‘বেইলী রোড’ এখন কুমিল্লায়
মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ চলচ্চিত্রটি ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে কুমিল্লা টাউন হল মিলনায়তনে।স্বপ্নভঙ্গের এক করুণ কাহিনির চলচ্চিত্র ‘বেইলী রোড’। শুভ, আঁচল ও মনজিল—এই তিন চরিত্রের জীবনসংগ্রাম, প্রেম ও অপ্রেমের গল্প উঠে এসেছে এ ছবিতে।ছবিটির পরিচালক মাসুদ কায়নাত বলেন, একটি স্বাধীন সার্বভৌম দেশের সাংস্কৃতিক পরিচয় তার ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক। চলচ্চিত্র হচ্ছে সেই সাংস্কৃতিক স্তম্ভের সর্বোচ্চ মাত্রা। চলচ্চিত্র ধ্বংস হয়ে গেলে সেটা হবে আমাদের সাংস্কৃতিক বলয়ের ওপর চূড়ান্ত আঘাত। তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হবে।কুমিল্লায় ‘বেইলী রোড’ চলচ্চিত্রটির প্রদর্শনী প্রসঙ্গে কায়নাত বলেন, ‘ঐতিহ্যবাহী সংস্কৃতিকে সমুন্নত রাখতে আমাদের এই আয়োজন।’ছবিটিতে অভিনয় করেছেন নিলয়, আঁচল, চন্দন চৌধুরী, লুত্ফর রহমান জর্জ, কাজী হায়াতসহ আরও অনেকে। ‘বেইলী রোড’ চলচ্চিত্রের তিন দিনব্যাপী প্রদর্শনীর এই উদ্যোগকে উত্সাহিত করতে পাশে দাঁড়িয়েছে ফেয়ার অ্যান্ড লাভলী।উল্লেখ্য, গত বছরের অক্টোবরে বেইলী রোড ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।