‘বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, মরতে আসিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতিরোধক নির্মাণের দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের সামনের সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর সোয়া ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত তাঁরা এই অবরোধ করেন। অবরোধে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী তানিয়া আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, ‘চার মাস থেকে দাবি জানিয়ে, স্মারকলিপি দিয়েও কাজ না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই আমরা অবরোধ করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, মরতে আসিনি।’বাংলা বিভাগের শিক্ষার্থী জাবের হোসেন বলেন, ‘এই সড়কে যেভাবে বেপরোয়া গাড়ি চলাচল করে, তাতে কেউ যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন।’সরজমিনে গিয়ে দেখা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এতে সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলকারী শতাধিক গাড়ি আটকা পড়ে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী পরিবহনের সিলেট শহরগামী বাসও অবরোধের কারণে আটকা পড়ে। রাস্তা অবরোধ করার সময় শিক্ষার্থীরা ‘অবিলম্বে গতিরোধক স্থাপন কর’, ‘অতিসত্বর গতিরোধক স্থাপন করুন’, ‘নিরাপদে রাস্তা পার হওয়ার নিশ্চয়তা চাই’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। বেলা দেড়টার দিকে অবরোধকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশামের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে নির্বাহী প্রকৌশলী শিক্ষার্থীদের আগামীকাল সোমবারের মধ্যে গতিরোধক স্থাপনের আশ্বাস দেন। পরে বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে চারবার চিঠি দেওয়ার পরও সড়ক ও জনপথ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, তিনি শিক্ষার্থীদের কালকের মধ্যে গতিরোধক নির্মাণের আশ্বাস দিয়েছেন।