‘বুঝতে পারিনি, ৯১ হয়ে গেছে!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের প্রথম সেঞ্চুরির সুযোগটা পেয়েও হারালেন। বরিশালে জাতীয় লিগের ম্যাচে মাত্র ৯ রানের আক্ষেপ নিয়ে ফিরে এলেন ড্রেসিংরুমে। কিন্তু হঠাৎই ব্যাটসম্যান হয়ে ওঠা সৈয়দ রাসেল পুড়ছেন না সেঞ্চুরি হাতছাড়া করার হতাশায়। ৯১ করেই তিনি অনেক খুশি হঠাৎ দেখি ব্যাটসম্যান হয়ে গেলেন, সেঞ্চুরিই তো করে ফেলেছিলেন প্রায়। ঘটনা কী?সৈয়দ রাসেল: (হাসি) পুরোনো বলে যেটা মেরেছি, সেটাই লেগেছে। চারটা ছক্কা মেরেছি, এর মধ্যে মোশাররফ রুবেলকেও মেরেছি। তবে নতুন বলে একটু সমস্যা হচ্ছিল। উইকেটে বাউন্স আছে, বল সুইং করছে, আমাদের তো এ রকম উইকেটে খেলার অভ্যাস নেই। রান করে ভালো লাগছে। দলের জন্যও এ রকম একটা ইনিংস দরকার ছিল। সেঞ্চুরি মিস করার হতাশা নেই?রাসেল: আমি তো আসলে বুঝতেই পারিনি, ৯১ রান হয়ে গেছে! স্কোরবোর্ডে ব্যাটসম্যানদের রান আলাদা করে দেওয়া হয় না। ড্রেসিংরুম থেকে ৭০ হওয়ার পর বোধ হয় একবার বলেছিল। আউট হয়ে এসে দেখি ৯১! যখন শুনলেন, তখন কেমন লাগল?রাসেল: এই অভিজ্ঞতা একেবারেই নতুন আমার জন্য। কখনো তো এত রান করিনি! এর আগে সর্বোচ্চ ৫৪ রান করেছিলাম প্রথম শ্রেণীর ক্রিকেটে। সেঞ্চুরি হলে তো ভালোই হতো, তবে ৯১ রান করেই আমি খুব খুশি। হঠাৎ এত ভালো ব্যাটসম্যান হয়ে গেলেন কীভাবে?রাসেল: জাতীয় লিগে তো এর আগেও আমি নিয়মিত ৩০-৪০ করে করতাম। তবে এবার ব্যাটিং প্র্যাকটিসটা ভালো হয়েছে। পায়ের ইনজুরিতে পড়ার পর বেশ কিছুদিন বল করতে পারিনি। তখন ইনডোরের নেটে নিয়মিত ব্যাটিং করতাম। সেটারই সুফল পাচ্ছি বোধ হয়। বোলিং কেমন হচ্ছে? ওটাই তো আসল কাজ আপনার...রাসেল: খেললামই তো মাত্র দুইটা ম্যাচ। এই ম্যাচের প্রথম ইনিংসে ভালো বল করেছি। নির্বাচক সুমন ভাই (হাবিবুল বাশার) মাঠে ছিলেন। কিন্তু আমার ভাগ্য খারাপ। দুইটা উইকেট পেলেও আমার বলে তিনটা ক্যাচ পড়েছে। সুমন ভাইয়ের সামনে ৫ উইকেট পেলে ব্যাপারটা অন্য রকম হতো। ৫ উইকেট আর ৯১ রান মিলে নির্বাচকদের একটা চাপ দেওয়া যেত। খুলনার খেলোয়াড় হয়েও এবার আপনি বরিশালের হয়ে খেলছেন। অভিজ্ঞতাটা কেমন?রাসেল: খুলনার সবাইকে খুব মিস করছি। খুলনা দলে অনেক মজা করতাম আমরা। এটার জন্য কষ্ট হচ্ছে। তবে বরিশাল দলে আমাকে দায়িত্ব নিয়ে খেলতে হচ্ছে, এটাও ভালো। আমি তো এখানে বাইরের খেলোয়াড়, মানে বিদেশি খেলোয়াড়ের মতো আর কি। বিদেশি খেলোয়াড়দের কাছে তো প্রত্যাশা বেশি থাকে। সবাই তাকিয়ে থাকে আমার দিকে। ৯১ করলেন। কিন্তু সার্বিকভাবে তো এবার জাতীয় লিগে রান কম হচ্ছে। কেন?রাসেল: আগে আমাদের উইকেটে স্পিন ছাড়া কিছু হতো না। এখন পেসাররাও ভালো সাহায্য পাচ্ছে। উইকেটে আর্দ্রতাও আছে। তবে এমন নয় যে, রান করা অসম্ভব। জোর করে মারতে না চেয়ে উইকেটে অপেক্ষা করলে রান আসে। ব্যাটসম্যানরা মনে হয় ওই অপেক্ষাটুকু করতে রাজি নয়। জাতীয় দলকে মিস করছেন?রাসেল: হ্যাঁ। একটু আগে মাশরাফি কক্সবাজার থেকে ফোন করেছিল। ও আর রাজ্জাক নাকি ওখানে কী একটা মেলায় গিয়েও ভেতরে ঢোকেনি। বাইরে থেকে ঘুরে এসেছে। জানতে চাইলাম, কেন ঢোকেনি। মাশরাফি বলল, ‘তুই নেই...তাই আর ঢুকলাম না।’ আপনার ৯১ রানের কথা শুনে কী বলল?রাসেল: বলে, এটা কীভাবে সম্ভব হলো! আম্পায়ারকে কত টাকা ঘুষ দিয়েছি? ও পাগল তো, তাই...। আমি বলেছি, সুমন ভাইকে জিজ্ঞেস কর, কীভাবে সম্ভব হলো।