমৎকার। সবচেয়ে ভালো লেগেছে শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ। উইকেট-টুইকেট আমি অত বুঝি না। তবে আউটফিল্ডটা অসাধারণ। এই মাঠ দৌড়ানোর জন্য খুবই ভালো, আপনার ক্লান্তি আসবে না। সেদিন তো সব মিলিয়ে ইউসুফকে নিয়ে ৫ কিলোমিটার দৌড়ালাম।