‘বেশি বেশি ম্যাচ খেলতে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার স্পিন কোচ ছিলেন, ছিলেন শ্রীলঙ্কা মহিলা দলের বোলিং কোচও। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের মেয়েদের নিয়েও আশাবাদী মহিলা দলের নতুন শ্রীলঙ্কান কোচ ওসাদি বীরাসিঙ্গে। বাংলাদেশের মেয়েদের মধ্যেও দেখছেন এমন খেলোয়াড়, যাঁরা সুযোগ পেতে পারেন বিশ্বের যেকোনো দলেই কেমন লাগছে এখানে কাজ করে?ওসাদি বীরাসিঙ্গে: তিন দিন হলো এসেছি। সুযোগ-সুবিধা, মাঠ, খেলোয়াড়দের প্রতিভা—সবই ভালো লাগছে। এখন পর্যন্ত সবই ভালো বলতে পারেন। বাংলাদেশের মহিলা ক্রিকেট সম্পর্কে কোনো পূর্ব ধারণা ছিল?বীরাসিঙ্গে: না, ছিল না। তবে গত পাঁচ বছর আমি শ্রীলঙ্কার পুরুষ ও মহিলা জাতীয় দলের স্পিন কোচ ছিলাম। শ্রীলঙ্কা মহিলা দলের কাছ থেকে এখানকার মহিলা ক্রিকেট সম্পর্কে কিছু খোঁজখবর নিয়েছি।  এখানে এসে কেমন দেখছেন বাংলাদেশের মেয়েদের?বীরাসিঙ্গে: এই তিন দিনে ওদের সামর্থ্য সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। ভারসাম্যপূর্ণ দল হয়ে ওঠার সব গুণ আছে মেয়েদের মধ্যে। সমস্যা একটাই, দলে বাঁহাতি খেলোয়াড়ের অভাব। ভালো দলে কিছু বাঁহাতি ব্যাটসম্যান, পেসার, স্পিনার লাগবেই। আপনি তো শ্রীলঙ্কার মহিলা দলেও বোলিং কোচ হিসেবে ছিলেন। শ্রীলঙ্কার মহিলা ক্রিকেটের সঙ্গে বাংলাদেশের মহিলা ক্রিকেটের তুলনা করবেন কীভাবে?বীরাসিঙ্গে: গত পাঁচ বছর শ্রীলঙ্কার পুরুষ ও মহিলা জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছি। শুধু মহিলা দলের সঙ্গে ছিলাম চার বছর। শ্রীলঙ্কা আর এখানকার সুযোগ-সুবিধা প্রায় একই রকম মনে হচ্ছে। ওখানেও শীর্ষ ২০ ক্রিকেটারকে প্রতি মাসে বেতন দেওয়া হয়। শ্রীলঙ্কা দলের মতো এই দলেও অনেক তরুণ ক্রিকেটার। তবে উন্নতির জন্য বেশি বেশি ম্যাচ খেলতে হবে, জিততে হবে। জিততে থাকলে অন্যসব সমস্যা দূর হয়ে যাবে। বাংলাদেশের কারও খেলা দৃষ্টি কেড়েছে?বীরাসিঙ্গে: সালমা খাতুন, শুকতারা, কুবরা—এদের খেলা ভালো লাগছে। বিশ্বের যেকোনো মহিলা দলে খেলার যোগ্যতা আছে তাদের। আপাতত ছয় মাসের জন্য দায়িত্ব পেয়েছেন। কী লক্ষ্য নিয়ে এগোবেন?বীরাসিঙ্গে: ছয় মাস খুব বেশি সময় নয়। তবে মেয়েদের মৌলিক সমস্যাগুলো হয়তো এই সময়ের মধ্যে খুঁজে বের করা যাবে। সেগুলো নিয়ে কাজ করব। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করব, চেষ্টা করব মেয়েরা যেন ম্যাচ জেতে। মেয়েদের ক্রিকেটে উন্নতির জন্য বিসিবির প্রতি কোনো পরামর্শ?বীরাসিঙ্গে: ছেলেদের ক্রিকেটের মতো মেয়েদের ক্রিকেটেও ‘এ’ দলের মতো একটা ব্যাকআপ দল থাকা উচিত। বয়সভিত্তিক দল থাকা উচিত, ওই পর্যায়ের ক্রিকেটে প্রতিযোগিতামূলক খেলাও হওয়া উচিত নিয়মিত। ভবিষ্যৎ ক্রিকেটার তুলে আনার জন্যই এটা প্রয়োজন। আপনার খেলোয়াড়ি জীবন সম্পর্কে কিছু বলুন... বীরাসিঙ্গে: আমি অফ স্পিন বল করতাম আর ছয় নম্বরে ব্যাট করতাম। আশির দশকের শুরুর দিকে কলম্বোর ব্লুমফিল্ড ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম বিভাগ খেলি। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছি দুটি। অস্ট্রেলিয়া ও পাকিস্তান দল শ্রীলঙ্কা সফরে এসে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের সঙ্গে। শ্রীলঙ্কার দলটার হয়ে ওই দুই ম্যাচে খেলেছি আমি।