‘বৃষ্টির মধ্যেও কিছু থেমে নেই’
মিরপুর-বিকেএসপি-মিরপুর হয়ে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প এখন কক্সবাজারে। বিচ রানিং থেকে শুরু করে সার্কিট হাউসের পাহাড়ে দৌড়ে ওঠা—বৃষ্টির মধ্যেও থেমে নেই কিছুই। কক্সবাজারে কন্ডিশনিং ক্যাম্পের অভিজ্ঞতা জানাচ্ছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক কক্সবাজারে কেমন চলছে কন্ডিশনিং ক্যাম্প?আবদুর রাজ্জাক: (হাসি) কন্ডিশনিং ক্যাম্পে কী হয়, সেটা তো জানেনই। তার পরও সবাই উপভোগ করছে—এটাই সবচেয়ে বড় কথা। আর কক্সবাজারে আসায় ক্যাম্পটা একঘেয়ে হয়ে যাচ্ছে না। শুধু মিরপুরেই সবকিছু হলে বিরক্তি এসে যেত হয়তো। ক্যাম্পের বাইরে ঘোরাফেরার সুযোগ কি পাচ্ছেন?রাজ্জাক: আসলে আমাদের রানিংটা তো বিচেই হয়। সেটার জন্য তো যাই-ই। আর এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর। সে জন্য আলাদা করে আর ঘোরা হয় না। এই কয় দিনে ওখানে ব্যতিক্রম কী কী করলেন?রাজ্জাক: হিল রানিং করেছি সার্কিট হাউসের পাহাড়ে। ১০০ মিটারের মতো দৌড়ে ১৫ বার ওঠা-নামা। বালুর বস্তা দিয়ে ওয়েট ট্রেনিংয়ের মতো হয়েছে। আর রানিংটা হচ্ছে বিচে। এ ধরনের রানিং সাধারণত আমাদের হয় না। প্রথম দিন এসে আট কিলোমিটার রানিং করেছি। চার কিলোমিটার গিয়ে ৫-১০ মিনিট বিশ্রাম, তার পরও আবার চার কিলোমিটার। আজ (গতকাল) করলাম পাঁচ কিলোমিটার। শেষ দিন তো সার্ফিং করার কথা ছিল। সেটা হবে?রাজ্জাক: কী জানি...বুঝতে পারছি না। সম্ভাবনা কম। আবহাওয়ার যে অবস্থা, মনে হয় না সার্ফিং করা যাবে। দেখা যাক, আবহাওয়া ভালো থাকলে হয়তো হতেও পারে। আবহাওয়া তো তাহলে বাধাই হয়ে দাঁড়াল ক্যাম্পে...রাজ্জাক: না, না। রানিং, পাহাড়ে ওঠা—এগুলো তো সব আমরা বৃষ্টির মধ্যেই করছি। কিছুই থেমে নেই। এত পরিশ্রম, দৌড়াদৌড়ি। খেলোয়াড়েরা সবাই সুস্থ আছেন তো?রাজ্জাক: আজ (গতকাল) শাহাদাত পায়ে ব্যথা পেয়েছে। অভ্যাস নেই বলে বালুর মধ্যে রানিং করতে গিয়ে আমিও পায়ে একটু ব্যথা পেয়েছি। এ ছাড়া শিপলু (রবিউল ইসলাম) বোধ হয় অ্যাঙ্কেলে সামান্য ব্যথা পেয়েছে। ফিটনেস ঠিক রাখতে সিনিয়র ক্রিকেটারদেরই বোধ হয় এ ধরনের ক্যাম্প বেশি কাজে লাগে। কী বলেন?রাজ্জাক: আসলে এ ধরনের ক্যাম্প সব খেলোয়াড়েরই কাজে লাগে। সিনিয়র হোক, জুনিয়র হোক—ফিট থাকা সবার জন্যই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এবারের কন্ডিশনিং ক্যাম্প আমাদের খুবই কাজে আসবে। এর আগেও দু-একবার এ রকম ক্যাম্প করেছি এবং সেসবের সুফল পেয়েছি। আপনি তো দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। ফিটনেস ধরে রাখতে কি বাড়তি কিছু করেন?রাজ্জাক: না, অন্যরা যা করছে তা-ই করি। ক্যাম্পে যা হচ্ছে যথেষ্ট। আর ক্যাম্পের বাইরেও আমাদের যে ফিটনেস ট্রেনিং হয়, সেটা ঠিকমতো অনুসরণ করলেই হয়। আপনাদের প্রতি কক্সবাজারের মানুষের আগ্রহ কেমন? ক্রিকেটারদের এত কাছ থেকে দেখার সুযোগ তো সচরাচর হয় না তাদের...রাজ্জাক: চরম (হাসি)। হোটেলে, রাস্তাঘাটে লোকজন কথা বলতে চায়। আজকে (গতকাল) তো বিচে আমাদের পেছন পেছন অনেকেই দৌড়েছে। তবে মানুষজন একটু দূরেই থাকে। আমাদের সমস্যা হয় না। তা ছাড়া নিরাপত্তারক্ষীরাও থাকে। আপনাদের নতুন কোচ হয়েছেন স্টুয়ার্ট ল, শুনেছেন নিশ্চয়ই। কোচ হিসেবে কেমন হবেন তিনি?রাজ্জাক: ওনার সম্পর্কে কোনো ধারণা নেই আসলে। জানি না।