‘বৃদ্ধ বয়সে পেনশন নেওয়াও যন্ত্রণা!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জানুয়ারি সকাল ১০টা। নড়াইলের লোহাগড়া উপজেলা হিসাবরক্ষণ অফিসের ভেতরে ও বাইরে দাঁড়িয়ে আছেন কয়েক শ বৃদ্ধ। তাঁরা পেনশন (অবসর ভাতা) নিতে এসেছেন। অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জহুরুল আলম (৭৫) এসেছেন উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রাম থেকে। ভিড় ঠেলে পেনশনের বই জমা দেওয়ার চেষ্টা করছেন। এ সময় তিনি বলেন, ‘এ ভিড়ির মধ্যি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়ায় থাকতি হয়। এ বৃদ্ধ বয়সে পেনশন নেওয়া যেন এক যন্ত্রণা!’অবসরপ্রাপ্ত শিক্ষক চাচই-ধানাইড় গ্রামের মো. নূরুল ইসলাম (৬৯) জানান, মাসের ৬ থেকে ১৫ তারিখের মধ্যে পেনশন তুলতে হয়। প্রত্যেকে বইয়ে লেখা নির্ধারিত তারিখে আসেন। এ সময় অফিসে ও ব্যাংকে খুব ভিড় হয়। শারীরিক দুর্বলতায় পেনশনভোগীরা দাঁড়িয়ে থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন।দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের খাদিজা বেগম (৬০) মৃত স্বামীর পেনশনভোগী। তিনি জানান, পেনশন নিতে প্রতি মাসেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়। অথচ কোনো বসার ব্যবস্থা নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী চরকালনা গ্রামের শাহাদত হোসেন (৭১) বলেন, ‘দুপুরে খেতে যেতে পারি না, কখন ডাক পড়ে এই ভয়ে।’ উপস্থিত পেনশনভোগীরা এ দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে নিজ নিজ এলাকার ব্যাংক থেকে টাকা তোলার ব্যবস্থা করার দাবি জানান।উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় পেনশনভোগীর সংখ্যা এক হাজার ৪৪ জন। তাঁদের প্রতি মাসে হিসাবরক্ষণ অফিসে পেনশন বই ঠিক করে সোনালী ব্যাংক, লক্ষ্মীপাশা শাখা (ট্রেজারি শাখা) থেকে টাকা তুলতে করতে হয়। সোনালী ব্যাংকের লক্ষ্মীপাশা শাখার ব্যবস্থাপক এ বি এম সানাউল্লাহ বলেন, ‘এ শাখা থেকে পেনশন ছাড়াও বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বেতনসহ নানা ধরনের লেনদেন করতে হয়। তাই ব্যাংকের কর্মীদের হয় গলদঘর্ম অবস্থা। পেনশনভোগীদেরও পোহাতে হয় দুর্ভোগ।’উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘পেনশনভোগীদের দুর্ভোগ লাঘব করতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বিভিন্ন ব্যাংকের ওপর পেনশন প্রদানের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। কিন্তু এ বৃদ্ধদের ঝামেলা কেউ নিতে চায় না। আমাদেরও জনবল কম, তাই তাঁদের এই দুর্ভোগ। ৬ থেকে ১৫ তারিখের নির্দিষ্ট সময়ের মধ্যে পেনশন না দিয়ে সব সময় দেওয়া হলে অন্য কাজগুলো করা কঠিন হয়ে যায়।’লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, ‘যার যার এলাকার ব্যাংক থেকে পেনশন দেওয়ার বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’