‘বেটি বি’র নাম জানাতে অমিতাভের ‘না’
বচ্চন পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য ‘বেটি বি’র নাম এখনো রহস্যাবৃতই রয়ে গেল। সম্প্রতি অমিতাভ বচ্চন তাঁর নাতনির নাম প্রকাশে অপারগতা জানিয়েছেন।গত বছরের ১৬ নভেম্বর জন্মের পর থেকে বেশ কয়েকবারই বেটি বির নাম নিয়ে গুজব ছড়িয়েছে। আলিয়া, অভিলাষার পর সর্বশেষ প্রকাশিত খবরে বলা হয়, বেটি বির নাম নিবন্ধন করা হয়েছে আরাধ্য বচ্চন নামে। সবাই ধরেই নিয়েছিলেন সত্যি সত্যিই বুঝি অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ের নাম রাখা হয়েছে আরাধ্য। অবশ্য বচ্চন পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে মেনে নেওয়া হয়নি আবার অস্বীকারও করা হয়নি।অমিতাভ তাঁর ব্লগ কিংবা টুইটার বার্তার মাধ্যমে নিজের এবং পরিবারের সদস্যদের খবরাখবর নিয়মিত প্রকাশ করলেও, ‘বেটি বি’ সম্পর্কে অদ্ভুত নীরবতা পালন করছেন। সম্প্রতি মুম্বাইয়ে মিডিয়ার সামনে এলে বেটি বিকে নিয়ে নানা প্রশ্ন তাঁর দিকে ছুুড়ে দেন সংবাদকর্মীরা। জবাবে বিগ বি বলেন, ‘এই প্রসঙ্গে এখন নয়, পরে কোনো এক সময়ে কথা হবে।’এদিকে বেটি বিকে নিয়ে বচ্চন পরিবারের এই রহস্যজনক নীরবতার কারণ সম্পর্কে অনেকেই অনেক কিছু বলছেন। কারও কারও মতে, আসলে অপরাহ উইনফ্রের শোতেই প্রকাশ করা হবে বেটি বির নাম। কিছুদিন আগে বচ্চনদের বাসভবনে মার্কিন টিভিব্যক্তিত্ব অপরাহ উইনফ্রের আগমনের পর থেকেই এমন খবর চাউর হয়েছে।