‘বিশ্বকাপের বছর’
শিরোনামে ‘বিশ্ব-কাপের বছর’ দেখে বিভ্রান্ত হতে পারেন। ২০১০ সাল বাংলাদেশের জন্য বিশ্বকাপের বছর হবে কেন? এ বছর বিশ্বকাপ তো ফুটবলের, যার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনো টেলিভিশন দর্শকের! বাংলাদেশের জন্য বিশ্বকাপ আপাতত ক্রিকেটের বিশ্বকাপই এবং সেটা তো হবে ২০১১ সালে। তাহলে ২০১০ শুরু হতে না হতেই বিশ্বকাপের কথা আসছে কেন?আসছে, কারণ বাংলাদেশের জন্য ২০১০ সালই আসলে বিশ্বকাপের বছর এবং তা ক্রিকেটের বিশ্বকাপই। এটা ঠিক যে বিশ্বকাপ শুরু হবে ২০১১-এর ফেব্রুয়ারিতে, কিন্তু তার আগে সাজগোজ, ঝাড়পোছ সবই এ বছরই সেরে নিতে হবে। আগামী বিশ্বকাপে বাংলাদেশ শুধু খেলবেই না, বাংলাদেশে বিশ্বকাপের খেলাও হবে। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া আটটি ম্যাচের আয়োজক বাংলাদেশ। আগামী ৯ জানুয়ারি ঢাকায় ট্রফি উন্মোচনের মধ্য দিয়েই হয়তো এ দেশে আরও জোরালোভাবে শোনা যাবে বিশ্বকাপের আগমন বার্তা।বাংলাদেশের জন্য বিশ্বকাপ মাঠ এবং মাঠের বাইরের। বিশ্বকাপের প্রস্তুতিও তাই দুই জায়গাতেই। মাঠের বিশ্বকাপের প্রস্তুতি নিতে বছরজুড়েই ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। কাল থেকে শ্রীলঙ্কা আর ভারতের সঙ্গে ত্রিদেশীয় হোম সিরিজ দিয়ে যার শুরু। ২০১১-এর শুরুতেই যেহেতু বিশ্বকাপ, এ বছর বাংলাদেশ যা-ই খেলবে, সেটাই হয়ে যাবে বিশ্বকাপের প্রস্তুতি। তিন জাতি সিরিজের পর আছে নিউজিল্যান্ড সফর, ইংল্যান্ড আসবে বাংলাদেশে। ভালো কথা, ক্রিকেটের বিশ্বকাপ কিন্তু এ বছরও একটা আছে—টি-টোয়েন্টি বিশ্বকাপ। এপ্রিল-মে মাসে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ওই বিশ্বকাপের পরই বাংলাদেশের ইংল্যান্ড সফর। জুলাই-আগস্টে যাবে অস্ট্রেলিয়া ও পাকিস্তানে। অক্টোবরে নিউজিল্যান্ডের আসার কথা বাংলাদেশে, ডিসেম্বরে জিম্বাবুয়ের। এ ছাড়া সদা পরিবর্তনশীল সূচির এশিয়া কাপ হওয়ার কথা এপ্রিলে। এসবই আইসিসির ভবিষ্যত্ সফর পরিকল্পনার সূচি, দু-এক ক্ষেত্রে যা এদিক-সেদিকও হতে পারে। দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে এ বছর এর বাইরেও কয়েকটি হোম সিরিজ খেলতে পারে বাংলাদেশ দল।এ বছর মাঠের বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে ফেলে আসা বছরটাই। স্বপ্নের মতো একটা বছর—২০০৯ ক্যালেন্ডারের পাতায় পাতায় কেবল লাল কালিতে দাগিয়ে রাখা বিজয়ের দিন, সাফল্যের ছবি। এ বছরটা শুরু হচ্ছে সেই ছবিকে আরও বড়, আরও রঙিন করে তোলার শপথ নিয়ে। টেস্ট মর্যাদা পাওয়ার দশম বছরে সাফল্যে আলোকিত হবে বাংলাদেশের ক্রিকেট, এই তো প্রত্যাশা। দলীয় সাফল্যে মোড়া ২০০৯ ব্যক্তিগত সাফল্যেও অনেক উজ্জ্বল। ২০১০ তো বটেই, ক্রিকেটের আগামী দিনগুলোতেও অন্যদের জন্য উদাহরণ হয়ে দাঁড়িয়ে গেছেন ২০০৯-এর সাকিব আল হাসান। ২০১০ হয়তো খুঁজে নেবে অন্য কোনো সাকিবকে, আসল সাকিব হয়তো ছাড়িয়ে যাবেন নিজেকেই।মাঠের ব্যস্ততা আছে ২০১০ জুড়েই। এই ব্যস্ততা যেমন বিশ্বকাপের আগে ক্রিকেটারদের জন্য বড় পরীক্ষা, ক্রিকেট বোর্ডেরও পরীক্ষা নেবে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। প্রস্তুতির দিক দিয়ে বাংলাদেশ এখনো বেশ পিছিয়ে আছে। এ বছরের অক্টোবরের মধ্যে আইসিসির কাছে ভেনু বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও বিসিবি সময়মতো তা কতটা পারবে, সে প্রশ্ন প্রতিধ্বনিত হয় বিসিবি কার্যালয়ের দেয়ালেই। দরপত্র নিয়ে অনেক জটিলতার খবর ভাসছে বাতাসে। বিশ্বকাপ প্রস্তুতির বছরের সাফল্যেই যেহেতু লুকিয়ে বিশ্বকাপ আয়োজনের সাফল্য, ২০১০ ‘রেড অ্যালার্ট’ জারিরই বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য।বিশ্বকাপ আয়োজনটাকে একপাশে সরিয়ে রাখলে এ বছর আরেকটা কারণেও বাংলাদেশের ক্রিকেট ঠাঁই পাবে ইতিহাসের পাতায়। এবারই প্রথম বাংলাদেশের কোনো ঘরোয়া ক্রিকেটের আসর বসার কথা দেশের বাইরে। গত বছর চট্টগ্রামে মহা জাঁকজমকের সঙ্গে শুরু হওয়া পোর্ট সিটি ক্রিকেট লিগ (পিসিএ) উড়ে যাবে মরু শহর শারজায়। জাতীয় দলের তারকা ক্রিকেটাররা এতে খেলবেন, খেলবেন বিদেশি ক্রিকেটাররাও। পিসিএলের বিদেশ সফর নিয়ে মাঝেমধ্যে খোদ চট্টগ্রাম থেকেই প্রশ্ন উঠলেও এর সফল সমাপ্তি ঘরোয়া ক্রিকেটের দিগন্তে নতুন পতাকা ওড়াবে সন্দেহ নেই।আশাবাদী হোন, ২০১০-এর সালতামামিকে সাফল্যের কাব্য বানাবে এ রকম আরও অসংখ্য পতাকা। বাংলাদেশের ক্রিকেটের সাফল্যের ছবি হয়ে সেসব পতাকা উড়বে পতপত করে, আবাহন জানাবে আরেকটি নতুন বছর ২০১১-কে। যেটা সত্যিকার অর্থেই হবে বাংলাদেশের বিশ্বকাপের বছর।