‘বিশ্বকাপেই নতুন ডেলিভারি’
পাকিস্তানের অনেক ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে যে বয়সে, সেই ত্রিশে অভিষেক তাঁর। তবে দলে জায়গা পাকা করেছেন দ্রুতই। এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নতুন এক ধরনের ডেলিভারি আবিষ্কারের কথা জানিয়েছেন সাঈদ আজমল ক্রিকেটে জড়ালেন কীভাবে?সাঈদ আজমল: ক্রিকেট খেলতে শুরু করি ১৯৯০ সালে। তখন স্রেফ স্কুল ক্রিকেট খেলতাম। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটে সত্যিকারের আগ্রহ জন্মায়। ওই বছরই ইমরান খানের পরিচালনায় একটা অনূর্ধ্ব-১৬ ক্যাম্প করেছিলাম। ইমরানের সঙ্গে অনেক কথা বলেছিলাম, ছবি তুলেছিলাম। আমিও ইমরানের মতো বিশ্বজয়ী হতে চেয়েছিলাম। পরে সাকলায়েন মুশতাককে দেখেও অনেক উদ্বুদ্ধ হয়েছি। এত ভালো দুসরা শিখলেন কীভাবে? সাকলায়েনের কাছ থেকে, নাকি নিজে নিজেই?আজমল: দুসরা আমি নিজে নিজেই শিখেছি। টিপস তো অনেকের কাছ থেকে নিতে হয়েছেই। তবে সাকলায়েনের ভিডিও দেখে মূল জিনিসটা আমি নিজেই শিখেছি। সাম্প্রতিক ইংল্যান্ড সফরে তো সাকলায়েনের সঙ্গে আপনার দেখা হয়েছে। কী কথা হয়েছে?আজমল: আমি তাঁর কাছে জানতে চেয়েছিলাম, বল কীভাবে আরও টার্ন করানো যায়। তিনি আমাকে কিছু টিপস দিয়েছেন। বলেছেন, আমার দুসরা খুবই ভালো, এটাই চালিয়ে যাওয়া উচিত। আমার বোলিংয়ে বৈচিত্র্য আনতে বলেছেন, বলেছেন এক ওভারেই অনেক ধরনের ডেলিভারি করতে, যাতে ব্যাটসম্যানরা এক মুহূর্ত স্বস্তিতে থাকতে না পারে। জাতীয় দলে সুযোগ পেয়েছেন ৩০ বছর বয়সে। দলে ঢুকতে এত দেরি হলো কেন?আজমল: আমি অনেক আগেই সুযোগ পেতে পারতাম, কিন্তু আসলে সেই সময় দলে কোনো জায়গা ছিল না। ২০০৩-০৪ পর্যন্ত সাকলায়েনই খেলছিলেন। এরপর শোয়েব মালিক, শহীদ আফ্রিদিরা ছিল। অলরাউন্ডার হওয়ায় ওরা এগিয়ে ছিল। আমার দলে ঢোকার কোনো রাস্তাই ছিল না। শোনা যায়, আপনার দলে সুযোগ পাওয়ায় নাকি মিসবাহ-উল-হকের অনেক অবদান?আজমল: হ্যাঁ, ঘরোয়া ক্রিকেটে মিসবাহর অধিনায়কত্বে আমি দীর্ঘদিন খেলেছি। ও আমার সম্পর্কে জানত। আগেও বেশ কয়েকবার বোর্ডকে আমার কথা বলেছে সে, কিন্তু ওই যে বললাম, জায়গা ছিল না। পরে মিসবাহ যখন সহ-অধিনায়ক হলো, নির্বাচকদের অনেক বুঝিয়ে রাজি করিয়েছে আমাকে দলে নিতে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো পর্যন্ত আপনার সেরা মুহূর্ত কোনটি?আজমল: ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জ্যাক ক্যালিসের উইকেট। ওই মুহূর্তে ক্যালিসের উইকেটটা খুব দরকার ছিল। পুরো বিশ্বকাপটাই আসলে ছিল দারুণ। দল ভালো করেছিল, আমার পারফরম্যান্সও ভালো ছিল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের স্মৃতি কি ভুলতে পেরেছেন? আপনার করা শেষ ওভারে ১৯ রান নিয়ে জিতিয়ে দিল মাইক হাসি...আজমল: ওই ম্যাচের পর আরও দুটি টি-টোয়েন্টিতে হাসিকে আমি বোলিং করেছি, ও একটা বাউন্ডারিও মারতে পারেনি। একবার ভুল করে বুঝতে পারলে দ্বিতীয়বার আর করা উচিত নয়। আবার সুযোগ পেলে ওই ওভারটা কি একটু অন্যভাবে করতেন?আজমল: ওই সময় হাসি দারুণ খেলছিল। ওই দিন যেভাবেই বোলিং করতাম না কেন, ও মারতই। ক্রিকেটে এমন কিছু কিছু মুহূর্ত আসে, যখন কিছুই করার থাকে না। খুব অসহায় মনে হয়। যদি ক্যারিয়ারের কিছু একটা বদলে ফেলতে বলা হয়, কী বদলাবেন?আজমল: বোলিংয়ে আরও বৈচিত্র্য যোগ করতাম। ঠিক কী ধরনের বৈচিত্র্যের কথা বলছেন? কোনো নির্দিষ্ট ধরনের ডেলিভারি?আজমল: এখনই আমি এ নিয়ে কিছু বলতে চাই না। পুরোপুরি যখন আয়ত্ত করতে পারব এবং ম্যাচে করতে পারব, তখনই বিস্তারিত কথা বলব। ইনশাল্লাহ, আগামী বিশ্বকাপেই এই ডেলিভারিটা দেখাতে পারব। এখনো কিছু কাজ বাকি আছে, আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। সাকলায়েন না মুরালিধরন—আপনার কাছে এগিয়ে কে?আজমল: সাকলায়েন একজন কিংবদন্তি, তাঁকে আমার এগিয়ে রাখতেই হবে। মুরালিও গ্রেট বোলার, কিন্তু সাকলায়েনের বৈচিত্র্য ছিল অনেক বেশি। এই যে দুসরা নিয়ে এত আলোচনা, গবেষণা, এই জিনিসটা তো সাকলায়েনই আবিষ্কার করেছিলেন! ইংল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সিরিজে দুসরা নিয়ে অনেক হইচই হয়েছে। বব উইলসের দাবি, বৈধ অ্যাকশনে নাকি দুসরা করা সম্ভবই নয়...আজমল: কোনো ইংলিশ বোলার যদি দুসরা পারত, তাহলে এটাকে বলা হতো বিশ্বমানের ডেলিভারি। রিভার্স সুইং নিয়েও ইংলিশরা একসময় এসব বলত। রিভার্স সুইং আবিষ্কার করেছে পাকিস্তানি বোলাররা, গুগলিকে জাদুকরি অস্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আবদুল কাদির, দুসরা বের করেছেন সাকলায়েন। ইংলিশরা যে ১০০ বছরের বেশি ক্রিকেট খেলছে, ওরা কি নতুন কিছু দিতে পেরেছে খেলাটাকে? আমাদের দেশ ছোট হতে পারে, কিন্তু প্রতিভার অভাব নেই। সম্পদেরও ঘাটতি আমরা প্রতিভা আর পরিশ্রম দিয়ে পুষিয়ে দিই। কোনো ইংলিশ বোলার দুসরা পারে না বলেই ওরা বলে বৈধ অ্যাকশনে এটা করা যাবে না। অনেক সময় আপনাকে ক্রস-সিম গ্রিপে দুসরা করতে দেখা যায়...আজমল: বৈচিত্র্য আনতে ও ব্যাটসম্যানকে বোকা বানাতে মাঝেমধ্যে এটা করি। মাঝেমধ্যে প্রথাগত অফ স্পিনটাও আমি ক্রস সিমে করি, যাতে ব্যাটসম্যান বুঝতে না পারে, এটা দুসরা না অফ ব্রেক। মুরালির মতো আপনাকেও অনেক সময় ডানহাতি ব্যাটসম্যানকে রাউন্ড দ্য উইকেট বোলিং করতে দেখা যায়। রহস্য কী?আজমল: দুসরা যারা পারে, তাদের জন্য এই কৌশলটা খুব কার্যকর। তা ছাড়া রাউন্ড দ্য উইকেট বোলিং করলে এলবিডব্লুর সম্ভাবনাও বাড়ে। এটা আমাকে মুরালিই শিখিয়েছে, খুব কাজে দিয়েছে কৌশলটা। মুরালি গ্রেট বোলার, কিন্তু মানুষ হিসেবে অনেক বেশি গ্রেট। মিষ্টি করে কথা বলে, খুব সাহায্য করে। এত বড় তারকা, কিন্তু আচরণে বোঝার উপায় নেই। বর্তমান সময়ের আরেক সেরা অফ স্পিনার গ্রায়েম সোয়ানের তুলনায় নিজেকে কোথায় রাখবেন?আজমল: অফ স্পিনার হলেও আমাদের ধরন আলাদা। সোয়ান টার্ন অনেক বেশি পায়, অফ ব্রেকটাই ওর মূল অস্ত্র। আমি দুসরাটা বেশি ভালো পারি। সোয়ান অবশ্য ড্রিফটারও ভালো পায়, যেটা আমি পারি না। তবে আমি আবার বাউন্স বেশি পাই।ভাষান্তর: আরিফুল ইসলাম