‘বুড়িগঙ্গা ও অন্যান্য নদীর আলকাতরা সদৃশ পানি বাংলাদেশ সভ্যতার উদাহরণ’
ঢাকা মহানগরের চতুষ্পার্শ্বে চারটি নদী। যথা: বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা। প্রতিটি নদীরই সাধারণ পানিপ্রবাহ আশঙ্কাজনক পরিমাণে হ্রাস পাইয়াছে। বিশেষ করিয়া বুড়িগঙ্গা, বালু ও তুরাগ নদ ইহার পূর্বতন অবস্থা হইতে বর্তমানে অতিশয় শীর্ণকায় অবস্থায় পতিত হইয়াছে। দখল ও দূষণ ছাড়াও এর অন্যতম প্রধান কারণ হইতেছে নদীগুলোর উৎসসমূহ রক্ষা না করা। খ) সংশ্লিষ্ট সবগুলি নদী যথেষ্ট পরিমাণে ভরাট (silted) হইয়া গিয়াছে। গ) তদুপরি প্রতিটি নদীর অভ্যন্তরে অবৈধ দখলদারগণ বিভিন্ন প্রকারে নদী দখল করতঃ ভরাট কাঁচা-পাকা স্থাপনা, ভবনাদি নির্মাণ, আবাসন প্রকল্প, বালু ও ইটের ব্যবসা সমানে করিতেছে। ঘ) নদীগুলির সীমানা কোনো কর্তৃপক্ষ সঠিকভাবে বলিতে পারেন না। তবে তাহারা সকলেই স্বীকার করিয়া লইয়াছেন যে, সিএস ম্যাপ ও খতিয়ানে মূল নদীর পরিমাপ ও সীমানা দেখানো আছে।বাংলাদেশের প্রেক্ষাপটে নদী ও নদীগুলির অবস্থান বিশেষ বিবেচনায় আনিতে হইবে। কারণ, বাংলাদেশের প্রতিটি নদী ইহার গতিপথ বিভিন্ন সময়ে পরিবর্তন করিয়া থাকে। বাংলাদেশের নদীগুলির ইহাই একটি বিশেষ বৈশিষ্ট্য। কাজেই অত্র রিট মোকদ্দমাটিতে উত্থাপিত সমস্যা সমাধানে সর্বপ্রথম আমাদের নদীগুলির সীমানা নির্ধারণ করা প্রয়োজন। নদীর সীমানা নির্ধারণ করিতে কোন পদ্ধতি আইনসম্মত হইবে, সে সম্পর্কেও সিদ্ধান্ত লইতে হইবে।উল্লেখ্য যে, বিভাগ-পূর্ব সমগ্র বৃহত্তর বঙ্গদেশে বিংশ শতাব্দীর প্রথম ভাগে Cadastral Survey অনুষ্ঠিত হয় এবং উক্ত জরিপের ভিত্তিতে ম্যাপ ও খতিয়ান প্রস্তুত হয়। উক্ত সিএস ম্যাপ ও খতিয়ান এখনো সর্বাপেক্ষা নির্ভরযোগ্য। আইনের দৃষ্টিতেও এই সিএস ম্যাপ এবং সিএস খতিয়ানের একটি Presumptive value রহিয়াছে। এই কারণে সিএস ম্যাপকেই আমরা নদীর সীমানা নির্ধারণের প্রাথমিক মাপকাঠি হিসাবে ধরিয়া লইতে পারি। অতএব, নদী বলিতে সিএস ম্যাপে যে স্থানে নদী প্রদর্শন করা হইয়াছে, সেই স্থানটিকেই নদী বলিয়া আপাত স্বীকৃতি প্রদান করিতে হইবে।৪-১১-১৯৭২ তারিখের পূর্বে আইনগতভাবে মূল মালিক নদীর পয়স্তি অংশের দখল বুঝিয়া লইতে পারিত, কিন্তু উক্ত তারিখের পরে মূল মালিক উক্ত অংশ আর ফিরিয়া পাইবেন না, উহা সরকারি খাস খতিয়ানভুক্ত হইবে।তাহা ছাড়া, নদীর তীরভূমির সহিত যদি চর পড়ে, তাহা হইলে মূল আইন অনুসারে নদীতীরস্থ জমির মালিক উক্ত চরের মালিকানা পাইতে পারেন। কিন্তু এই অধিকারও ২৮-৬-১৯৭২ তারিখের পূর্বে আইনগতভাবে নিশ্চিত করিতে হইবে, অন্যথায় উক্ত তারিখ হইতে ঐ বৃদ্ধিপ্রাপ্ত চর জমি খাস খতিয়ানভুক্ত হইবে।নদীতীরভূমিস্থ জমি নদীভাঙনে বিলুপ্ত বা সিকস্তি (Diluvion) হইলে নদীর ওই বর্ধিতাংশের মালিকানা সরকারের ওপরই বর্তাইবে। কিন্তু ২০ বৎসরের মধ্যে উহা পয়স্তি হইলে উক্ত জমির মূল মালিক তাহা ফেরত পাইবে। কিন্তু ৪-১১-১৯৭২ (P. O. ১৩৫/১৯৭২) তারিখ হইতে আইন পরিবর্তন হয় এবং মূল জমির মালিক সিকস্তিকৃত জমির মালিকানা হারাইবেন এবং পয়স্তি হইলে তাহা সরকারেই বর্তাইবে। তবে উক্ত জমি পয়স্তি হইলে, মূল মালিক অগ্রাধিকার ভিত্তিতে লিজ পাইবেন।১৯৯৪ সালের ১৫ নম্বর আইনে এই অবস্থান পুনরায় পরিবর্তন করা হয়। পরবর্তী প্রশ্ন উঠিতে পারে যে, নদী ইহার গতিপথ পরিবর্তন করিলে আইনগত অবস্থান কী হইবে। পূর্বেই উল্লেখ করা হইয়াছে যে, বাংলাদেশের নদীর গতিপথ অহরহ পরিবর্তন হইয়া থাকে। এ ক্ষেত্রে আইনগত অবস্থান হইতেছে যে, সিএস ম্যাপে প্রদর্শিত স্থান হইতে নদী যদি গতিপথ পরিবর্তন করিয়া থাকে এবং এইরূপ গতি পরিবর্তনের ফলে সিএস ম্যাপ অন্তর্ভুক্ত নদীর এক পার্শ্বে যদি চর জাগিয়া ওঠে, সেই চর এলাকাটিও সরকারের মালিকানাধীন থাকিবে। দিক পরিবর্তনকালে যদি নদীর অপর পার্শ্বের এলাকা বর্ধিত/প্রসারিত হয় অর্থাৎ নদীর অন্য পাড়ে ভাঙনের ফলে যদি নদীর এলাকা বর্ধিত হয়, তাহা হইলে ওই সিকস্তি Diluvion এলাকাটিও সরকারের মালিকানাধীন থাকিবে। এ ক্ষেত্রে নদীর সীমানা নির্ধারণ করিতে নদীর বর্ধিত অংশেও নদীর Foreshore-সহ তীরভূমি পর্যন্ত সীমানা বর্ধিত হইয়া যাইবে। এমতাবস্থায় সিএস ম্যাপে প্রদর্শিত নদী হইতে ইহার এলাকা বৃদ্ধি পাইবে। ইহার আইনগত অবস্থান হইল এই যে, ভাঙনের ফলে নদীর বর্ধিত স্থানের সঙ্গে Foreshore-সহ বর্ধিত তীরভূমি পর্যন্ত এলাকাসহ সম্পূর্ণ জায়গাটিই সরকারের মালিকানাধীন থাকিবে।যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইনানুগভাবে বিলি-বন্দোবস্তকরণ ব্যতিরেকেই কেহ দখলদার থাকেন, তাহা হইলে সরকার তাহাকে উচ্ছেদ করিবার জন্য যথাযথ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করত উক্ত ভূমির দখল অবিলম্বে পুনরুদ্ধার করিবেন।উপরোক্ত আইনগত অবস্থানের সহিত বাংলাদেশ-উত্তর প্রস্তুতকৃত আরএস খতিয়ান ও ম্যাপের সহিত মিল রাখিয়া নদী জরিপের পরবর্তী পদক্ষেপ লইতে হইবে।দুইভাবে জরিপকাজ সম্পন্ন করিতে হইবে। প্রথমত, সিএস ম্যাপ অনুসারে জরিপ। দ্বিতীয়ত, আরএস ম্যাপ অনুসারে জরিপ। তৎপর, আইনানুগভাবে প্রদত্ত বিলি-বন্দোবস্তসাপেক্ষে অবশিষ্ট সকল ভূমি সুচিহ্নিতকরণপূর্বক ৩০-১১-২০১০ তারিখের মধ্যে সরকারি পিলার স্থাপন করিতে হইবে এবং উক্ত ভূমি সরকারের নিরঙ্কুশ দখল ও নিয়ন্ত্রণে আনিতে হইবে।ইহা বলার অপেক্ষা রাখে না যে, নদী দখলমুক্তকরণ অতিশয় জরুরি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ বহু পূর্বেই গ্রহণ করা উচিত ছিল। বর্তমানে জাতীয় স্বার্থে সংশ্লিষ্ট সকলকেই ত্বরিত পদক্ষেপ গ্রহণ করিতে হইবে। অন্যথায় চারটি নদীর অপমৃত্যু রোধ করা যাইবে না। সেই সঙ্গে অপমৃত্যু ঘটিবে ঢাকা মহানগরের, বিরান হইবে এই জনপদের। অতএব, অবহেলার কোনো সুযোগ নাই।এখানে উল্লেখ্য যে বর্তমানে চারটি জেলায় সংশ্লিষ্ট নদীগুলির অভ্যন্তরে অবৈধ দখলদার কর্তৃক নির্মিত ও নির্মাণাধীন সকল স্থাপনা অপসারণের যে কার্যক্রম চলিতেছে, তাহা অব্যাহতভাবে চলিতে থাকিবে। আরও উল্লেখ্য যে, নদীর অভ্যন্তরে অবৈধ স্থাপনা অপসারণের ব্যাপারে কোনোরূপ ব্যতিক্রম চলিবে না। অবৈধ স্থাপনা তাহা যাহারই হউক না কেন এবং তিনি যত বড় শক্তিশালীই হউন না কেন বা তিনি যে গোষ্ঠীরই হউন না কেন, বৈষম্যহীন এবং ব্যতিক্রম ছাড়া তাহা অপসারণ করিতে হইবে।বিজ্ঞ অ্যাডভোকেটবৃন্দগণের বক্তব্য, আদালতে উপস্থাপিত সংবাদপত্রসমূহে প্রকাশিত সচিত্র প্রতিবেদনদৃষ্টে প্রতীয়মান হইতেছে যে, সংশ্লিষ্ট নদীসমূহের পানি, প্রাণিকূল, উদ্ভিদসহ তীরভূমিতে বসবাসকারী নাগরিক গোষ্ঠী ভয়াবহ পরিবেশ দূষণগ্রস্ত অবস্থায় দুঃসহ জীবন যাপন করিতেছে। তাহাদের স্বাস্থ্য ও জীবন মারাত্মক সংকটাপন্ন অবস্থায় রহিয়াছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫ ধারা অনুসারে ওপরে বর্ণিত ৪ (চার)টি নদী ও সংলগ্ন এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করিবার সকল উপাদান বিদ্যমান রহিয়াছে।তাহা ছাড়া, নদীর পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন এবং সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কে উপরোক্ত আইনের ১৩ ধারা অনুসারে নির্দেশিকা প্রণয়ন ও বাংলাদেশ গেজেটে সরকারি প্রজ্ঞাপন হিসাবে জারি করাও অবশ্যকর্তব্য।ইহা বলার আর অপেক্ষা রাখে না যে যথাযথ পদক্ষেপ ত্বরিত গ্রহণ করিতে ব্যর্থ হইলে এক ভয়াবহ ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করিতেছে। অতএব, আগামী পাঁচ বৎসরের মধ্যে যমুনা নদী হইতে ধলেশ্বরীর উৎসমুখ, তৎপর ধলেশ্বরী নদী হইতে বুড়িগঙ্গার উৎসমুখ এবং পুরাতন ব্রহ্মপুত্র নদী হইতে বংশী নদীর উৎসমুখ যথাবিহিতভাবে খনন করতঃ নাব্যতা বৃদ্ধি করিয়া নদীগুলিতে পানি সরবরাহ বৃদ্ধি করিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবার জন্য সরকারের প্রতি আহ্বান জানান হইল। অন্যথায় এই সমগ্র এলাকা এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হইবে। আরও প্রতীয়মান হয় যে, বাংলাদেশের প্রতিটি নদী পলিযুক্ত হইয়া গিয়াছে। ইহাতে বাংলাদেশের প্রতিটি নদীই অস্তিত্ব সংকটে পতিত হইয়াছে।এমতাবস্থায় আমরা নিম্নলিখিত তিনটি পদক্ষেপ গ্রহণ করিবার জন্য সরকারের প্রতি আহ্বান জানাইব:ক) বাংলাদেশের সকল নদী দখল ও দূষণমুক্তকরণ, নদীগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ, উন্নতি সাধন ও নৌপরিবহন যোগ্য হিসাবে গড়িয়া তুলিবার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সহযোগে একটি ‘জাতীয় নদী রক্ষা কমিশন’ গঠন;খ) উক্ত নদী রক্ষা কমিশনের সুপারিশ অনুসারে বাংলাদেশের সকল নদীর উন্নতি সাধনের জন্য একটি স্বল্পকালীন (short term) এবং দীর্ঘকালীন (long term) পরিকল্পনা গ্রহণ;গ) বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীগুলির নাব্যতা আগামী ৫ (পাঁচ) বৎসরের মধ্যে ফিরাইয়া আনিবার জন্য প্রয়োজনীয় এবং কার্যকর ত্বরিত পদক্ষেপ গ্রহণ।এ প্রসঙ্গে উল্লেখ্য যে, পৃথিবীর প্রধান ও সুন্দর মহানগরগুলি নদীপার্শ্বে অবস্থিত। যেমন, লন্ডন শহর টেমস নদী, নিউইয়র্ক শহর হাডসন নদী, প্যারিস শহর সিন নদীর পার্শ্বে অবস্থিত। দানিউব নদীর পার্শ্বে তিন তিনটি রাজধানী অবস্থিত। উক্ত নয়নাভিরাম নদীগুলি ও ইহার স্ফটিকসদৃশ পানি রক্ষণার্থে সেইসব দেশের জনগণ ও সরকার সদা সচেষ্ট। ঢাকা মহানগরের চতুষ্পার্শ্বে একটি নয়, সাতটি নদী অবস্থিত। কয়েক বৎসর পূর্বেও এইগুলিও স্রোতস্বিনী প্রবহমান নদীই ছিল, কিন্তু এখন এইগুলিকে আর নদী বলা যায় না। উপরে বর্ণিত টেমস ও অন্যান্য নয়নাভিরাম নদীগুলি ইহার পার্শ্বে অবস্থিত দেশ ও জাতিগুলির সভ্যতার উৎকর্ষতার নিদর্শনও বটে। ইহার বিপরীতে বুড়িগঙ্গা ও অন্যান্য নদীর আলকাতরাসদৃশ পানি বাংলাদেশ সভ্যতার উদাহরণ।ঈষৎ সংক্ষেপিত। রায়টি সাধু ভাষায় লেখা। অপরিবর্তিত রাখা হলো।