‘বিশ্বে ধর্ষণকারী হিসেবে চিহ্নিত হতে চাই না’
সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে সারিবদ্ধ হাজারো মানুষ। নানা বক্তব্যসংবলিত পোস্টার, প্ল্যাকার্ড অথবা ব্যানার তাঁদের হাতে। মিছিল থেকে ভেসে আসছে স্লোগান। সেই সব পোস্টার, প্ল্যাকার্ড আর স্লোগানের মূল কথা একটাই: নারী নির্যাতনের অবসান চাই, চাই নির্যাতনকারীর কঠোর শাস্তি।সাম্প্রতিক সময়ে একের পর এক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানাতে আজ বৃহস্পতিবার নারী নির্যাতনবিরোধী মঞ্চের আহ্বানে এভাবেই রাজপথে নামেন নারীনেত্রী, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তি, এনজিওকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিন্ন কণ্ঠে বলেন, নারী নির্যাতনের ঘটনায় আর চুপ করে থাকা নয়, এখন সময় প্রতিরোধের। নারী নির্যাতনবিরোধী মঞ্চের আহ্বায়ক আইনজীবী ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল এই আন্দোলন অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন আইনজ্ঞ ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘ছেলেদের মানুষের মতো মানুষ করতে হবে। এটা সবার দায়িত্ব।... আমরা বিশ্বে ধর্ষণকারী হিসেবে চিহ্নিত হতে চাই না।’ ধর্ষণের শাস্তির আইন পরিবর্তনের দাবি জানান নারী আন্দোলনের নেত্রী মালেকা বেগম। তিনি বলেন, ‘তরুণদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রতিবাদের ভাষা ফেসবুকে কমেন্ট লেখা আর লাইক দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না।’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘আর চুপ করে থাকা নয়। এখন প্রতিরোধ করতে হবে।’কর্মসূচিতে সংহতি জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি হামিদা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহীন ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইয়াসমিন হক, লেখক ও শিক্ষাবিদ জাফর ইকবাল, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, ব্র্যাকের পরিচালক শিপা হাফিজ প্রমুখ।