জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় হওয়ার চার দিন পর ৫ মার্চ হিন্দুস্তান টাইমস-এ ইন্দ্রজিত্ হাজরার একটি নিবন্ধ ছাপা হয় ‘কিপিং দ্য ফেইথ’ শিরোনামে। লেখক একজন ঔপন্যাসিক, হিন্দুস্তান টাইমস-এর সাব-এডিটর। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে তিনি ঢাকায় এসেছিলেন। নিবন্ধটিতে তিনি লিখেছেন: ‘বিএনপির মিত্রদল জামায়াতে ইসলামীর পরিকল্পনা ছিল, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের নেতাদের মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকার শাহবাগ চত্বরে সমবেত হাজার হাজার মানুষের দাবির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুক্রবার জুমার নামাজের পর জামায়াতে ইসলামী দেশজুড়ে “শান্তি মিছিল” বের করবে। এই সব “শান্তি মিছিল” দ্রুতই পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষে পরিণত হয়। সাধারণভাবে জামায়াত-শিবির নামে পরিচিত ইসলামী ছাত্রশিবির জামায়াতে ইসলামীর যুব শাখা। এ সংগঠনের কর্মীরা এদিন আক্রমণ চালান সংবাদমাধ্যমের কর্মীদের ওপর। তাঁরা মনে করেন, সংবাদমাধ্যমের কর্মীরা শাহবাগ আন্দোলনকারীদের দিকে পক্ষপাত করছেন, কিন্তু তা ঠিক নয়।‘ফেব্রুয়ারির ৫ তারিখে শাহবাগের আন্দোলনকারীরা জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন, তাঁরা তাঁর ফাঁসির দাবি জানান। সেই তারিখ থেকে বাংলাদেশ প্রত্যক্ষ করে অসাম্প্রদায়িক জাতিগঠনের পক্ষের শক্তি ও ইসলামি রাষ্ট্র কায়েমে প্রতিজ্ঞাবদ্ধ শক্তির মধ্যে এক অস্বস্তিকর স্থিতাবস্থা। এই অবস্থার মুখে শাহবাগ বাংলাদেশের ইতিহাসের এক কঠিন অধ্যায়ের একটি যৌক্তিক, বিচারিক ও মনস্তাত্ত্বিক পরিসমাপ্তি টেনে দিতে উদ্যত হয়েছে।...‘তিউনিসিয়া, লিবিয়া ও মিসরের গণঅভ্যুত্থানের মতো সরকার পরিবর্তনের আন্দোলন করছেন না শাহবাগের তরুণেরা। শাহবাগ আন্দোলন ইসলামি রাজনীতিকে একটা বাক্সের মধ্যে ভরে সেই বাক্স বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেওয়ার আন্দোলন। কিন্তু শাহবাগ আন্দোলনকারী, উদারপন্থী ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের “ধর্ম-বিদ্বেষী”, “ইসলাম-বিদ্বেষী” হিসেবে তুলে ধরার জামায়াতি কৌশলের ফলে এক সপ্তাহের মধ্যে দৃশ্যপট বদলে গিয়েছে। “ধর্মনিরপেক্ষতা বনাম ধর্মীয় মৌলবাদের” লড়াইকে রূপ দেওয়া হয়েছে “নাস্তিক বনাম মুসলমানের” লড়াই হিসেবে।‘যে দেশে ইসলামি উম্মাহর আন্তর্জাতিক ধারণাভিত্তিক জাতীয় পরিচয়ের বিপরীতে ভাষা ও নৃতাত্ত্বিক পরিচয়কেই ঐতিহাসিকভাবে জাতীয় পরিচয়ের কেন্দ্রে রাখা হয়েছিল, সেই দেশে একটি ইসলামি রাজনৈতিক দলের ভিত্তি পাওয়া এখন আর নিছক কল্পনা নয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে গত সপ্তাহে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। ফটোশপে কারসাজি করা তাঁর একটি ছবি গ্রামাঞ্চলের ও বগুড়া, সাতক্ষীরা, চট্টগ্রাম প্রভৃতি রক্ষণশীল শহরের অনেক মানুষের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি করে গত রোববার। ছবিটিতে দেখা যায়, চাঁদের পিঠে সাঈদীর মুখ, ফলে “প্রমাণিত” হয় যে, তিনি নির্দোষ। আর এই “সত্য ঘটনা” প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফরমে এবং বাংলাদেশের অনেক এলাকার মসজিদগুলোর মাইকে। এ ধরনের প্রচারণা ছাড়াও আছে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জন-অবকাঠামোর ক্ষেত্রে সরকারি ঘাটতির এই দেশে সামাজিক সেবাদানকারী হিসেবে জামায়াতের আবেদন।‘কাউকে তটস্থ করার জন্য ক্রোধ বা ক্ষোভের চেয়ে শক্তিশালী হচ্ছে ত্রাস। জামায়াত নিজেকে আক্রমণের শিকার হিসেবে তুলে ধরছে, আবার একই সঙ্গে নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর, সিলেট ও রায়গঞ্জের বিভিন্ন হিন্দু গ্রামে সহিংসতায় হাত লাগিয়েছে। ভারতের মতো বাংলাদেশেও ধর্ম সংস্কৃতির একটা অংশ, কিন্তু তা জনজীবনের সমস্ত কিছুকে দলিত করে প্রধানতম শক্তি হয়ে ওঠে না। এখন সামরিক হস্তক্ষেপ ছাড়া ধর্ম সংস্কৃতির সেই অংশ হয়েই থাকবে কি না—এই প্রশ্নের উত্তর পাওয়াই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’