‘বেঁচে থাকার লড়াই’ করছেন চাভেজ: মাদুরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, প্রেসিডেন্ট হুগো চাভেজ ‘বেঁচে থাকার জন্য লড়াই করছেন’। কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে ক্যানসারের অস্ত্রোপচারের পর থেকে শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন চাভেজ। শারীরিক অবস্থা স্বাভাবিক না হওয়ায় এখনো সেখানে চিকিত্সাধীন তিনি। মাদুরো গতকাল বৃহস্পতিবার ভেনেজুয়েলার একটি টেলিভিশন চ্যানেলকে এ কথা জানান। গতকাল বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।মাদুরো বলেন, ‘আমাদের নেতা অসুস্থ। তিনি তাঁর জীবন সেসব মানুষের জন্য উত্সর্গ করেছেন, যাদের কিছুই নেই।’ তিনি বলেন, ‘চাভেজ বেঁচে থাকার জন্য ও তাঁর স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য লড়াই করছেন এবং আমরা তাঁর পাশে আছি।’ মাদুরো আরও বলেন, ‘জনতার জন্য মনপ্রাণ বিসর্জন দেওয়ায় স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেননি তিনি।’ গত ডিসেম্বরে চতুর্থ দফা ক্যানসারের অস্ত্রোপচারের জন্য কিউবায় যান প্রেসিডেন্ট হুগো চাভেজ। এর পর থেকে অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন তিনি। সম্প্রতি দুই কন্যাসহ হাসপাতালে চিকিত্সাধীন চাভেজের ছবি প্রকাশ করে ভেনেজুয়েলা সরকার। এ ছাড়া, ফেব্রুয়ারির মাঝামাঝিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মাধ্যমে তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতা বজায় রাখার জন্য কিউবার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।