‘বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক সাময়িক বরখাস্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহপরিচারিকাকে ধর্ষণ-চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক চন্দন কুমার পোদ্দারকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ থানার এজাহার হাতে পেয়ে চন্দন কুমারকে সাময়িকভাবে বরখাস্ত করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ছাত্র উপদেষ্টা খান তৌহিদ ওসমান প্রথম আলো ডটকমকে বলেন, উপাচার্য তাঁর নিজ ক্ষমতাবলে শিক্ষক চন্দন কুমারকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে তাঁকে আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হতে পারে বলে তিনি জানান।এদিকে, চন্দন কুমারের সাময়িক বরখাস্তের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। অভিযুক্ত ওই শিক্ষককে বরখাস্তের দাবিতে শিক্ষার্থীরা গত শনিবার থেকে ক্যাম্পাসে বিক্ষোভ ও মানবন্ধন করে আসছেন। আজ সকালে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। গত শুক্রবার বিকেলে স্ত্রী ও গৃহপরিচারিকার অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দারকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গৃহপরিচারিকা বাদী হয়ে চন্দন কুমারকে আসামি করে ওই দিন সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে খুলশী থানায় একটি মামলা করেন।