‘বিশ্বকাপে কোচ থাকতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 আপনি দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই পালমেইরাস বেশ ঘুরে দাঁড়াল। এত তাড়াতাড়ি দলে প্রভাব রাখতে পারবেন, এটা কি আপনি নিজে আশা করেছিলেন?লুই ফেলিপ স্কলারি: দেখুন, প্রথমে ভেবেছিলাম কোচিংয়ের কাজটা আবার শুরু করব একেবারে জানুয়ারি থেকে। ওই সময় ইন্টারন্যাসিওনাল, ফ্ল্যামেঙ্গো এরপর পালমেইরাসের কাছ থেকে প্রস্তাব পাই। ওরা ওই সময় খুব ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিল। তাই ভাবলাম, তাড়াতাড়ি কাজ শুরু করলে ২০১১ মৌসুমের জন্য দলটা গড়ে তুলতে হাতে বাড়তি ছয়টি মাস পাওয়া যাবে। এরপর ছোটখাটো কিছু পরিবর্তন নিয়ে আসি দলে; আমার কোচিং স্টাইল অনুযায়ী খেলানোর চেষ্টা করি। গত দেড় মাসে আমরা অনেক উন্নতি করেছি।  অনেকেই বলছেন, একজন অনুপ্রেরণাদায়ী হিসেবে আপনি আপনার সেরা সময়টায় আছেন।স্কলারি: একটা দিক দিয়ে দেখলে তা তো অবশ্যই। আমি চাই খেলোয়াড়েরা এটা অনুভব করুক—বাবা যেমন সন্তানদের আগলে রাখে, আমিও তেমনি ওদের আড়াল করে রাখব। তবে প্রেরণা-প্রেষণার কথা যদি বলেন, সেটা কিন্তু ৩০ বছর আগের মতোই আছে। মাঠে যে দলের হয়েই নামি, নিজেকে যুবদলের কোচই মনে হয়, যে দলটা আসলে আমার হাতে গড়ে উঠছে। এটা সময়ের ব্যাপার। যে কোচরা বলে তারা দশ দিনের মধ্যেই দলের নাড়িনক্ষত্র বুঝে ফেলে, তাদের চাকরি তিন মাসের বেশি টেকে না। আমি প্রতিটি দলের সঙ্গেই কমপক্ষে দু-তিন বছর কাজ করি। খেলোয়াড়দের বোঝার পরই আমি দলে পরিবর্তন আনতে শুরু করি।  তা হলে চেলসিতে ব্যর্থ হওয়ার কারণ কি তবে আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়নি, এর আগেই সরে দাঁড়াতে হয়েছে?স্কলারি: বড় কোনো দলকে হারাতে পারছিলাম না বলে ক্লাবের পরিচালনা পর্ষদ পর্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তবে আমরা কিন্তু শীর্ষস্থান থেকে মাত্র দু-তিন পয়েন্ট দূরে ছিলাম। এরপর দলের কয়েকজন তারকা খেলোয়াড়ের সঙ্গে সমস্যা দেখা দিলে দলের আবহ নিয়েও প্রশ্ন উঠল। এই পরিস্থিতির উদ্ভব হয়েছিল, কারণ আমি এমন কিছু পদক্ষেপ নিয়েছিলাম যেটা অন্য কোনো কোচ নিত না। আমার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ উঠল, বিশেষ করে ওই সুনির্দিষ্ট দু-তিনজন খেলোয়াড়ের মধ্য থেকে, যারা আসলে দলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল। আসলে দক্ষিণ আমেরিকান কোনো কোচ ইউরোপীয় কোনো ক্লাবের দায়িত্ব নিলে তার সাফল্য নিয়ে বরাবরই সন্দেহ প্রকাশ করা হয়। আমার কাজের ধরনের সঙ্গে ইংলিশ ফুটবলের মিল ছিল না, মানছি। আমরা বেসিকগুলো নিয়ে কাজ করি, যেটা ওখানে হয় না। অথচ দেখুন, আমার সময় থেকেই বেশ কজন খেলোয়াড় নিজেদের ফিরে পেতে শুরু করেছিল। নিকোলাস আনেলকা দলের সেরা খেলোয়াড় হয়ে গেল। অ্যাশলি কোল ডান পা ব্যবহার করতে পারত না, পরে ওই পা দিয়ে ও গোলও করেছে। সলোমন কালুর মধ্যে গতি এসেছে, আমরা ওর ড্রিবলিংয়েও উন্নতি করেছি। দিদিয়ের দ্রগবার হাঁটুতে ভয়াবহ চোট ছিল, এখন ও দারুণ খেলছে; এর অবদান কিন্তু শুধু ক্লাবের চিকিৎসকদের নয়, আমিও প্রচুর খেটেছি। অথচ চোট থাকা অবস্থায় ওকে খেলাতে রাজি হইনি বলে ওর সঙ্গে আমার সম্পর্কটাই নষ্ট হয়ে গিয়েছিল। তবে এ কথা বলে রাখি, আগামী ২০-৩০ বছরেও এরা কিন্তু সুস্থ-স্বাভাবিক থাকবে। তখন ওরা আমার কথা অবশ্যই মনে করবে।এসব কথা এর আগে কখনো বলিনি, এখন বলছি, তার মানে এই নয় আমি নিজের পক্ষে সাফাই গাইতে চাই। আসলে আমি কাজটা খুব উপভোগ করছিলাম। আমি থেকে যেতেই চেয়েছি। আপনি তো ব্রাজিল আর পর্তুগালের হয়েও কাজ করেছেন। জাতীয় দলে খেলোয়াড়দের এত কম সময়ের জন্য পেয়েও এত সফল কীভাবে হতেন?স্কলারি: আমি দলে আসলে ক্লাবেরই একটা আবহ তৈরি করে রাখতাম, যেন খেলোয়াড়েরা জাতীয় দলের হয়ে খেলার সময়ও মনে করে ক্লাবেরই হয়ে ওরা আরেকটা ম্যাচ খেলছে। কোনো টুর্নামেন্ট থাকলে আমি কাউকেই ২১ দিনের আগে প্রস্তুত হওয়ার নির্দেশ দিতাম না। অনেক কোচই বলেন, বিশ্বকাপের জন্য দুই মাস পুরো দলকে একসঙ্গে পাওয়া দরকার। কিন্তু আমার কাছে ২১ দিনই যথেষ্ট।  জাতীয় দলের কোচ থাকার সময় দেখা গেছে, খেলোয়াড়দের ভেতর থেকে সেরাটা আপনি বের করে নিয়ে আসতেন। এমনকি ওই খেলোয়াড়টি যদি ক্লাবের হয়ে ভালো নাও করে, তার মধ্য থেকেও...।স্কলারি: ঠিকই বলেছেন। ২০০২ বিশ্বকাপে রোনালদোর (ব্রাজিলীয় স্ট্রাইকার, তাঁর নিজের ছন্দে ওই সময় ছিলেন না) কথাই ধরুন। কোচিং আর মেডিকেল স্টাফরা মিলে আমরা ঠিক করলাম, রোনালদো প্রতি ম্যাচে এত মিনিট করে খেলবে। প্রথম ম্যাচে আমরা তুরস্কের সঙ্গে ১-১ ড্র করা ম্যাচেও কিন্তু আমি ওকে তুলে নিয়েছিলাম। কারণ, তখন ওকে নিয়ে আমাদের পরিকল্পিত সময়টা শেষ হয়ে গিয়েছিল।  খেলোয়াড়দের ওপর আপনি যে অগাধ আস্থা রাখেন, সেটিও নিশ্চয়ই ওদের নির্ভার করে দেয়। স্কলারি: অবশ্যই। আরেকটি উদাহরণ দিই। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার সময় রিভালদোকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। আমি করলাম কি, প্রথম সুযোগেই ঘোষণা করে দিলাম, যা-ই হোক না কেন পরের দশটি ম্যাচ ও অবশ্যই খেলবে। বুঝে দেখুন, ও তখন কী অনুভব করেছে। পুরো আত্মবিশ্বাস! কৌশলগত দিক থেকে ২০০২ বিশ্বকাপে সে-ই ছিল আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দুটো দলকে নিয়ে বিশ্বকাপে গেছেন। দুবারই বেশ অনেক দূর গিয়েছেন। তৃতীয়বার কি দেখা যাবে আপনাকে?স্কলারি: পালমেইরাসের হয়ে আমার চুক্তি শেষ হবে ২০১২ সালে। এরপর, আমার মনে হয়, বিশ্বকাপের বাছাইপর্বে কোনো জাতীয় দলের দায়িত্ব নিতেই পারি। ২০১৪ বিশ্বকাপে নিজের দেশে ক্যারিয়ারের ইতি টেনে দিতে চাই। বিশ্বকাপের মতো আর কী আছে বলুন। তবে কোনো জাতীয় দলের দায়িত্ব পাই আর না-ই পাই, ২০১৪ সালে অবসর নেব, এটা নিশ্চিত। ভাষান্তর: রাজীব হাসান