‘বেকার’ ও ‘পরিবারের ওপর নির্ভরশীল’ ব্যক্তিও প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে পেশায় ‘বেকার’ ও ‘পরিবারের ওপর নির্ভরশীল’ ব্যক্তিও রয়েছেন। নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। হলফনামা ঘেঁটে দেখা গেছে, মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যাই বেশি। মোট ১৯০ জন প্রার্থীর মধ্যে ১১০ জনই ব্যবসায়ী। তাঁদের মধ্যে বিভিন্ন কোম্পানির পরিচালক, আবাসন, স্বর্ণ, বৈদ্যুতিকসামগ্রী ও কমিশন ব্যবসা থেকে শুরু করে জমি কেনা-বেচা এবং ফুটপাতের ভ্রাম্যমাণ হকারও রয়েছেন।সদ্য বিদায়ী মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান হলফনামায় নিজেকে ‘বালু-পাথর সরবরাহকারী’ হিসেবে উল্লেখ করেছেন। এ ছাড়া মেয়র পদপ্রার্থী বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী, নগর বিএনপির সহসভাপতি নাছিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম জালালী নিজেদের ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। অপর দুই মেয়র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মো. সামসুজ্জামান এবং মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের পেশা হিসেবে উল্লেখ করেছেন আইনজীবী।১৪৮ জন সাধারণ কাউন্সিলর (পুরুষ) প্রার্থীর মধ্যে ১০৪ জনই ব্যবসায়ী। এর পরে রয়েছে ঠিকাদার পেশার আধিক্য। নয়জন ঠিকাদার এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। এ ছাড়া পাঁচজন বেসরকারি চাকরিজীবী, চারজন আইনজীবী, দুজন আইনজীবীর সহকারী (মহুরি), দুজন সাংবাদিক এবং একজন করে রয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক, গৃহশিক্ষক, মৎ স্য-কৃষিজীবী ও ‘বাসস্ট্যান্ডের সুপারভাইজার’।১০ নম্বর ওয়ার্ডের মো. সেলিম আহমদ, ১৪ নম্বর ওয়ার্ডের মো. আবদুল মুমিন আলম এবং ২৬ নম্বর ওয়ার্ডের মো. বদরুল আলম হলফনামায় নিজেদের পেশাগত পরিচয় লিখেছেন ‘বেকার’। ৩ নম্বর ওয়ার্ডের রাজিব কুমার দে ‘পরিবারের ওপর নির্ভরশীল’ বলে উল্লেখ করেছেন। একইভাবে ১১ নম্বর ওয়ার্ডের শহিদ খান ‘পৈতৃক সম্পত্তি ও পরিবার দেখাশোনা’ করছেন।যোগাযোগ করলে বদরুল আলম জানান, তিনি বেকার বলেই প্রার্থী হয়েছেন। আর পরিবার দেখাশোনার পেশায় থাকা শহিদ খান বলেন ‘কোনো কিছু লুকোছাপা না করে যা সত্য, তাই উল্লেখ করেছি।’সংরক্ষিত নয়টি নারী আসনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে গৃহিণীদের আধিক্য বেশি। মনোনয়নপত্র দাখিলকারী ৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ২৫ জনই গৃহিণী।