‘বে-আন্দাজি পুল’
জকিগঞ্জের গঙ্গারজল এলাকা। গত জোট সরকারের আমলে এ এলাকার গোয়াবাড়ি হাওরের নিকটবর্তী একটি স্থানে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একটি সেতু তৈরি হয়। জকিগঞ্জের মূল সড়কটি কেটে এ সেতুটি তৈরি করা হয়। কিন্তু প্রয়োজনহীন এ সেতুটি কেন তৈরি হয়েছে তা এখানকার মানুষ আজও জানতে পারেনি। তাই তারা এটির নাম দিয়েছে ‘বে-আন্দাজি পুল’। এ সম্পর্কে এলাকার প্রবীণ ব্যক্তি শাহীন মিয়া বলেন, ‘বলা নেই, কওয়া নেই হুটহাট তৈরি করা হয় এই পুলটি। অথচ এটির প্রায় হাতদশেক কাছে খালের ওপর একটি পুল আছে। যেটি মানুষজনের কাজে আসছে। সেখানে যদি একটি বড় পুল করত তাহলে ঠিক ছিল। কিন্তু ভালো রাস্তা কেটে প্রয়োজনহীন এভাবে পুল তৈরি করার মানেটা কী? আন্দাজি পুল বানানোর কারণেই এলাকাবাসী পুলটির নাম দিয়েছে বে-আন্দাজি পুল।’জকিগঞ্জ মূল পৌর শহরের নিকটবর্তী তালগাঙে তিন হাতের ব্যবধানে তিনটি সেতু রয়েছে। পর পর তিনটি সেতু থাকায় লোকজন এটির নাম দিয়েছে ‘সিরিজ পুল’। স্থানীয় বাসিন্দা জানায়, একটি সেতু দিলেই যেখানে কাজ হয়, সেখানে এক হাতের ব্যবধানে কেন তিনটি সেতু তৈরি করা হয়েছে তা বোধগম্য নয়। স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) অধীনে থাকা এ সেতুটি প্রসঙ্গে উপজেলার উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, ‘এটি ’৮৭-৮৮ সালের দিকে তৈরি করা। তাই এটির অবকাঠামো কেন এভাবে তৈরি করা হয়েছে সেটি আমরাও সঠিকভাবে বলতে পারব না।’