বয়স মাত্র ১০। এরই মধ্যে বাংলাদেশের দাবা-জগতে আলোড়ন তুলেছে ফাহাদ রহমান। দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার হতে যাচ্ছে সে। থাইল্যান্ডে আসিয়ান অনূর্ধ্ব-১০ দাবায় সোনা জয় তাকে এগিয়ে দিয়েছে এক ধাপ। ঢাকায় ফিরে নিজের স্বপ্নের কথা বলল খুদে দাবাড়ু তোমাকে অভিনন্দন। ফিদে মাস্টার হতে যাচ্ছ...ফাহাদ রহমান: ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার খুব ভালো লাগছে এই মুহূর্তে। ফিদে মাস্টার হয়েই গেছি বলতে পারেন। এখন শুধু ফিদের আনুষ্ঠানিক ঘোষণা বাকি। এই ১০ বছর বয়সে ফিদে মাস্টার হবে ভাবতে পেরেছিলে?ফাহাদ: আমার এই লক্ষ্য তো ছিলই। থাইল্যান্ডে ১৪তম আসিয়ান ও এজ গ্রুপ দাবার স্ট্যান্ডার্ডে যে চ্যাম্পিয়ন হবে, তাকে সরাসরি ফিদে মাস্টার করা হবে, এই ঘোষণা আগেই জানতাম। তাই আমি চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করেছি। সবার দোয়ায় সেটা আমি পেরেছি। স্ট্যান্ডার্ড বিভাগে কারা খেলেছে? নিয়মটাই বা কেমন?ফাহাদ: এই বিভাগে আসিয়ান অঞ্চলের ৪৯ জন খেলোয়াড় খেলেছে। আমি নয় ম্যাচে সাড়ে সাত পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছি। নিয়ম হচ্ছে, স্ট্যান্ডার্ড বিভাগে দেড় ঘণ্টা, র্যাপিডে ১৫ মিনিট আর ব্লিৎজ বিভাগে ৩ মিনিট খেলা। প্রতিটি বিভাগেই একটি করে ম্যাচ। এবার সেখানে আমি র্যাপিডে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছি। তুমি তো এর আগে গত ডিসেম্বরে দিল্লিতে এশিয়ান স্কুল দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলে...ফাহাদ: হ্যাঁ, আমি দিল্লিতে র্যাপিডে তৃতীয়, স্ট্যান্ডার্ড ও ব্লিৎজে প্রথম হয়েছিলাম। সেই সুবাদে প্রতিযোগিতায় সোনা পাই। ওই প্রতিযোগিতায় ভালো করার পর আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। তুমি এবার থাইল্যান্ডে এত ভালো করলে কীভাবে?ফাহাদ: আঙ্কেল, আমি খুব ভালো খেলেছি। তবে এটা সহজ ছিল না। অন্যরা অনেক ভালো খেলোয়াড়। তা ছাড়া সবার সঙ্গেই অন্তত দু-তিনজন করে কোচ ছিল। কারও কারও আরও বেশি। কিন্তু আমার সঙ্গে কোচ ছিল না। তার পরও নিজের চেষ্টায় আমি জিতেছি। তার মানে, তোমার একজন কোচ খুব দরকার?ফাহাদ: খুব দরকার। ফেডারেশন একজন কোচ দিলে আমার জন্য ভালো হতো। তাহলে আমি আরও অনেক কিছু শিখতে পারতাম। সামনে এগিয়ে চলার পথে আর কী কী জিনিস চাও তুমি?ফাহাদ: আমার একটা চেস ক্লক, মানে ঘড়ি নেই। এটা না থাকায় আমি ঘড়ি ধরে অনুশীলন করতে পারিনি। র্যাপিডে দ্রুত খেলতে হয়। যে কারণে প্রতিযোগিতায় সমস্যা হয়েছে। আর এ বছরই শেষ দিকে দুবাইতে বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় খেলতে চাই আমি। আমার একটা দাবার সফটওয়্যারও দরকার। ফেডারেশন এসব ব্যাপারে হেল্প করলে খুশি হব। তুমি যে থাইল্যান্ডে এত ভালো করেছ, তা তোমাকে দেখে অন্যরা কী বলল?ফাহাদ: সেভাবে কেউ কোনো কথা বলেনি। সবাই মুড নিয়ে থাকে। আমি চ্যাম্পিয়ন হয়েছি, এটা অন্যদের সহ্য হয়নি। তাই দেখলাম, অন্যদের মন খারাপ। তুমি যে ফিদে মাস্টার হয়েছ, দেশে এসে কেমন অভিনন্দন পেয়েছ?ফাহাদ: কই, খুব একটা নয়। ফেডারেশনে আমি ফোন করার পর তারা আমাকে অভিনন্দন জানিয়েছে। এ ছাড়া আর কেউ কিছু বলেনি। ফিদে মাস্টার হওয়ায় তোমার রেটিং কি বাড়ছে?ফাহাদ: ফিদে মাস্টার খেতাব পেতে সাধারণত ২৩০০ রেটিং লাগে। তবে আমি যেহেতু সরাসরি ফিদে মাস্টার হয়েছি, তাই আমার রেটিং ২০৩৪-ই থাকবে। একটা নতুন সিঁড়িতে পা রেখেছ। তোমার ভবিষ্যৎ লক্ষ্য কী?ফাহাদ: বড় দাবাড়ু হতে চাই। আর বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেটিংধারী (২৮৭২) খেলোয়াড় নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারানোর স্বপ্ন দেখছি।