‘বিশ্বের দুই নম্বর পেসার হতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ওয়ানডেতে ৪ উইকেট আর তিন টি-টোয়েন্টিতে ৩—উইকেটসংখ্যায় তাঁর পারফরম্যান্সের সত্যিকারের প্রতিফলন নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রায় পুরোটাই বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে খেলেছেন। নজর কেড়েছেন ধারাবাহিকভাবে দারুণ বোলিং করে। মহিলা ক্রিকেট দলের পেসার জাহানারা আলম বললেন পেসার হিসেবে গড়ে ওঠা ও তাঁর স্বপ্নের কথা একজন মেয়ের জন্য পেসার হওয়া কতটা কঠিন?জাহানারা আলম: অনেক কঠিন, অনেক পরিশ্রম করতে হয়। পুরো দলের চেয়ে বেশি কষ্ট করতে হয়। ফিটনেস বলুন, বোলিং নিয়ে কাজ করা বলুন। আবার ব্যাটিংও করতে হয়। এই কষ্টের পথটাই বেছে নিলেন যে?জাহানারা: কারণ, পরিশ্রমে আমার অনীহা নেই। ছোট থেকেই দৌড়ঝাঁপ করতে পছন্দ করি। স্কুলে ভলিবল-হ্যান্ডবল খেলেছি। ফিটনেস বরাবরই ভালো। কোচ অবশ্য শুরুতে আমাকে ব্যাটিংই করতে বলেছিলেন। কিন্তু ব্যাটিংয়ে মজা পাইনি। মাস খানেক পর পেস বোলিং শুরু করি। পেস বোলারের রানআপ, গতি, উইকেট উপড়ে ফেলা—এসব আমার খুব ভালো লাগত। কোচকে গিয়ে বললাম, পেস বোলিং করতে চাই। কোচও দেখে মুগ্ধ হলেন। সেই শুরু। আরেকটু পেছনে যদি যাই, ক্রিকেটে এলেন কীভাবে?জাহানারা: খুলনার পাইওনিয়ার গার্লস হাইস্কুলে ক্লাস সিক্স থেকে আমি হ্যান্ডবল খেলতাম। আন্তস্কুলে সব সময়ই ভালো করেছি। তবে ২০০৬ সালের ডিসেম্বরে বিসিবির গেম ডেভেলপমেন্ট কোচ সালাউদ্দিন স্যার আমাকে দেখে বললেন, ‘তুমি ক্রিকেটে চলে আসো।’ স্কুলের গেম ম্যাডামের পরামর্শে আমি, শুকতারাসহ কয়েকজন ক্রিকেটে এলাম। বাসায় বলতেই বাবা বললেন, ‘কোনো সমস্যা নেই, তুমি যা ভালো মনে করো।’ পরিবার থেকে সব সময়ই অনেক সমর্থন পেয়েছি। সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন আমার প্রয়াত নানি। বাবা-মা কখনো মাঠে না এলেও নানি মাঠে এসে খেলা দেখতেন, সব সময় উৎসাহ দিতেন। ক্রিকেটে আসার সিদ্ধান্তই কঠিন ছিল, আর এখন তো দলের এক নম্বর পেসার আপনি!জাহানারা: ২০১০ সালের চীন সফর থেকেই মোটামুটি ভালো করছি। ওই সফরে উইকেট খুব বেশি না পেলেও ভালো বোলিং করেছিলাম। এরপর গত বছর বিশ্বকাপ বাছাইপর্বটাও ভালো কেটেছে। আমি অনেক চিন্তা করে বোলিং করি। প্রতিটি বলের আগে ভাবি, কী করব। এমনকি নেটেও আমি বিন্দুমাত্র ছাড় দিতে চাই না। আউট সুইংটা আমার এমনিই হয়, ইনসুইং শিখছি। আরও অনেক শিখতে হবে, অনেক দূর যেতে হবে। আমি বিশ্বের সেরা দুই পেসারের একজন হতে চাই। এক নম্বর কেন নয়?জাহানারা: আমি যতদূর জানি ও দেখেছি, বিশ্বের এক নম্বর পেসার ভারতের ঝুলন গোস্বামী। ও দারুণ বোলিং করে। ওর পর্যায়ে যেতে আরও অনেক অনেক উন্নতি করতে হবে। তবে আরও অনেক পেসারের বোলিং দেখেছি, আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকারও ভালো পেসার আছে। টিভিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পেসারদের বোলিং দেখেছি। আমার মনে হয়েছে, ওদের পর্যায়ে যাওয়া সম্ভব। তবে ফিটনেস-গতি বাড়াতে হবে। এ জন্যই আমার লক্ষ্য আপাতত বিশ্বের দুই নম্বর বোলার হওয়া। অন্য দেশের পেসারদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়?জাহানারা: পার্থক্যটা আসলে ছেলেদের ক্রিকেটের মতো একই। উইকেট সব স্পিন-সহায়ক, প্রাকৃতিকভাবেই আমরা অতটা শক্ত-সমর্থ নই। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় উইকেট ও কন্ডিশন পেস বোলিংয়ের উপযোগী। আবহাওয়াও এমন যে, ওরা অনেক বেশি কষ্ট করতে পারে। আমাদের সহজাত কিছু নেই, কন্ডিশন-আবহাওয়াও প্রতিকূলে। নিজেদের কষ্ট করে শরীরটাকে উপযোগী করতে হয়, সবকিছু শিখতে হয়। আদর্শ কেউ আছে?জাহানারা: ব্রেট লি...গতি আমাকে খুব টানে। আমিও গতিময় পেসার হতে চাই। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজটাও হারতে হলো শেষ পর্যন্ত...জাহানারা: আব্বু বলেছিলেন, ‘আরেকটু ভালো করো, দেশের জন্য কিছু করো। সিরিজটা জেতো।’ হলো না, কী আর করা! আমরা চেষ্টা করেছি, তবে ওরাও অনেক ভালো দল।