‘বোকা বাক্স’ থেকে শিশুকে দূরে রাখুন
ঘরের সবাই যে যার কাজে ব্যস্ত। বসার ঘরের টিভিটি চলছে। দেখছে না কেউ। সত্যিই কি দেখছে না? দেখছে, কোনো একজন দেখছে। ঘরের কোণে খেলতে থাকা আপনার শিশুটি নয়তো? ওর বয়স এখনো দুই পেরোয়নি। হয়তো এভাবে প্রায় সারা দিনই ও টিভির সামনে বসে থাকে। খেলতে খেলতে ও প্রতি ২০ সেকেন্ড পর একবার করে তাকায় টিভির দিকে।চিকিত্সকেরা বলছেন, ঘরে যখন টিভি চলে, তখন মা-বাবা শিশুর সঙ্গে কম কথা বলেন। কম কথা বলার কারণে শিশুটি কথা বলতে শেখে দেরিতে। এতে তার বিকাশ বাধাগ্রস্ত হয়। এ কারণে দুই বছরের কম বয়সী শিশুদের টিভির সামনে না রাখার পরামর্শ দিয়েছেন তিনি।শুধু টিভি নয়, চিকিত্সকেরা শিশুদের সামনে কম্পিউটার, আইপ্যাড কোনোকিছুই না রাখার পরামর্শ দিয়েছেন। বেশি টিভি দেখলে শিশুদের মেধার বিকাশও কম হয় বলে মনে করেন চিকিত্সকেরা। শিশুবিষয়ক পত্রিকা ‘বাবেলস সায়েন্সের’ শিশুবিষয়ক কলামে হেদার টারজিওন বলেন, কর্মব্যস্ত জীবনে টিভিকেই সবাই অবকাশের প্রধান মাধ্যম মনে করেন। আর এই টিভির অত্যাচার থেকে বাদ যায় না শিশুটিও। তার শৈশবই বন্দী হয়ে পড়ে টিভি নামের এই ‘বোকার বাক্সে।এ প্রসঙ্গে হাফ পোস্টের ব্লগার দেভন করনাল বলেছেন, দুই বছর হওয়ার আগে তিনি শিশুকে টিভি দেখা থেকে সম্পূর্ণ দূরে রেখেছিলেন। তবে এটি করা তাঁর পক্ষে খুব কঠিন ছিল। কিন্তু চেষ্টা করলে এটা করা সম্ভব।টিভি দেখার কারণে অনেক সময় সন্তানদের সঙ্গে মা-বাবার দূরত্ব বেড়ে যায়। টিভির বিশেষ কোনো ‘শো’ বা ‘সিরিয়াল’ দেখার জন্য অনেক মা সন্তানকে অন্য কাজে ব্যস্ত রাখতে চান।আবার ব্যতিক্রমী উদাহরণও আছে। নিউইয়র্ক সিটির মৌরিন নামে এক মা নিউরোসায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি তাঁর বাসাটিকে ‘টিভিমুক্ত’ রেখেছিলেন। কিন্তু টিভির অনুপস্থিতিতেও তাঁর দুই ও তিন বছর বয়সের শিশুরা কখনো একঘেয়ে বোধ করত না। মৌরিন বলেন, এর কারণ হলো তাঁর বাসায় প্রচুর বই রয়েছে। এসব বই পড়ে পড়েই বেড়ে উঠেছে আমার সন্তানেরা। দ্য হাফিংটন পোস্ট অবলম্বনে।