‘বিষের ট্যাবলেট দেন, সবাই খেয়ে মরে যাই’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি গতকাল মঙ্গলবার র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন ও তার বাবা তোফাজ্জেল হোসেনের জবানবন্দি নিয়েছে। জবানবন্দিতে তাঁরা ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামে সংঘটিত ২৩ মার্চের ঘটনার বর্ণনা দেন। লিমন তদন্ত কমিটিকে জানায়, লুৎফর নামের এক র্যাব সদস্য তার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন।গতকাল মঙ্গলবার এক সদস্যের তদন্ত কমিটির প্রধান বরিশাল বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শওকত আকবর ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ইএফ ওয়ার্ডে চিকিৎসাধীন লিমনের জবানবন্দি গ্রহণ করেন। সেখানে উপস্থিত ছিলেন লিমনের বাবা তোফাজ্জেল হোসেন। কমিটি তাঁর জবানবন্দিও নেয়। ইএফ ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার নাইমা ফেরদৌসী, মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকর্মীরা ওই সময় উপস্থিত ছিলেন। লিমন ও তার বাবার বক্তব্য লেখেন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক গাজী এনামুল হক।লিমনের জবানবন্দি নেওয়ার সময় তার বাবা কান্নাজড়িত কণ্ঠে কমিটির প্রধানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘র্যাব লিমনের ঠ্যাঙ্গে গুলি করে তারে পঙ্গু করার পর তার বিরুদ্ধে মামলা দিয়ে সন্ত্রাসী প্রমাণের চেষ্টা করছে। এখন র্যাব আবার আমার পরিবারের সবাইকে সন্ত্রাসী বলে ঘোষণা দিয়েছে।’ তিনি বলেন, ‘এ অবস্থায় বেঁচে থাকতে ইচ্ছা হয় না। মরতেও পারি না। স্যার, আপনি আমাকে বিষের ট্যাবলেট দেন। পরিবারের সবাই খেয়ে একসঙ্গে মরে যাই।’লিমন কমিটির প্রধানকে বলে, ‘শুনেছি, চারটি কমিটি আমারে সন্ত্রাসী বলে প্রতিবেদন দিয়েছে। একটিমাত্র কমিটি আমার কাছে এসেছিল। বাকি কমিটি আমার কাছে কিছু জিজ্ঞাসা না করে আমাকে সন্ত্রাসী বানিয়ে দিল! আপনিও কি একই রকম প্রতিবেদন দেবেন?’জবাবে কমিটির প্রধান বলেন, ‘এটা তোমার নিয়তি বলতে হবে। অন্য কমিটি কী করেছে, আমি জানি না। আমি আমার মতো কাজ করব।’লিমন যখন তাকে গুলি করার ঘটনা বর্ণনা করছিল, তখন হাসপাতালে উপস্থিত লিমনের মা কান্নায় ভেঙে পড়েন। আড়াই ঘণ্টা ধরে লিমন ও তার বাবার বক্তব্য নেওয়ার একপর্যায়ে লিমন এবং তার বাবাও কেঁদে ফেলেন।লিমনের ছয় পৃষ্ঠা এবং তার বাবার চার পৃষ্ঠা জবানবন্দি লেখার পর তা আবার তাঁদের পড়ে শোনানো হয়। এরপর প্রতি পৃষ্ঠায় লিমন ও তার বাবার সই নেওয়া হয়।এর আগে ১৪ মে র্যাবের গঠিত তদন্ত কমিটি চিকিৎসকের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ডেকে চিকিৎসকদের একটি কক্ষে নিয়ে দরজা আটকিয়ে লিমনকে একা জিজ্ঞাসাবাদ করেছিল। সেদিন তারা হাসপাতালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছেও নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি। গতকাল সবার উপস্থিতিতে জবানবন্দি নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।জবানবন্দি নেওয়া শেষে তদন্ত কমিটির প্রধান শওকত আকবর সাংবাদিকদের বলেন, ‘সবার সামনে লিমন ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করেছি। লিমনের বক্তব্য নিতে বরিশাল থেকে ঢাকায় এসেছি।’ তাঁর ওপর কোনো চাপ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো চাপ নেই। আমি স্বাধীনভাবে কাজ করছি।’শওকত আকবর জানান, গত রোববার প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন জমা দেওয়ার সময় সাত দিন বাড়িয়েছে সরকার। তদন্ত এখন শেষ পর্যায়ে। নির্ধারিত সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে।জবানবন্দি দেওয়ার পর তোফাজ্জেল হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে টাকাপয়সা দেওয়ার প্রলোভন দেখিয়েছিল র্যাব।লিমনের জবানবন্দিতদন্ত কমিটির প্রধানের প্রশ্ন: ২৩ মার্চ সাতুরিয়ার পুরাতন জমাদ্দারহাট সেতুর ওপর কেন গিয়েছিলে?লিমনের জবাব: আমি গত ২৩ মার্চ বিকেল পৌনে চারটার দিকে গরু আনতে পুরাতন জমাদ্দারহাটের সেতুর কাছে যাই। মা আমাকে মাঠ থেকে গরু আনতে বলে পেছনে পেছনে আসেন। তখন খেয়া মাঝিকে পাওনা টাকা দিতে গিয়ে না পেয়ে সেতুর ওপর বসি।প্রশ্ন: সেদিন কী ঘটেছিল?লিমন: সেতুতে পৌঁছার পর মোটরসাইকেলে র্যাব সদস্যদের আসতে দেখি। আমার সঙ্গে আবির ও অষ্টম শ্রেণীর ছাত্র রসুল হোসেন ছিল। র্যাব সদস্যরা এসে আমার শার্টের কলার ধরে বলে, ‘তুই সন্ত্রাসী’। তারা আমাকে পাশের শহীদ জমাদ্দারের বাড়ির সামনে নিয়ে যায়। একজন র্যাব সদস্য বলেন, ‘তোকে ক্রসফায়ারে দেব।’ আমি আমার মোবাইল ফোনটি ওই র্যাব সদস্যের হাতে তুলে দিয়ে বলি, আমার কলেজের প্রিন্সিপালের (অধ্যক্ষ) সঙ্গে কথা বলেন। র্যাব সদস্য কথা না বলে আমার মোবাইল ফোনটি তাঁর পকেটে রেখে দেন। মোবাইল ফোনটি আর ফেরত দেওয়া হয়নি। এরপর এক র্যাব সদস্য আমার বাঁ পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। নেমপ্লেটে তাঁর নাম লেখা ছিল লুৎফর। আমি গড়িয়ে একটি কলাগাছের সঙ্গে গিয়ে ঠেকা খাই। গুলি করা পর্যন্ত রসুল আমার পাশে ছিল। গুলি করার পর অপর এক র্যাব সদস্য আমার এক হাত তাঁর পা দিয়ে মাটিতে চেপে ধরে রাখেন। তাঁরা আমার নাম ও পরিচয় জানতে চান। আমি আমার নাম ও কলেজের নাম বলি। ৫ এপ্রিল আমার এইচএসসি পরীক্ষা, তাও তাদের বলি।প্রশ্ন: তুমি মোবাইল ফোন পেয়েছ কোথায়?লিমন: আমার বড় ভাই (হেমায়েত হোসেন সুমন) কুমিল্লায় একটি এনজিওতে চাকরি করেন। তিনি আমাকে মোবাইল ফোনটা কিনে দিয়েছেন।প্রশ্ন: ওই দিন ঘটনাস্থলে কতজন র্যাব সদস্য ছিলেন?লিমন: কতজন ছিলেন, তা মনে নেই। আশপাশে আরও র্যাব সদস্য ছিলেন। আমার গায়ে লাল রঙের অ্যামব্রয়ডারি করা হাফ শার্ট ছিল। একজন র্যাব সদস্য শার্টটি খুলে আমার ক্ষতস্থান বাঁধেন। এরপর আমার পরনের লুঙ্গি খুলে রক্ত মুছে সেটি ফেলে দেন। আরেকজন শহীদ জমাদ্দারবাড়ি থেকে একটি লুঙ্গি এনে আমাকে পরিয়ে দেন। এরপর র্যাব স্থানীয় একজন মুরব্বিকে ডেকে আনে। তাঁর কাছে আমার সম্পর্কে জানতে চায়। ওই মুরব্বি র্যাবকে বলেন, ‘ও তো ভালো ছেলে। আপনি ওকে গুলি কইর্যা দেলেন!’ ঘটনাস্থলের আশপাশে আর কারা উপস্থিত ছিল, তা দেখতে পাইনি। তবে আরও লোকের কথা শুনেছি। আমার শক্তি কমে যাচ্ছিল এবং চোখ বুজে আসছিল। এরপর আমার আর কিছু মনে নেই।প্রশ্ন: ঘটনার আগে ও কতক্ষণ পরে তোমার মায়ের সঙ্গে কথা হয়?লিমন: র্যাব গুলি করার আগে মাঠ থেকে মা দুটি গরু আনার জন্য বলেছিল। তখন কথা হয়। মাকে বলি, আপনি যান, আমি বাছুর নিয়া আসতেছি। র্যাব গুলি করার পর রাতে আমার জ্ঞান ফেরে। তখন নার্সরা আমাকে জানায়, আমি বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে আছি। পরদিন সকালে মায়ের সঙ্গে আমার দেখা হয়।প্রশ্ন: কোথায় পড়ো এবং ঘটনার দিন কলেজে গিয়েছিলে কি না?লিমন: কাঠালিয়ায় পিজিএস কারিগরি কলেজে পড়ি। ঘটনার দিন কলেজে যাইনি।প্রশ্ন: পড়াশোনার পাশাপাশি কিছু করতে কি না?লিমন: যেদিন কলেজ বন্ধ থাকত কিংবা কলেজে গুরুত্বপূর্ণ ক্লাস থাকত না, সেদিন বাড়ির পাশে নূরজ্জামানের ইটের ভাটায় মিস্ত্রি রুহুল আমিনের সহযোগী হিসেবে কাজ করতাম। এ ছাড়া পার্টটাইম টিউশনি করতাম।প্রশ্ন: পারিশ্রমিক কত দেওয়া হতো?লিমন: ২০০ টাকা করে।প্রশ্ন: সংসার চলে কীভাবে?লিমন: বাবা আগে বর্গা চাষ করতেন। কিছুদিন আগে তিনি সাভারে একটি ফলের আড়তে কাজ শুরু করেন। বড় ভাই একটি এনজিওতে চাকরি করেন। আর আমার আয়ের টাকা—এসব মিলিয়ে সংসার চলত।প্রশ্ন: ভাইবোনেরা কী করেন?লিমন: বড় ভাই ডিগ্রিতে পড়ার পাশাপাশি একটি এনজিওতে চাকরি করেন। বোন বিএ প্রথম বর্ষে পড়েন।প্রশ্ন: বড় ভাইয়ের সঙ্গে বয়সের পার্থক্য কত?লিমন: বলতে পারব না।প্রশ্ন: তোমার চাচার নাম কী? তিনি মামলা করেছিলেন কেন এবং কবে?লিমন: চাচার নাম বাদশা। ২০০৯ সালে বাবার সঙ্গে পারিবারিক বিরোধে আমাদের বিরুদ্ধে চাচা মামলা করেছিলেন। আমার সঙ্গে চাচার শত্রুতা না থাকলেও আমাকে ওই মামলায় আসামি করা হয়। প্রশ্ন: কারও সঙ্গে তোমার কোনো শত্রুতা আছে?লিমন: কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই।প্রশ্ন: মোরশেদ জমাদ্দার তোমার আত্মীয় হন কি না?লিমন: না।প্রশ্ন: মোরশেদ জমাদ্দারকে চেনো?লিমন: মোরশেদকে কখনো দেখিনি।প্রশ্ন: মোরশেদের কর্মকাণ্ড সম্পর্কে কী জানো?লিমন: সে সন্ত্রাসী বলে শুনেছি।প্রশ্ন: সাতুরিয়া সন্ত্রাসপ্রবণ এলাকা, জানো কি না?লিমন: সন্ত্রাসপ্রবণ এলাকা কি না আমি জানি না।প্রশ্ন: হাসপাতালে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কারা তোমাকে দেখতে এসেছেন?লিমন: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। লিমনের বাবা তোফাজ্জেলের জবানবন্দি:প্রশ্ন: আপনি কী করেন? কবে সাভারে এসেছেন?জবাব: আমি বর্তমানে সাভারের ইপিজেড এলাকার রশীদ মার্কেটের ‘মায়ের দোয়া’ ফলের আড়তে কাজ করি। এর আগে বাড়িতে বর্গা জমি চাষ করতাম। গত ফেব্রুয়ারিতে সাভারে ফলের আড়তে কাজ শুরু করি।প্রশ্ন: আপনি দিনমজুরি করতেন কি না?জবাব: গ্রামে থাকাকালে জাকির মেম্বরসহ অনেকের বর্গা জমি চাষ করতাম। এ ছাড়া দিনমজুরির ভিত্তিতে তাঁদের কাজও করতাম।প্রশ্ন: লিমন গুলিবিদ্ধ হওয়ার সময় আপনি কোথায় ছিলেন?জবাব: র্যাব লিমনকে গুলি করেছে, এলাকা থেকে একজন ফোন করে আমাকে জানায়। এরপর রাতে আমি আমার স্ত্রী ও সন্তানদের বারবার ফোন করলেও তাদের মোবাইল বন্ধ পাই। পরের দিন সকালে স্ত্রীর সঙ্গে কথা হয়। তখন জানতে পারি, লিমন বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছে।প্রশ্ন: মোরশেদ জমাদ্দার আপনার আত্মীয় হন কি না এবং তাঁর সঙ্গে যোগাযোগ আছে কি না?জবাব: এখন পর্যন্ত মোরশেদকে দেখিনি। সন্ত্রাসী হিসেবে তার নাম শুনেছি। তার সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। আমি আপনাদের কাছে ন্যায়বিচার চাই।প্রশ্ন: কোন পত্রিকার সাংবাদিক হাসপাতালে খবর নিতে এসেছিলেন? তাঁরা আগে আপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না?জবাব: ৫ এপ্রিল দুজন সাংবাদিক ও একজন ক্যামেরাম্যান পঙ্গু হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেওয়ার পথে লিমন ও আমার সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলেন। ওই সাংবাদিকদের নাম জানি না।প্রশ্ন: কোন পত্রিকায় প্রথম খবর ছাপা হয়েছিল? জবাব: প্রথম আলো পত্রিকায়।প্রশ্ন: সাংবাদিক, কোনো সংস্থা বা কারও শিখিয়ে দেওয়া কথা তদন্ত কমিটির কাছে বলেছেন কি না?জবাব: কারও শেখানো কথা আমরা তদন্ত কমিটির কাছে বলিনি। যা ঘটেছে তা-ই বলেছি।প্রশ্ন: ব্যাংকে হিসাব খুলতে কোনো পত্রিকা বা সংস্থা সাহায্য করেছে কি না?জবাব: আমরা নিজ উদ্যোগে ঝালকাঠির সোনালী ব্যাংক ও ঢাকার ডাচ্-বাংলা ব্যাংকে হিসাব খুুলি।প্রশ্ন: লিমনের চিকিৎসায় কারা আর্থিক সহযোগিতা করছেন?জবাব: ঝালকাঠি-১ আসনের সরকারি দলের সাংসদ বজলুল হক হারুনসহ বিভিন্ন ব্যক্তি।